
আদা এ দেশে খাবারের স্বাদ-গন্ধ বাড়াতে মসলা হিসেবে যেমন ব্যবহার হয়ে থাকে, তেমনি আদা চা-ও খুব জনপ্রিয়। তবে অন্যান্য দেশে আদার ব্যবহার আরও বিস্তৃত। আদার পানীয় থেকে শুরু করে রান্নার নানা পদে ব্যবহার হয় আদা। আদা সম্পর্কে জানতে চেয়েছিলাম খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আলেয়া মাওলার কাছে। তিনি বলেন, ‘খাবারে আদা ব্যবহার করলে স্বাদ-গন্ধ যেমন বাড়ে, সেই সঙ্গে খাদ্যের পুষ্টিমানও কিন্তু বেড়ে যায়। প্রতিরোধ এবং নিরাময়ে আদা প্রাচীনকাল থেকেই জনপ্রিয়। বর্তমান গবেষণায় সেগুলোই প্রমাণিত হয়েছে।’ এবার জেনে নেওয়া যাক আদার রোগপ্রতিরোধী গুণাগুণগুলোর কথা।
শীতে প্রচুর শাকসবজি আর ফলমূল যেমন মেলে, তেমনি বাড়িতে বাড়িতে চলে পিঠাপুলির আয়োজন। তাই একটু বেশি খাওয়া হয়ে যেতেই পারে। আর খাওয়ার পরে হজমে গোলযোগ হলে আদা কিংবা আদা চা খেতে পারেন। দ্রুত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।
শীতকালে অনেকেরই শ্বাসকষ্ট দেখা দেয়। এই শ্বাসকষ্টের বিরুদ্ধে লড়াই করার অসাধারণ এক ক্ষমতা আছে আদায়।
এ ছাড়া বুকে কফ জমে কিংবা ঠান্ডা লেগে যাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, তাদের জন্য প্রাকৃতিক ওষুধ হলো আদা।
এতে থাকা ভিটামিন, মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড শরীরে রক্ত চলাচল বাড়ায় এবং হৃৎপিণ্ডকে কর্মক্ষম রাখে। এটি ধমনি থেকে অতিরিক্ত চর্বি সরিয়ে হার্টঅ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমিয়ে দিতে পারে।
রক্ত সঞ্চালনের গতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এ ছাড়া রোগ প্রতিরোধ করার ক্ষমতাকেও বাড়িয়ে দিতে পারে এই মসলা। এর উপাদানগুলো পেশির কর্মদক্ষতাÿবাড়ায়। আবার ব্যথা প্রশমনেও কার্যকর।
সেই সঙ্গে হাড়ের সংযোগস্থলগুলোর ব্যথাও দূর করতে পারে। অনেক কারণে মানসিক চাপ ও অস্থিরতায় ভুগে থাকি। এক গবেষণায় দেখা গেছে, আদায় থাকা কিছু উপাদান মানসিক চাপ দূর করেতে সাহায্য করে।
মাসিকের সময় অনেকেরই তল পেট ব্যথা ও শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে, এ ধরনের সমস্যা এড়াতেও আদা খেয়ে দেখতে পারেন।
মোশন সিকনেসের কারণে বাসে কিংবা ট্রেনে উঠলে অনেকেরই বমি হয় কিংবা বমির ভাব হয়। এ সমস্যা এড়াতে ভ্রমণের আগেই এক টুকরা আদা মুখে ফেলে দিন।