গুডস হিলের নির্যাতনকেন্দ্র ও একজন নির্যাতিত
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নগরের গুডস হিলে অনেক মুক্তিযোদ্ধা ও নিরীহ লোকজনকে এনে হত্যা ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ছিল আগে থেকেই। ৪০ বছর পর এ নির্যাতনকেন্দ্র শনাক্ত করেছে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ম ছলিম উল্লাহ তদন্ত দলের কাছে সেই দুঃসহ স্মৃতি বর্ণনা করেছেন। পাশাপাশি সাংবাদিকদেরও বলেছেন সেসব কাহিনি।মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, ‘গুডস হিলে আলশামস বাহিনীর যে নির্যাতনকেন্দ্রটি ছিল সেটা তদন্তে উঠে এসেছে। অনেক নির্যাতিত সাক্ষ্য-প্রমাণও দিয়েছেন।’নির্যাতনকেন্দ্রের সেকাল একাল: নগরের গনি বেকারি মোড়সংলগ্ন গুডস হিলে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পৈতৃক বাড়িটির অবস্থান।খাড়া পাহাড়ের ওপর ওঠার একটি পিচঢালা রাস্তা রয়েছে। ঢোকার মুখে একটি লোহার ফটক। ফটক পেরিয়ে ওপরে উঠলেই চোখে পড়বে বিশাল ফাঁকা জায়গা। এর এক পাশে একতলা বিশাল বাড়ি। বিপরীত দিকে দোতলা অবকাঠামোর আরেকটি দালান। এর নিচতলায় গাড়ি রাখা হতো একসময়। এখন অনেকটা পরিত্যক্ত। স্থানে স্থানে পলেস্তারা খসে পড়েছে। ধূসর হয়ে গেছে দেয়ালের রং। কাঠের দরজা দুটি দীর্ঘদিন অব্যবহূত থাকায় ভেঙে যাওয়ার দশা। জীর্ণশীর্ণ ভবনটির গায়ে কান পাতলে হয়তো এখনো শোনা যাবে অনেক নির্যাতিত মানুষের আর্তচিৎকার।গ্যারেজের সামনে দুটি পুরোনো জিপ সে সময়ের স্মৃতিচিহ্ন বহন করছে। মুক্তিযুদ্ধের সময় এ গাড়ি দুটি সচল ছিল বলে অনেকের অভিমত। গাড়ির এই গ্যারেজটি ৪০ বছর আগে ব্যবহূত হয়েছিল নির্যাতনকেন্দ্র হিসেবে। এখানে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করা হতো বলে নির্যাতিত একাধিক মানুষ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে সাক্ষ্য দিয়েছেন।এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল ইসলাম বলেন, ফজলুল কাদের চৌধুরীর বাড়ির পুরোনো গ্যারেজটি নির্যাতনকেন্দ্র হিসেবে ব্যবহূত হতো তা আমাদের তদন্তে উঠে এসেছে। গ্যারেজটির দোতলায় পাকিস্তানি বাহিনীর ক্যাম্প এবং নিচে বিভিন্ন কক্ষে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ ধরে এনে নির্যাতন করা হতো। এর মধ্যে কাউকে হত্যা করা হতো, আবার কাউকে দালালদের সুপারিশে ছেড়ে দেওয়া হতো।’ গ্যারেজের দোতলায় ছিল পাঞ্জাবিদের ক্যাম্প। কখনো বাড়ির মালিক কিংবা তার সন্তান ও দোসররা আবার কখনো নির্যাতন করত ক্যাম্পের লোকজন। মূল নির্যাতনকেন্দ্র এটি হলেও পুরো গুডস হিলের বিভিন্ন দিক থেকে আসত নির্যাতিত মানুষের চিৎকার এমন ভাষ্য ম ছলিম উল্লাহর। তিনি বলেন, ‘আমাকে এই গ্যারেজে রেখে নির্যাতন করা হয়েছিল। সারা রাত বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষের আর্তচিৎকার শুনেছি। শুনেছি গুলির শব্দও।’৪০ বছর পর গুডস হিলে: একাত্তরের ২ এপ্রিল ম ছলিম উল্লাহকে এই গুডস হিলে ধরে এনে নির্যাতন করা হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ২৮ বছর। ৪০ বছর পর ১২ এপ্রিল তিনি আবার পা রাখেন তদন্ত দলের সঙ্গে। এ সময় তিনি সোজা চলে যান নির্যাতনকেন্দ্রের সামনে। বর্ণনা দেন সেই নির্যাতনের। একাত্তরের ২ এপ্রিল রাতে নগরের অভয়মিত্রঘাটে ছলিম উল্লাহর বাবার একটি প্রিন্টিং প্রেসের দুই শ্রমিককে আল শামস্ বাহিনীর সদস্যরা রহমতগঞ্জ এলাকার বাসা থেকে ধরে নেওয়ার সময় তিনি বাধা দিয়ে প্রতিবাদ করেন। এ সময় তাঁকেও খোকা ও মাহবুবের নেতৃত্বে পাক বাহিনীর সদস্যরা একটি জিপে করে গুডস হিলে সাকা চৌধুরীর বাসভবনে ধরে নিয়ে যান। সাকা চৌধুরীর একতলা পৈতৃক বাড়িটি দেখিয়ে তিনি বলেন, ধরে নেওয়ার পর সেখানের একটি কক্ষে তাঁকে বেঁধে পা ওপরের দিকে ও মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রেখে বেদম পেটানো হয়। এ সময় ওই কক্ষে তিনি খোকা, মাহবুব ছাড়াও সাকা চৌধুরীর ছোট ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীকে দেখতে পান। পেটানোর পর তাঁকে নির্যাতনকেন্দ্রে ফেলে রেখে আসা হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানান। পরদিন সকাল নয়টার দিকে ছলিম উল্লাহ তাঁর মামা অ্যাডভোকেট আবুল কাশেমের মধ্যস্থতায় ওই নির্যাতনকেন্দ্র থেকে মুক্তি পান।