গুনিন পল সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঢপ মাথার নিচে তার চোখ জোড়ায় রাজ্যের উদাসীনতা। মুখে প্রয়োজনীয় গাম্ভীর্য। ঈষৎ কমলা গায়ের রং যেন গেরুয়া রঙের আলখেল্লা। ওই যে বসে আছে গুনিন। গুনিন অক্টোপাস পল।—ব্যস আর ভণিতা করার কোনো দরকার আছে? এবারের বিশ্বকাপে আলোচিত নামগুলোর অন্যতম একটি এই পল। জার্মানির প্রতিটি ম্যাচের আগে ঠিকঠাক ভবিষ্যদ্বাণী করে গুনিন হিসেবে রীতিমতো তারকাখ্যাতিই পেয়ে গেছে দুই বছর বয়সী এই আট পাওয়ালা প্রাণী। তার কাণ্ডকারখানায় অনেকেই খুশিতে আটখানা, আবার অনেকেই বেজায় বেজার! বেজার যদি কেউ হয়, জার্মানি সেই তালিকায় সবার ওপরেই থাকবে। ঘরের খেয়ে, ঘরের পরে এমনই সর্বনাশ করল এই গুনিন। অনেকেরই বিশ্বাস, পলের এক ভবিষ্যদ্বাণীতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জার্মানদের। অনেক জার্মানই তো বলছেন, ব্যাটাকে ধরে কেটে-কুটে খেয়ে ফেললেই ল্যাঠা চুকে যায়! আবার অনেকেই বলছে, হাঙরের ট্যাংকিতে ফেলে দাও বদমাশকে। গুনিন পলের এমনই কপাল! ১০০-তে ১০০ পেয়েও এমন গঞ্জনা! এটা কি আগে থেকেই জানত গুনিন পল?এবারের বিশ্বকাপের শুরু থেকেই মূলত পলের বিশ্বজুড়ে খ্যাতি। জার্মানির প্রথম ম্যাচ থেকেই শুরু। ম্যাচের আগে জার্মানির ওবেরহাউসেনের সি লাইফ সেন্টারে বসে বসে এই অক্টোপাস বিশেষ উপায়ে বলে দিতে শুরু করল কে জিতবে। বিশেষ উপায় বলতে পলের বাস একটি বড় অ্যাকুরিয়ামে। অ্যাকুরিয়ামের পানির নিচে দুটি প্লাস্টিকের বাক্স রাখা হতো। একটিতে জার্মানি ও অন্যটিতে যেকোনো দেশের পতাকা সাঁটানো। ভেতরে থাকত খাবার। সব আয়োজন হয়ে গেলে ছেড়ে দেওয়া হতো পলকে। ছুটে গিয়ে প্রথমেই যে বাক্সটি খুলত সে, সেই দলই জয় পেত পরের ম্যাচে! এই হলো তার কারিকুরি।তবে বিশ্বকাপে পল শুধু জার্মানির ছয়টি খেলাতেই ভবিষ্যদ্বাণী করেছে। প্রথম ম্যাচে যথারীতি জার্মানি হেসেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল তারা। পরের ম্যাচেই ধাক্কা। সার্বিয়ার বিপক্ষে পরাজয়। যথারীতি সেই ম্যাচটির আগেও পল বলেছিল সার্বিয়া জিতবে। অনেকেই সন্দেহ করেছিলেন, সবকিছুই ভুয়া! জার্মানির রংচঙে পতাকা দেখেই আট পাওয়ালা এই প্রাণীটি আকৃষ্ট হয়। আর তাই বারবার জার্মানির বাক্সটিতেই গিয়ে ঢোকে। কিন্তু সি লাইফ সেন্টার, মানে পলের রক্ষণাবেক্ষণকারীদের মতে, তা-ই যদি হতো তাহলে তো তুলনামূলকভাবে সার্বিয়ার কম রংচঙে পতাকার ছায়াও মাড়াত না সে! যুক্তি বটে। এরপর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জার্মানদের কাছে পল হয়ে উঠেছিল প্রায় দেবতাতুল্য। পরপর তিন ম্যাচে জার্মানির বাক্স খুলে জার্মানদের মধ্যে আনন্দই বিলোতে শুরু করেছিল এই গুনিন। আর ইংল্যান্ডের বিপক্ষে বলে এক অর্থে ‘পেটের ছেলে হয়ে পেটেই ছুরি’ মেরেছিল পল! কারণ, ইংল্যান্ডেই জন্ম হয়েছিল তার। খুব ছোট থাকতেই নিয়ে আসা হয়েছিল জার্মানিতে। এরপর খেপে গিয়েছিল আর্জেন্টিনার সমর্থকেরাও। তাই পলের বিপক্ষে সেকো নামের এক জ্যোতিষ ডলফিনকেও দাঁড় করিয়ে দিয়েছিল তারা! লাভের লাভ কিছুই হয়নি। ম্যাচ শেষে সামনে গুনিন পলকে পেলে যে বেশ কয়েক হাত দেখে নিত, তা আর্জেন্টিনার সমর্থকদের কথাবার্তায়ই অনুমান করা গিয়েছিল!তবে সেমিফাইনালে এসে জার্মান সমর্থকদের মুখ কালো হয়ে গিয়েছিল। আবার অনেকেই আশায় বুক বেঁধেছিলেন পলের আগের ইতিহাস মনে করে। গত ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির পাঁচটি ম্যাচের আগেও ভবিষ্যদ্বাণী করেছিল পল, যার চারটিই ঠিক হয়েছিল। কিন্তু ফাইনালের আগে গুনিন পল বলেছিল, জার্মানি জিতবে। হয়েছিল উল্টো! তাই অনেকেই চেয়েছিলেন তেমনি আরেকটা মধুর ভুল হোক। কিন্তু না, পলের অনুমান শেষতক তেতোই লাগল জার্মানদের কাছে। আর এর মধ্যে একটা কিন্তুও আছে। বলা হচ্ছে, পলের বয়স দুই। তা-ই যদি হয় তবে ২০০৮-এ ইউরো চ্যাম্পিয়নশিপে কী করে ভবিষ্যদ্বাণী করল সে!এর মধ্যে আবার পশু অধিকার সংস্থা পেটার জার্মান শাখা থেকে বলা হয়েছিল, পলকে মুক্ত করে দেওয়া হোক। সামুদ্রিক এই প্রাণীটিকে বন্দী করে এভাবে ফায়দা লোটা অন্যায়। এমনকি ফ্রান্সের ন্যাশনাল পার্কের জলাশয়েও তাকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সি লাইফ সেন্টারের লোকদের যুক্তি, পল নিজে নিজে খাবার সংগ্রহ করতে পারে না। ছেড়ে দিলে নির্ঘাৎ মরে যাবে।অনেকেই হয়তো গুনিন পলের কারিকুরিতে দারুণ মুগ্ধ, অনেকেই হয়তো হাস্যকর কুসংস্কার হিসেবে উড়িয়েই দিয়েছেন ব্যাপারটি। কিন্তু এটা বলা যায়, এবারের বিশ্বকাপ নতুন কী কী দিল?—এই প্রশ্নের উত্তরে গুনিন অক্টোপাস পলের নামটিও ওপরের দিকে থাকবে নিঃসন্দেহে! ওয়েবসাইট অবলম্বনে মাহফুজ রহমান