গুণের রাজা কাঁঠাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুণের রাজা কাঁঠাল
গুণের রাজা কাঁঠাল

ফলের রাজ্যে কাঁঠাল আকার-আকৃতিতে রাজার মতো। আর বাংলাদেশের জাতীয় ফলের মর্যাদাটা কিন্তু এই কাঁঠালেরই। বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার এই ফলের গুণাগুণ সম্পর্কে বলেন, ‘প্রতি ১০০ গ্রাম কাঁঠালে খাদ্য-আঁশ থাকে দুই গ্রাম, শর্করা ২৪ গ্রাম, চর্বি দশমিক ৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৪ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ৩৭ মিলিগ্রাম, পটাশিয়াম ৩০৩ মিলিগ্রাম, ভিটামিন-এ ২৯৭ আইইউ ও ভিটামিন-সি ৬ দশমিক ৭ মিলিগ্রাম। রোগব্যাধি উপশমে যেমন কার্যকর, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও বাড়িয়ে দেয় অনেক গুণ। এমনকি কাঁঠালের বিচিতেও আছে শর্করা। এটি চাইলে খেতে পারবেন তরকারি, হালুয়া কিংবা ভর্তা হিসেবে। তবে এতে থাকে আঁশ, তাই বেশি খেলে হজমে গোলযোগ হতে পারে। যাদের ডায়াবেটিস আছে, তাদের কাঁঠাল খাওয়ায় খানিকটা বিধিনিষেধ আছে। এ ছাড়া কিডনি রোগে আক্রান্তদের মধ্যে যাঁদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের কাঁঠাল না খাওয়াই ভালো।
 কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট দেহকে ক্ষতিকর ফ্রির্যাডিকেলস থেকে রক্ষা করে, সেই সঙ্গে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে।
 এতে চর্বির পরিমাণ খুব কম। তাই বেশি খেলেও ওজন বাড়ার শঙ্কা নেই।
 কাঁঠালে থাকা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম হাড়ের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে।
 এই ফলের উপাদান মস্তিষ্ককে সুরক্ষা দেয় এবং নার্ভাসনেস কমায়।
 এতে থাকা ম্যাঙ্গানিজ শরীরের নানা রকমের রক্তরোগকে প্রতিরোধ করে।
 এর ফাইটোনিউট্রিয়েন্টস উপাদান আলসার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে কার্যকর।
 কাঁঠাল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং প্রতিরোধে সাহায্য করে।
 কাঁঠাল চোখের জন্য বেশ উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ আছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে।
 কাঁঠালের কিছু উপাদান হৃদ্রোগের ঝুঁকি কমায় এবং হৃৎপিণ্ডের সুরক্ষা দেয়।
গ্রন্থনা: সিদ্ধার্থ মজুমদার