গুণের শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে যাওয়ার শপথ নিয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। নিজের গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টাতে স্থাপন করেছিলেন রামসুন্দর পাঠাগার। উদ্দেশ্য, গ্রামের লোকজনের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। দুই বছর আগে শুরু হওয়া সেই উদ্যোগ শুধু পাঠাগারেই আটকে থাকেনি, ছড়িয়ে গেছে শহীদ মিনার পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি নেত্রকোনার কাশতলা গ্রামে কবিবাড়িতে উদ্বোধন হয়ে গেল এই স্মৃতিস্তম্ভের। শুধু কবির গ্রাম আর আশপাশের লোকজনই নয়, কবিবাড়িতে সে দিন এ উপলক্ষে ঢাকা থেকেও ছুটে গিয়েছিলেন সংস্কৃতিকর্মীরা। ১৬ ডিসেম্বর থেকে ২১ ফেব্রুয়ারিগত বছর বিজয় দিবসের কথা। নিজ বাড়িতে বিজয় দিবস উদ্যাপন করছেন কবি নির্মলেন্দু গুণ। কিন্তু একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কোনো স্মৃতিস্তম্ভ তখন ছিল না কাশতলায়। বাধ্য হয়ে কাঠ দিয়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করে তাতেই বিজয় দিবস পালন করলেন। ‘আমার গ্রামে শহীদদের উদ্দেশ্যে কোনো স্মৃতিস্তম্ভ থাকবে না, তা কী করে হয়! সে দিনই সিদ্ধান্ত নিলাম ২১ ফেব্রুয়ারির মধ্যে যে করেই হোক শহীদ মিনার তৈরি করব’ বলছিলেন কবি নির্মলেন্দু গুণ। ‘সম্প্রতি পাওয়া এক পুরস্কারের লাখ দেড়েক টাকা দিয়ে শুরু করলাম। তবে সব মিলিয়ে কত টাকা খরচ হয়েছে বলতে পারব না।’ডিসেম্বরে কাজ শুরু করে ফেব্রুয়ারির মধ্যেই কাজ শেষ! বোঝাই যাচ্ছে কত দ্রুত কাজ শেষ করা হয়েছে। ১১ ফুট বাই ১১ ফুট কালো গ্রানাইটের বেদিটি এক ফুট উঁচু। এর ওপরে দুই পাশে দুই সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে প্রতীকী মা। মা স্তম্ভটি ১২ ফুট উঁচু। দুই পাশের স্তম্ভ দুটির উচ্চতা ১১ ফুট করে। সব মিলিয়ে শহীদ মিনারটির উচ্চতা হবে ১৫ ফুট। একদিকে সাদা পাথরে খোদাই করে লেখা আছে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই অমর পঙিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ অন্যদিকে বঙ্গবন্ধুর ছবিসহ লেখা আছে, ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’ সর্বজনীন আয়োজনরামসুন্দর পাঠাগারের সামনের পতাকা অর্ধনমিত ছিল সারা দিন। অধিকাংশের বুকেই কালো ব্যাজ। একুশের চেতনায় প্রজ্বলিত সবাই। কেউ এসেছেন লাল সবুজের জামা-কাপড় গায়ে। কবি সবাইকে নিয়ে পাঠাগারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করলেন শহীদ মিনারে। একে একে শহীদ মিনারে শ্রদ্ধা জানাল কাশবন বিদ্যা নিকেতন, হুলিয়া থিয়েটার এবং হুলিয়া ফুটবল ক্লাবসহ সাধারণ মানুষ। দুপুরের পর থেকেই লোকজনের সমাগম বাড়তে থাকে।রামসুন্দর পাঠাগারের সামনেই ‘বীরচরণ মঞ্চ’। গত বছর গড়ে ওঠা এই মঞ্চেই কবিবাড়ির সব অনুষ্ঠান হয়। সকাল থেকেই মঞ্চে চলছে পূর্ব প্রস্তুতি। দুপুরের খাবারের পর পরই বীরচরণ মঞ্চে শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের গান, আবৃত্তি আর অভিনয়ে দর্শকরা মজে থাকলেন রাত অবধি। হুলিয়া থিয়েটারের অভিনেতারা মঞ্চে নিয়ে এলেন কবর নাটকটি।এর মধ্যেই কবিবাড়িতে হাজির নাট্যজন মামুনুর রশীদ এবং ফজলুর রহমান বাবু। মঞ্চে শুভেচ্ছা বিনিময় এবং বক্তৃতার পর মামুনুর রশীদ মঞ্চে দেখালেন তাদের দলের সর্বশেষ নাটক এবং বিদ্যাসাগর-এর অংশবিশেষ। স্থানীয় এক শিশু অবিকল নকল করে দেখাল ফজলুর রহমান বাবুর বিজ্ঞাপনের অভিনয়। কবির ঘরের পেছনের আমগাছটা মুকুলে মুকুলে ছেয়ে গেছে। বীরচরণ মঞ্চের সামনে তিল ধারণের জায়গা নেই। একই অবস্থা সুখেন্দু-শুভেন্দু সরোবরের সামনেও। বাঁধানো ঘাটে বসে আছে অনেকেই। আমের মুকুলের ঘ্রাণ আর বাউল গানের রেশ কবিবাড়িজুড়ে। কবির মুখে তখন প্রশান্তির হাসি। সে হাসি স্বপ্ন পূরণের। স্কুল, পাঠাগার, সরোবর, মঞ্চের পর শহীদ মিনারের মাধ্যমে যেন পূর্ণতা পেল এই পুরো আয়োজন।