চট্টগ্রামে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) গুদাম আছে ১০টি। এর মধ্যে পাঁচটি গুদামের বর্তমান ভাড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২২ টাকা। দরপত্রের মাধ্যমে এসব গুদাম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু একই ধরনের অপর পাঁচটি গুদামের ভাড়া প্রতি বর্গফুট মাত্র দুই থেকে চার টাকা! গুদামগুলোর অবস্থান নগরের মাঝিরঘাট এলাকায়।বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, মামলার কারণে এ পাঁচটি গুদামের দরপত্র আহ্বান করা যায়নি। এ কারণে ২০ থেকে ২৫ বছর আগের ভাড়ায় চলছে এগুলো। অন্যদিকে গুদাম ভাড়া নেওয়া ব্যবসায়ীরা বলছেন, বিআইডব্লিউটিসি চুক্তি নবায়ন না করায় তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দরের কাছাকাছি হওয়ায় এসব গুদামের চাহিদা বেশি। কারণ, কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটে ভোগ্যপণ্য খালাস করে কাছাকাছি থাকা এসব গুদামে পণ্য রাখার সুযোগ আছে। বেসরকারি গুদামের বর্তমান ভাড়া দেওয়া হচ্ছে বর্গফুটপ্রতি ২৬ টাকা দরে।সূত্র জানায়, বিআইডব্লিউটিসির পাঁচটি গুদাম দরপত্রের মাধ্যমে বছর খানেক আগে ভাড়া দেওয়া হয়েছে। এই পাঁচটি গুদামের মাসিক ভাড়া প্রতিবর্গফুট ১৮, ১৯ ও ২২ টাকা।একই রকম গুদামে মাঝিরঘাটের আহমদ উল্লাহ অ্যান্ড ব্রাদার্স ১৯৮৮ সাল থেকে বিআইডব্লিউটিসির ১ ও ২ নম্বর এবং ১৯৯০ সাল থেকে ৫ নম্বর গুদাম ব্যবহার করছে। ১, ২ ও ৫ নম্বর গুদামের সর্বমোট ভাড়া ৭৪ হাজার ৯৩০ টাকা। গুদামগুলো প্রথম অবস্থায় প্রতিবর্গফুট তিন টাকা হারে নেওয়া হয়েছিল, ২০১২ সালে এসেও একই ভাড়া নেওয়া হচ্ছে। একই সংস্থার ৬ নম্বর ভাড়া দেওয়া হচ্ছে গুদাম ফেয়ার ট্রান্সপোর্টের কাছে। এই কোম্পানি গুদামের জন্য মাসিক ১৪ হাজার ৭০০ টাকা ভাড়া দিচ্ছে। এ হিসাবে বর্গফুটপ্রতি ভাড়া আসে চার টাকা ৪০ পয়সা। মেসার্স রাজ্জাক বিল্ডার্সের কাছে রয়েছে বিআইডব্লিউটিসির আরেকটি গুদাম। এই কোম্পানিও এখন পর্যন্ত প্রতিবর্গফুট চার টাকা হারে ভাড়া দিচ্ছে। সূত্র জানায়, আহমদ উল্লাহ অ্যান্ড ব্রাদার্স, রাজ্জাক বিল্ডার্স ও ফেয়ার ট্রান্সপোর্ট প্রত্যেকে চুক্তি নবায়নের মামলা করেছে। বর্তমানে মামলাগুলো হাইকোর্টে প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির আইনজীবী আবুল হোসেন ভুঁইয়া বলেন, গুদাম ভাড়া নেওয়া ব্যবসায়ীরা চুক্তি নবায়নে ভাড়া বৃদ্ধি আইন অনুসরণ করেননি। হাইকোর্টের রায় পাওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে বিআইডব্লিউটিসিকে। তবে আহমদ উল্লাহ অ্যান্ড ব্রাদার্স এর মালিক পারভেজ কামাল বলেন ‘চুক্তি নবায়নের শর্ত থাকলেও নৌপরিবহন সংস্থা মানেনি। তাই আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আদালত থেকে যে রায় দেওয়া হবে তাই মেনে নেব।’ফেয়ার ট্রান্সপোর্টের মালিক ফজলুল হক জানান, বিআইডব্লিউটিসি চুক্তি মোতাবেক কাজ করেনি। চুক্তি নবায়নের কথা ছিল, তাও করা হয়নি। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক নুরুল ইসলাম আকন্দ বলেন, ‘বিষয়টি নিয়ে মামলা চলছে। এ কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। রায় পেলে এসব গুদাম নতুন করে দরপত্রের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।’ জানা গেছে, এ ব্যাপারে ব্যবস্থা নিতে গত নভেম্বর মাসে সংস্থার চেয়ারম্যানের কাছে চিঠি দেয় বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন। চিঠিতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও বকেয়া টাকা আদায়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এ সম্পর্কে বিআইডব্লিউটিসি’র ওয়ার্কাস ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, প্রতিদুই বছর পর পর দরপত্রের মাধ্যমে গুদাম বরাদ্দ দেওয়ার নিয়ম থাকলেও মানা হচ্ছে না। কর্তৃপক্ষের আশ্বাস এত বছরেও বাস্তবে প্রতিফলন হয়নি।