গুদামটি নিয়ে আতঙ্কে কুতুকছড়ির লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ মেট্রিক টন খাদ্য ধারণ ক্ষমতাসম্পন্ন পরিত্যক্ত একটি গুদাম নিয়ে আতঙ্কে রয়েছেন কুতুকছড়ি বাজারের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। রাঙামাটি শহর থেকে খাগড়াছড়ি সড়কের পাশে সদর উপজেলার কুতুকছড়ি বাজারের এ গুদামটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুদামটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বলে জানা গেছে।গত রোববার সরেজমিনে দেখা গেছে, বাজারের পশ্চিম পাশে মাঝামাঝি একটি স্থানে গুদামটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গুদামের ছাদে গাছ গজিয়ে বেশ বড় হয়ে উঠেছে। দেয়ালের প্লাস্টার খসে পড়ে ইট বের হয়ে এসেছে। সামনের ফটকের সানশেডেও একটি গাছ গজিয়ে শেডটি হেলে পড়েছে। তার সামনেই ঝুঁকি নিয়ে শুঁটকিসহ নানা শাকসবজি বেচাকেনা করছেন এলাকার লোকজন। গুদামটির উত্তরে সাত-আট ফুট দূরে দোকান আর দক্ষিণ পাশে রয়েছে ইউনিয়ন পরিষদের ভবন। গুদামটি যে দিকেই হেলে পড়বে, সেদিকেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য চন্দন কুমার চাকমা জানান, গুদামটি ভেঙে ফেলা না হলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি বেশ কয়েকবার এলজিইডি রাঙামাটি জেলা কার্যালয়কে জানানো হয়েছে। একজন প্রকৌশলী সরেজমিনে পরিদর্শনও করে গেছেন। তবে ভেঙে ফেলার বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।জানা গেছে, গুদামটি নির্মাণ করা হয়েছে ১৯৭৮-৮১ সালের কোনো এক সময়ে। গুদামটির দেয়ালে কোনো লোহার রড নেই। শুধু ইটের পিলার দিয়ে দেয়ালগুলো তোলা হয়েছে। পিলারের সিমেন্ট মেয়াদোত্তীর্ণ। গুদামের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে। বাজারের কয়েকজন দোকানি জানান, গুদামটি নিয়ে তাঁদের সব সময় চিন্তায় থাকতে হয়, বিশেষ করে হাটের দিনে আশপাশে অনেক মানুষের ভিড় জমে। ওই সময় গুদামটি ভেঙে পড়লে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। যোগাযোগ করা হলে রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী জানান, রাঙামাটি জেলায় কুতুকছড়ি গুদামের মতো মোট পাঁচটি গুদাম রয়েছে। এর মধ্যে কুতুকছড়ির গুদামটির অবস্থা সবচেয়ে বেশি খারাপ। গুদামগুলোর ছবি তুলে এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে গুদামগুলো ভেঙে নতুন প্রকল্প নেওয়া হতে পারে বলে তিনি জানান।