শস্যভান্ডার খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম বিল—গুমাইবিল এখন মানুষের মাথা গোঁজার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। ১০ বছর ধরে ফসলি জমিতে গড়ে উঠছে ঘরবাড়িসহ নানা স্থাপনা। শুধু গুমাইবিল নয়, রাঙ্গুনিয়া উপজেলার সবকটি বিলেই এখন স্থাপনা গড়ে তোলার হিড়িক পড়েছে। ফলে দিন দিন কমছে ফসলি জমি। কমে যাচ্ছে খাদ্য উৎপাদন।জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৪৭টি বিল রয়েছে। এসব বিলে ইতিমধ্যে বহু ঘরবাড়ি ও দোকানপাট গড়ে উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গুমাইবিলের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের কদমতলি গ্রাম থেকে লিচুবাগান ও বনগ্রাম এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে সহস্রাধিক ঘরবাড়ি ও দোকানপাট গড়ে তোলা হয়েছে। বসতি স্থাপনের জন্য তৈরি বহু প্লট বিক্রির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী, কাটাখালি, মরিয়মনগর ডিসি সড়কের স্বনির্ভর ইউনিয়নের শান্তিনিকেতন, জানমোহাম্মদপাড়া ও মোগলের হাট এলাকায় জনবসতি গড়ে তোলার জন্য এ বিলের বহু জমি ভরাট করা হয়েছে। একইভাবে পোমরা তালুকদারপাড়াবিল, নলুয়াবিল, পারুয়াবিল, হাজারীবিল, সরফভাটাবিল, বেতাগিবিল, কোদালাবিল ও পদুয়াবিলের সড়কের পাশে বহু জমিতে জনবসতি গড়ে তোলা হয়েছে। প্রতিটি বিলে আরও নতুন নতুন স্থাপনা নির্মাণের কাজ চলছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘শস্যভান্ডার খ্যাত গুমাইবিল হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল। এ বিলে রয়েছে প্রায় দুই হাজার হেক্টর জমি। এ ছাড়া উত্তর রাজানগর ইউনিয়নের বগাবিল, রইস্যাবিল, পদুয়া ও পোমরা ইউনিয়নে কয়েকটি বড় বিল রয়েছে। এসব বিলে প্রায় ১৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন, আট হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ও ৫০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হচ্ছে। অথচ নব্বইয়ের দশকের গোড়ার দিকেও সবকয়টি বিলের প্রায় ১৮ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন, নয় হাজার ২০০ হেক্টর জমিতে বোরো এবং ৩০০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হতো। গত ২০ বছরে প্রায় দুই হাজার ৬০০ হেক্টর ফসলি জমিতে বসতি গড়ে উঠেছে। এর মধ্যে গুমাইবিলের চারপাশে প্রায় ৩০০ হেক্টর ফসলি জমিতে জনবসতি গড়ে তোলা হয়েছে। এলাকাবাসী জানান, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসন-সংকট বাড়লেও এক শ্রেণীর প্রভাবশালী মহল কৃষকদের ফাঁদে ফেলে ও চড়া মূল্যের লোভ দেখিয়ে ফসলি জমি কিনে জনবসতি গড়ে তুলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীরা মোটা অঙ্কের টাকা দিয়ে বিলের জমি কিনে ঘরবাড়ি ও দোকানপাট গড়ে তুলছেন। চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের কদমতলি গ্রামসংলগ্ন গুমাইবিলে বসতি গড়ে তুলেছেন উপজেলার কোদালা ইউনিয়নের রোকেয়া বেগম, হাজী রোকন উদ্দিন, সরফভাটা ইউনিয়নের শরীফ উদ্দিন, রাজানগর ইউনিয়নের মরিয়ম খাতুন। তাঁরা জানান, স্থানীয় ভূমি ব্যবসায়ীরা মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে কৃষকদের কাছ থেকে গুমাইবিলের জমি কিনে নিচ্ছে। এরপর প্লট আকারে এসব জমি দ্বিগুণ ও তিনগুণ বেশি দামে বিক্রি করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, শস্যভান্ডার খ্যাত গুমাইবিলসহ উপজেলার সবকয়টি বিলে যে হারে জনবসতি গড়ে উঠছে তাতে ফসলি জমি হারিয়ে যাওয়ার বিষয়টি আঁতকে ওঠার মতো। এতে খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে, ঘটছে পরিবেশ বিপর্যয়। তিনি আরও বলেন, ফসলি জমিতে যারা জনবসতি গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।