গুঞ্জন দূর করতে হোসনি মোবারকের ব্যস্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অন্তত ছয়টি হত্যাপ্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। স্ত্রী ব্রিটিশ-বংশোদ্ভূত সুজান মোবারক। দুই ছেলে আলা ও গামাল। বিমানবাহিনীর সাবেক প্রধান। পুরো নাম মোহাম্মদ হোসনি সায়িদ মোবারক। ১৯৮১ সালে গুপ্তঘাতকের হাতে প্রেসিডেন্ট সাদাত নিহত হওয়ার পর প্রেসিডেন্ট হন তত্কালীন ভাইস প্রেসিডেন্ট হোসনি মোবারক। পঞ্চাশের দশকে মিসরের বাদশাকে উত্খাতের পর তিনিই সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা মিসরীয় প্রেসিডেন্ট।হোসনি মোবারক একবার বলেছিলেন, তাঁর ইচ্ছা, শেষনিঃশ্বাস পর্যন্ত মিসরের জনগণের সেবা করে যাবেন। তাঁর সাম্প্রতিক কার্যকলাপ কী তারই ইঙ্গিত? ভগ্নস্বাস্থ্যের খবর যে পুরোপুরি মিথ্যা এবং তিনি যে এখনো বেশ ভালোভাবেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন, সেটা প্রমাণ করতেই যেন এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মোবারক। অনেক অনুষ্ঠান ও আলোচনার সূচিও ঠিক হয়ে আছে তাঁর।সম্প্রতি হোসনি মোবারক সৌদি বাদশাহ আবদুল্লাহর সঙ্গে শার্ম আল শেখে বৈঠক করেন। কায়রো বিমানবন্দরে সৌদি বাদশাকে স্বাগত জানিয়ে তাঁর সঙ্গে হাঁটতে দেখা গেছে মোবারককে। কিন্তু মিসরীয় টিভিতে সাধারণত এমন দৃশ্য দেখানো হয় না। জুলাই মাসের মাঝামাঝি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট মোবারককে শুধু একটু রোগা-রোগা দেখায়। সাম্প্রতিক এক ব্যস্ত দিনে সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মোবারক। তারপর মধ্যপ্রাচ্য শান্তির প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনায় বসেন। একে একে যুক্তরাষ্ট্রের দূত জর্জ মিশেল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা করেন তিনি। গত মার্চ মাসে মোবারক পিত্তাশয়ে অস্ত্রোপচারের জন্য জার্মানি গেলে তাঁর স্বাস্থ্য নিয়ে সর্বশেষ দফা গুঞ্জন ছড়িয়ে পড়ে। গত মাসে পর পর বেশ কয়েকটি বৈঠক স্থগিত করা হলে গুঞ্জন নতুন করে মাথাচাড়া দেয়। এরপর তিনি গত ২৫ জুলাই উগান্ডায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনেও যোগ দেননি। সহযোগীরা অবশ্য বলছেন, মোবারক অনেক বছর ধরেই মিসরের বাইরে হলে আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। তবে মিসরীয় কর্মকর্তারা যতই চেষ্টা করেন, এ ধরনের খবর বাতাসে ভেসেই বেড়াচ্ছে। কেন এই গুঞ্জন বন্ধ করা যাচ্ছে না, তারও যুক্তিসংগত কারণ আছে। ২৯ বছর ধরে দেশ চালাচ্ছেন মোবারক। তাঁর উত্তরাধিকারের বিষয়টি এখনো নিশ্চিত নয়। বর্তমানে প্রায় প্রতিদিনই তাঁকে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সামরিক বাহিনী বা পুলিশের প্যারেড কিংবা ডিগ্রি প্রদানের মতো বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। সাম্প্রতিক কার্যকলাপে মনে হচ্ছে, ৮২ বছর বয়সের বিবেচনায় প্রেসিডেন্ট মোবারক যথেষ্ট স্বাভাবিকভাবে কাজ করছেন। হোসনি মোবারকের সরকারের বিরুদ্ধে দুর্নীতি, গণতন্ত্র হরণ, মতপ্রকাশে বাধা, রাজনৈতিক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। মিসরে কোনো উপরাষ্ট্রপতি নেই। আগামী বছরের নির্বাচনে মোবারকের দ্বিতীয় ছেলে গামাল, নাকি অন্য কেউ ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মনোনয়ন পাবেন, তা এখনো নিশ্চিত নয়।সাবেক এয়ার চিফ মার্শাল মোবারক প্রকাশ্যে ছেলের পক্ষে কিছু বলছেন না। অনেক মিসরীয় নানা কারণেই গামালকে ভালো প্রার্থী মনে করেন না। সমালোচকদের মতে, গামাল একটু লাই পাওয়া তরুণ। পশ্চিমাপন্থী ব্যবসায়ীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তা ছাড়া ইতিহাসবিদেরা গুরুত্ব দিয়ে বলছেন, ১৯৫২ সালের অভ্যুত্থানের পর মিসরের সব প্রেসিডেন্টই এসেছেন সামরিক বাহিনী থেকে। তাই গামালের বেসামরিক ভাবমূর্তি দেশের এই গুরুত্বপূর্ণ অংশটির সমর্থন পেতে সমস্যা তৈরি করতে পারে।২০১১ সালের শেষের দিকে হতে পারে প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন এনডিপি জানিয়েছে, তারা আগামী বছরের মে বা জুন মাসে প্রার্থীর নাম ঘোষণা করবে।প্রেসিডেন্ট মোবারক যদি নির্দিষ্ট কোনো রোগে আক্রান্ত না হয়েও থাকেন, প্রশ্ন উঠেছে, ৮৩ বছরে পদার্পণ করা একজন ব্যক্তির প্রাণচাঞ্চল্য দিয়ে মিসরের মতো একটি বিশাল দেশ পরিচালনা করা সম্ভব কি না। বিশেষ করে যখন নানা ধরনের আঞ্চলিক সংকট ঘনিয়ে উঠছে। সূত্র: বিবিসি ও রয়টার্স