গুমাইবিলে আমন বোনার উৎসব
রাঙ্গুনিয়ার গুমাইবিলে এখন চলছে আমন বোনার উৎসব। ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। সকাল-সন্ধ্যা সমানে চলছে জমি তৈরি আর ধানের চারা রোপণের কাজ। এদিকে বক, শালিকের দলও নেচে নেচে পোকা-মাকড় খাওয়ার উৎসব করছে এ বিলে। যা উপভোগ করার মতো। গুমাইবিলের কৃষক আমিনুর রহমান জানান, গত এপ্রিল মাসের শেষ সময়ে বোরো ফসল ঘরে তোলা হয়। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আমন চাষাবাদ শুরু করার কথা। কিন্তু বৃষ্টির কারণে বিল ডুবে থাকায় চাষাবাদে নামতে পারেননি কৃষকেরা। আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি কমে আসায় চাষিরা চাষ শুরু করেছেন। চাষ শুরু করতে দেরি হওয়ায় সবাই এখন রাত-দিন পরিশ্রম করে কাজ করছেন। সরেজমিনে দেখা যায়, দেশের শস্যভান্ডার হিসেবে খ্যাত গুমাইবিলের সর্বত্র নতুন ফসল বোনার আনন্দে মেতেছেন কৃষকেরা। অসংখ্য পাওয়ার টিলার (ইঞ্জিনচালিত কলের লাঙল) বিলের জমিগুলো চষে চলেছে। কৃষকেরা মই দিয়ে জমি তৈরি করছেন। কেউ কেউ তৈরি জমিতে চারা রোপণ করছেন।রাঙ্গুনিয়া উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা রমিজ উদ্দিন জানান, রাঙ্গুনিয়া প্রায় ১৬ হাজার ৩৯০ হেক্টর জমিতে এবার আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গুমাইবিলে দুই হাজার হেক্টরেরও বেশি জমিতে আমন চাষাবাদের কাজ চলছে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, ‘দেরিতে হলেও কৃষকেরা উৎসবের আমেজে নতুন ফসল বোনার কাজে নেমেছেন। প্রকৃতি বিরূপ আচরণ না করলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তুলতে পারবেন কৃষকেরা।’