গুজরাট: গোধরার দশ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুজরাটের ওপর এটা ছিল এক কলঙ্ক। ভীষণ দুঃখজনক! তবে সে অবস্থা কাটিয়ে উঠেছে এ রাজ্য। এনজিও আর প্রচারমাধ্যম ছাড়া কেউ ওই ঘটনা নিয়ে এখন আর উদ্বিগ্ন নয়। সবার কাছে ওটা এখন অতীতের একটি দুঃস্বপ্ন মাত্র।’সম্প্রতি এক বিকেলে নিজের দপ্তরে বসে আয়েশি ভঙ্গিতে বিবিসির এক সাংবাদিককে এসব কথা বলেন জয় নারায়ণ ভিয়াস। গুজরাট রাজ্য সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী তিনি।১০ বছর আগে ২০০২ সালে গুজরাটে যে ভয়াবহ হিন্দু-মুসলিম দাঙ্গা হয়, সে সম্পর্কেই বলছিলেন নারায়ণ ভিয়াস। স্বাধীনতার পর থেকে ভারতে সংঘটিত সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গার একটি ছিল এটি।রক্তক্ষয়ী সেই দাঙ্গার স্মৃতি মানুষের মন থেকে মুছে দিতে বিজেপি অবশ্য কম চেষ্টা করেনি। এ ব্যাপারে বড় দায়িত্ব পালন করেছেন রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখপাত্র নারায়ণ ভিয়াস। রাতের পর রাত তিনি টেলিভিশনের টক শোতে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারকে অভিযোগ থেকে বাঁচাতে চেষ্টা চালিয়ে গেছেন। এত দিন পর এখন বিবিসির দাঙ্গা-সম্পর্কিত প্রশ্নের জবাবেও তিক্ত অতীতকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। গুজরাটে বিজেপির উন্নয়ন তৎপরতার দিকেই বরং নজর ফেরানোর তাগিদ দেন।দাঙ্গা সম্পর্কে নারায়ণ ভিয়াস বলেন, ‘আমরা ২০০২ সালের স্মৃতি থেকে বেরিয়ে এসেছি। ওই ঘটনার গুরুত্বকে অনেক বেশি বাড়িয়ে দেখানো হয়েছে। ফুলিয়ে-ফাঁপিয়ে মাত্রা ছাড়িয়ে যাওয়া হয়েছে। আমরা এখন অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগোতে চাই।’নারায়ণ ভিয়াস বিবিসির প্রতিবেদককে গর্বের সঙ্গে জানান, গুজরাটের অগ্রগতি হচ্ছে জ্যামিতিক হারে। এখন পুরো ভারতের ৩৫ শতাংশ ওষুধ, ৬০ শতাংশ লবণ, ৯০ শতাংশ সোডা, ছয় ভাগের এক ভাগ সিমেন্ট ও এক-তৃতীয়াংশ সুতা এ রাজ্যেই উৎপাদিত হয়। এশিয়ার সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী রাজ্য এটি। এ ছাড়া বিশ্বের ১০ শতাংশ ডেনিমই গুজরাটে প্রস্তুত হয়। তাঁর মতে, এসবের জন্য রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার অবশ্যই ধন্যবাদের দাবিদার।নারায়ণ ভিয়াস রাজ্যের উন্নয়নের যতই ফিরিস্তি দেন, তাঁর বক্তব্য এ পরিসংখ্যানকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে না যে ভারতের মধ্যে গুজরাটেই সাম্প্রদায়িক দাঙ্গা-সংঘাতে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ মারা যায়। প্রতি ১০ লাখে এ সংখ্যা ১১৭। শিক্ষার হার উঁচু হলেও ধর্মীয় সহিংসতা রয়ে গেছে বহাল তবিয়তে। ১৯৬৯ সাল থেকে এ পর্যন্ত সাতটি বড় ধরনের হিন্দু-মুসলমান দাঙ্গা হয়েছে এখানে। তবে ২০০২ সালের দাঙ্গা ছাড়িয়ে গিয়েছিল ভারতের সাম্প্রতিক ইতিহাসের সব নৃশংসতাকে। ওই দাঙ্গায় সরকারি হিসাবেই এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। তাদের বেশির ভাগই ছিল মুসলমান। সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি রুপি। দুই লাখ মানুষকে বাড়িঘর ছাড়তে হয়। দাঙ্গার ১০ বছর পরও প্রায় ২৫ হাজার মানুষ ত্রাণশিবিরে দিন কাটাচ্ছে।হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে দাঙ্গার সূত্রপাত হয়েছিল। অনেকেই মনে করেন, বিজেপি সরকার মুসলমানদের রক্ষায় যথেষ্ট উদ্যোগ না নেওয়ায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এত ব্যাপক ছিল।