গুটি পায়ে প্যাডেল মেরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু খোলা জায়গায় ইচ্ছেমতো প্যাডেল ঘোরানোর আনন্দই অন্য রকম...মডেল: রাজেশ্বরী, শেহরোজ, রিহুন ও আভিন, ছবি: নকশা
একটু খোলা জায়গায় ইচ্ছেমতো প্যাডেল ঘোরানোর আনন্দই অন্য রকম...মডেল: রাজেশ্বরী, শেহরোজ, রিহুন ও আভিন, ছবি: নকশা

হাঁটতে শেখার পর শিশু আর কত খেলনাগাড়ি নিয়ে পড়ে থাকবে। তাকে একটা ছোট বাহন দেওয়াই যায়। ব্যস্ত থাকার পাশাপাশি শারীরিক কসরতও হয়ে যাবে তার। আর সাইকেল চালানোটাও শিখে ফেলতে পারে।

.
.

এখন যেমন শিশুর বাহন
শিশুদের পছন্দসই ও ব্যবহার উপযোগী বাহনের মধ্যে রয়েছে বাইসাইকেল, ট্রাইসাইকেল, প্যাডেল বাইক, অটো কার, ট্রেন ও রিচার্জেবল গাড়ি। শিশুদের আকর্ষণ কাড়তে প্রতিটি সাইকেলেই থাকছে নানা বর্ণিল রঙের উপস্থিতি। কোনো কোনো সাইকেলে ব্যবহার করা হয়েছে অ্যাংরি বার্ড, বারবি ডল, মিকি মাউস, ডোরেমনের কার্টুন। শিশুর কি মাত্র ‘অ আ ক খ’ শেখার বয়স? সেই ব্যবস্থাও আছে কোনো কোনো বাহনে। ছোট ছোট ছবিসহ বাংলা ও ইংরেজি বর্ণমালা, গাণিতিক সংখ্যা শেখার পাঠও সারতে পারবে শিশু গাড়ি চড়তে চড়তে! শিশুর বয়স ও উচ্চতা অনুযায়ী বিভিন্ন আকার ও নকশার বাহারি সব সাইকেল পাওয়া যাচ্ছে বাজারে। সাইকেলের সামনে যেমন থাকে রেক, আবার পেছনে থাকে ক্যারিয়ার। কোনাটায় আবার আছে পানির পাত্র রাখার বিশেষ ব্যবস্থা। কোনাটায় আবার লাইট ও গান শোনার ব্যবস্থাও থাকে। চায়নিজ সাইকেলের মাথায় বসানো থাকে বিভিন্ন প্রাণীর আদলে বানানো পুতুল যেমন: পান্ডা, জেবরা, বাঘ, ভালুক ইত্যাদি। সেসব পুতুলে হাতের চাপ পড়লে আবার বাঁশিও বাজে, অনেকটা হর্নের মতো কাজ করে।
সাইকেলের পেছনের বড় চাকার সঙ্গে দুপাশে আবার দুটি ছোট চাকা থাকে। এগুলোকে সাপোর্টিং হুইল বা ট্রেইনিং হুইল বলে। সাইকেল চালানো শেখার সময় শিশুকে সাইকেল থেকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এই ট্রেইনিং হুইল। শিশুর সাইকেল চালানো শেখা হয়ে গেলে ট্রেইনিং হুইলগুলো আবার খুলে ফেলা যায়। একবার সাইকেল চালানো শিখে গেলে শিশু সারাক্ষণ টেলিভিশনের কার্টুন কিংবা কম্পিউটারের গেম নিয়ে বসে থাকার চেয়ে সাইকেল নিয়ে টইটই করে ঘুরে বেড়াতেই খুব পছন্দ করবে।
কোথায় পাবেন
সাইকেলের বিশাল সংগ্রহের খোঁজ পাবেন পুরান ঢাকার বংশালে। এ ছাড়া রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিচতলা (সি ব্লক) ও মোস্তফা মার্ট, নিউমার্কেট, গুলশান-১ ডিসিসি মার্কেট, পুরান ঢাকার রাজধানী সুপার মার্কেট (দোতলা)সহ শহরের বড় সব শিশুর খেলনাসামগ্রী বিক্রির দোকানেও মিলবে নানা বয়সী শিশুদের উপযোগী সাইকেলের দেখা।
দরদাম
সাধারণত ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের ব্যবহার উপযোগী সাইকেলের মধ্যে রয়েছে ১০ থেকে ১৬ ইঞ্চি ফ্রেম-কাঠামোর সাইকেল। সে ক্ষেত্রে আকার ও নকশাভেদে শিশুদের বাইসাইকেলের দাম পড়বে ১ হাজার টাকা থেকে ৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত। সদ্য বসতে শেখা ছোট শিশুটির জন্য তিন চাকার ট্রাইসাইকেল মিলবে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যেই। এর থেকে বড় ট্রাইসাইকেল পাওয়া যাবে ৩ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকায়। হাতলে পুতুল বসানো চীনা ট্রাইসাইকেল পাওয়া যাবে ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়। মোটরসাইকেলের মতো দেখতে প্যাডেলচালিত সাইকেলের দাম পড়বে ৪ হাজার থেকে ১৮ হাজার টাকায়। সাইকেলের জন্য পৃথকভাবে হেলমেট কিনতে পাওয়া যাবে ওই সাইকেল বিক্রির দোকানেই। হেলমেটের দাম পড়বে ৬৫০ টাকা পর্যন্ত। এ ছাড়া একই দোকানে শিশুদের জন্য স্কুটি কিনতে পারবেন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। অটো কারের দাম পড়বে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। বর্ণমালার পাঠ শেখানো ট্রেনের দাম পড়বে ৭ হাজার ৮৫০ টাকার মধ্যে। আর বড় বড় ব্র্যান্ডের আদলে তৈরি আকর্ষণীয় একেকটি গাড়ির দাম ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। যেখানে ৬ ভোল্ট ব্যাটারিচালিত গাড়ির দাম ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। আর ১২ ভোল্ট ব্যাটারিচালিত গাড়ির দাম ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। প্রতি তিন ঘণ্টা চার্জে একটানা এক ঘণ্টা চড়ে বেড়ানো যাবে সেসব গাড়িতে।