গুমাই বিলে বোরো উৎসব শুরু
বোরো চাষাবাদে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন গুমাই বিলের কৃষকেরা। দিনভর চলছে জমি ও বীজতলা তৈরির কাজ। নতুন ফসল বোনায় মেতে উঠেছেন তাঁরা।সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের শস্যভান্ডার খ্যাত গুমাই বিলে অসংখ্য পাওয়ার টিলার দিয়ে (কলের লাঙল) জমিগুলো একের পর এক চষা হচ্ছে। কৃষকেরা মই দিয়ে বীজতলা তৈরি করছেন। সেচযন্ত্রগুলো নির্বিঘ্নে পানি সরবরাহ করে যাচ্ছে। শ্রমিক ও কৃষক সবাই যেন মেতেছেন নতুন ফসল বোনার আনন্দে। এ সময় গুমাই বিলের কাটাখালী গ্রামের কৃষক আমিনুর রহমান জানান, গত অক্টোবরের শেষে আমন ফসল ঘরে উঠলেও পানির অভাবে বোরো চাষাবাদে নামতে পারেননি কৃষকেরা। পানি সরবরাহ নিশ্চিত করতে পারলে নভেম্বর ও ডিসেম্বর এ দুটি মাসও জাতীয় উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হতো। তবুও উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে নতুন বছরের শুরু থেকে গুমাই বিলে বোরো চাষাবাদে নেমেছেন কৃষকেরা। দেরি হওয়ায় কৃষকেরা এখন রাতদিন পরিশ্রম করে চাষাবাদ করছেন।উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা রমিজ উদ্দিন জানান, রাঙ্গুনিয়ায় প্রায় নয় হাজার ৮০০ একরেরও বেশি জমিতে এবার বোরো চাষাবাদ হবে। গুমাই বিলে ছয় হাজার একরেরও বেশি জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, দেরিতে হলেও কৃষকেরা উৎসবের আমেজে নতুন ফসল বোনার কাজে নেমেছেন।