নারায়ণ ভিয়াসের মতো বিজেপি নেতারা ২০০২ সালের স্মৃতি ঝেড়ে ফেলে অনেক এগিয়ে যাওয়ার কথা বলেন; কিন্তু দাঙ্গার শিকার সাধারণ মানুষ এত সহজে ভুলতে পারেন না। আহমেদাবাদে দরিদ্র মুসলমানদের সবচেয়ে বড় বস্তি এলাকা জোহাপুরার নুরজাহান দেওয়ান (৩৮) তাঁদের একজন। তিনি দাঙ্গার সময় তাঁর রক্ষণশীল অটোরিকশাচালক স্বামীর ভয় উপেক্ষা করে পর্দার চিন্তা শিকেয় তুলে এলাকার ত্রাণশিবিরে কাজ করেছিলেন। নুরজাহান এখনো ওসব গৃহহারা মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘কীভাবে লোকে ওই দাঙ্গার কথা ভুলে সামনে এগিয় যাবে? মানুষ কিছুই ভোলেনি। তারা শুধু ভয়ে চুপ করে আছে। আমরা ন্যায়বিচার চাই এবং এ জন্য লড়াই করে যাব।’রাষ্ট্রবিজ্ঞানী ক্রিস্টোফার জ্যাফরেলট মনে করেন, গুজরাটের ‘অকার্যকর’ বিচারব্যবস্থায় নুরজাহানের কাজটি হবে খুবই কঠিন। গুজরাটের সমাজকর্মী হর্ষ মান্দার মনে করেন, দরিদ্র মানুষের প্রতিদিনের জীবিকার জন্যই এত কঠোর লড়াই করতে হয় যে তাদের পক্ষে আর ন্যায়বিচারের জন্য লড়া সম্ভব হয় নয়। তা ছাড়া সামান্য টাকা দিলেই এসব মানুষকে আপসে রাজি করানো যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এভাবে চুপ মেরে যাওয়াকে জীবন পুনর্গঠনের খুবই অসম লড়াইয়ে ‘টিকে থাকার উপায়’ বলে আখ্যায়িত করেন হর্ষ মান্দার।যে আশার ওপর ভর করে গুজরাটের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বেঁচে থাকার প্রেরণা পায়, তা হচ্ছে এ ভঙ্গুর বিচারব্যবস্থায়ও তারা একদিন না একদিন বিচার পাবে, তা শতভাগ নিখুঁত না হলেও। স্থানীয় সমাজকর্মীরা রাজ্যের বিচারব্যবস্থার অসারতা তুলে ধরতে গিয়ে দেখিয়েছেন, দাঙ্গার কয়েক মাসের মধ্যেই দুই হাজারেরও বেশি মামলা মুখ থুবড়ে পড়ে। ঘটনার চার বছর পর ২০০৬ সালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এর মধ্যে এক হাজার ৬০০ মামলা আবার আদালতে ওঠে এবং নতুন করে তদন্ত হয়। অভিযোগ ওঠে, ৪০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ওই দাঙ্গার সঙ্গে জড়িত ছিলেন। সহিংসতার দায়ে গ্রেপ্তার হয় প্রায় ৬০০ মানুষ। দুই বছর পর সুপ্রিম কোর্ট প্রধান ছয়টি মামলা তদন্তের জন্য বিশেষ তদন্তদল নিয়োগ করেন, এমনকি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা ওঠে। তা ছাড়া বিতর্কিত ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ স্থানীয় পুলিশ বাহিনী থেকে অর্ধেকের মতো তদন্তকারী নিয়োগ হওয়ায় সমস্যা আরও জটিল হয়ে ওঠে।দাঙ্গার ১০ বছর পরও হাতেগোনা কয়েকটি মামলার বিচার হয়েছে। এর মধ্যে রয়েছে গোধরায় ট্রেনে আগুন দেওয়া ও ক্ষতিগ্রস্ত ১৫১টি শহরের মধ্যে শুধু সরদারপুরে সহিংসতার বিচার। এসব বিচারে ১১ জনকে মৃত্যুদণ্ড ও ৫১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এত দিনেও এত কমসংখ্যক মামলার রায় হওয়ায় বিচারপ্রক্রিয়াকে সমাজকর্মীরা ‘অস্বাভাবিক ধীর’ বলে আখ্যায়িত করেছেন।সবকিছুর পরও জীবন থেমে থাকে না। তাই গুজরাটের ক্ষতিগ্রস্ত মুসলমানেরাও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তারা এখন নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য সচেষ্ট হচ্ছে। আগ্রহী হয়ে উঠছে শিক্ষার প্রতি। ২০০২ সালে গুজরাটে ছিল মাত্র ২০০ মুসলিম শিক্ষা তহবিল। এখন এর সংখ্যা বেড়ে হয়েছে ৮০০। স্থানীয় মুসলমানেরা নারী-পুরুষনির্বিশেষে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠছে। গোধরার টেলিযোগাযোগ প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ (৫১) বলেন, ‘দীর্ঘদিন আমরা কুয়ার ব্যাঙ হয়ে ছিলাম। এখন আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের অধিকারসচেতন হতে হবে। অধিকার রক্ষায় এবং বিশ্বে একটি শক্ত অবস্থান তৈরি করতে শিক্ষা ও তথ্য হবে আমাদের হাতিয়ার।’ইসরাত জাহান, সূত্র: বিবিসি