গুপ্তধন কাহিনি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা গৃহবধূ নার্গিস আকতারের মুঠোফোনে একদিন গভীর রাতে একটি কল আসে। রিসিভ করতেই ওই প্রান্তের মুঠোফোন (০১৮২৫৪২৬৮০৭) থেকে অজ্ঞাতনামা ব্যক্তি বলেন, ‘মা আমি গাজীত্মা বাবার মাজার থেকে জিনের বাদশা বলছি। বাবা আমাকে স্বপ্নে দেখিয়েছেন তুমি গুপ্তধন পেয়েছ এটা আমার কাছে আমানত আছে। এটার দাম ৫০-৬০ কোটি টাকা।’ এ কথা শুনে নার্গিস তো মহাখুশি। গুপ্তধনটি পেলে নিমিষেই কোটিপতি হবেন তিনি। কথিত জিনের বাদশার উদ্দেশে নার্গিসের প্রশ্ন—‘বাবা, এটা পেতে হলে আমাকে কি করতে হবে?’ তিনি বলেন, ‘মা, তোমাকে তিন দিন তাহাজ্জতের নামাজ পড়তে হবে। মাথায় ঘোমটা দিয়ে ঘরে চলাফেরা করতে হবে। নিরামিষ জাতীয় খাবার খেতে হবে।’ নির্দেশনা অনুযায়ী নার্গিস তিন দিন তাহাজ্জতের নামাজ আদায় করলেন এবং নিরামিষ জাতীয় খাবার খেলেন। গত ২৩ মার্চ গভীর রাতে আবার ফোন এল। এবার বলেন, ‘মা, এ গুপ্তধন যত তাড়াতাড়ি পার গৌবিন্দপুর গাজীত্মা বাবার মাজারে এসে নিয়ে যাও। তবে আসার সময় সঙ্গে ৩০ হাজার ৩৩৩ টাকা হাদিয়া আনতে হবে।’ নার্গিস বলেন, ‘বাবা, এত টাকা আমি কোথায় পাব।’ এ কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন জিনের বাদশা। তিনি বলেন, ‘তোমার ঘরে স্বর্ণালংকার থাকলে গুপ্তধন ঘরে ঢুকবে না। এখানে আসার সময় ব্যাগে করে এসব সোনাচাঁদি ও টাকা নিয়ে আসবে। খবরদার কাউকে কিছু বলবে না। বললে তোমার স্বামী ও সন্তানের মৃত্যু হবে।’ পরের দিন (২৪ মার্চ) ভোর পাঁচটায় কোলের শিশুকে নিয়ে গাইবান্ধা জেলার গৌবিন্দপুর গাজীত্মা বাবার মাজারের উদ্দেশে রওনা হন নার্গিস। সঙ্গে ঘরে রাখা আট ভরি স্বর্ণালংকারও ব্যাগে নিয়ে নেন। আর ধার-কর্জ করে ৩৩ হাজার ৩৩৩ টাকা এবং কিছু পথ খরচের টাকাও নিয়ে নেন। গাইবান্ধা জেলার গৌবিন্দপুর সেই গাজীত্মা বাবার মাজারের উদ্দেশে যাওয়ার সময় নার্গিসের সঙ্গে কথিত ওই জিনের বাদশার মুঠোফোনে যোগাযোগ অব্যাহত থাকে। নগরের গরিবউল্লাহ শাহ (রা.) মাজার এলাকার বাস কাউন্টার থেকে গন্তব্যে যেতে জিনের বাদশার চক্রের লোকজন নার্গিসকে সহায়তা করে। একই দিন সন্ধ্যায় নার্গিস ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছলে জিনের বাদশার লোকজন তাঁকে নিয়ে যায় মিরপুর চিড়িয়াখানার প্রধান ফটকে। তখন রাত সাড়ে আটটা। এ সময় জিনের বাদশা নার্গিসকে ফোন করেন, বলেন ‘মা, আমি তোমার কাছে চলে এসেছি।’ সেখানেই দেখা মেলে চটের বস্তা পরা, লম্বা চুলধারী অজ্ঞাতনামা ব্যক্তির। নার্গিসকে উদ্দেশ্য করে এ ব্যক্তি বলেন, ‘মা, আমিই গাজীত্মা বাবা। হাদিয়াগুলো (স্বর্ণালংকার ও টাকা) দিয়ে দাও।’ কথামতো আট ভরি স্বর্ণ ও ৩৩ হাজার ৩৩৩ টাকা কথিত ওই বাবার হাতে তুলে দেন নার্গিস। এরপর তাঁর (নার্গিস) হাতে লাল কাপড় মোড়ানো একটি পিতলের মূর্তি ধরিয়ে দিয়ে কথিত ওই বাবা বলেন, ‘মা, এটিই গুপ্তধন। বাড়ি গিয়ে হেফাজতে রাখবে এবং কয়েক দিন পর কিছু লোক তোমার কাছে গেলে এটি ৫০-৬০ কোটি টাকায় বিক্রি করে দিতে পারবে।’ গুপ্তধন নিয়ে নার্গিস পরের দিন ২৫ মার্চ সকালে শ্বশুর বাড়িতে (হাটহাজারীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা) ফিরে আসেন। ঘরে এসে বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি। এ ব্যাপারে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) কার্যালয়ে অভিযোগ করা হয়েছে।দুই.কক্সবাজার জেলার জালালাবাদ বৃহত্তর ঈদগাহ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৌলভি আব্দুস সাত্তার। ২০১০ সালের ৫ অক্টোবর একটি মুঠোফোন নম্বর (০১৮২৭৭৮১৮৩৮) থেকে তাঁর মুঠোফোনে কল করে অজ্ঞাতনামা ব্যক্তি বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি জিনের বাদশা। আমি জানি, আপনার বাড়িতে স্বর্ণের ডেকচি আছে অর্থাৎ গুপ্তধন। আমি তার সন্ধান জানি। এটা পেতে হলে আপনাকে কিছু ব্যয় করতে হবে।’ আবদুস সাত্তার কথিত জিনের বাদশার কথা শুনে গুপ্তধন পেয়ে হঠাৎ কোটিপতি বনে যাওয়ার আশায় আনন্দে আত্মহারা হয়ে যান। এরপর জিনের বাদশার কথামতো ৯ সেপ্টেম্বর কুরিয়ার সার্ভিসে প্রথমে ৬০০ টাকা, এরপর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ও এসএ পরিবহনের মাধ্যমে পর্যায়ক্রমে আট লাখ ৭৫ হাজার টাকা এবং জিনের বাদশার লোকের মাধ্যমে নগদ চার লাখ দুই হাজার টাকা পাঠান। কিন্তু শেষ পর্যন্ত জিনের বাদশার সেই স্বর্ণের ডেকচির সন্ধান আর পেলেন না। জিনের বাদশার মুঠোফোনটিও পাওয়া যায়। অবশেষে গত ১ ফেব্রুয়ারি মৌলভি আবদুস সাত্তার র্যাব-৭ কার্যালয়ে এসে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে র্যাবকে তিনি জানান, প্রায় ১৩ লাখ টাকা তিনি পেনশন বাবদ পেয়েছিলেন। ঘটনাটি বর্তমানে র্যাব-৭-এর তদন্তাধীন রয়েছে।