গুরু-শিষ্যের সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিহির লালা ও তাঁর শিষ্যদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল ৪ জানুয়ারি। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘হেরিটেজ রিভাইভ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় উচ্চাঙ্গসংগীতের এই আসর। হেরিটেজ রিভাইভের কল্যাণে যেন ক্ষণিকের জন্য পুরোনো ঐতিহ্যের কাছে ফিরে গেলেন দর্শক-শ্রোতারা। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এই সংগীত আসরে প্রথমে গান পরিবেশন করেন দিবাকর কানুনগো। ‘জনম লিয়ো তানহাইয়া’ এই বন্দিশে রাগেশ্রী রাগে বিলম্বিত একতালে খেয়াল দিয়ে শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর ত্রিতাল মধ্যলয়ে তিনি পরিবেশন করেন ‘নিকসত চাঁদনী’ এই বন্দিশটি। সুর আর তালের সঙ্গে খেলতে খেলতে তারানা দিয়ে শেষ করেন দিবাকর। শুরুটা মসৃণ না হলেও শেষ পর্যন্ত দর্শকদের বাহবা কুড়িয়েছেন নবীন এই শিল্পী। দর্শকের প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছেন অনেকখানি। শিষ্যের পর মঞ্চে হাজির হন গুরু মিহির লালা। মিশ্র পাহাড়ি রাগে তিনি পরিবেশন করেন ঠুমরি। ঠুমরির বন্দিশ ছিল ‘পিয়া গেয়ি পরদেশ।’ বয়স শিল্পীকে কাবু করতে পারে না, অসুস্থতাও নয়। এই কথার আরও একবার প্রমাণ রাখলেন মিহির লালা। এরপর জয়ন্তি লালা মান্দ রাগে পরিবেশন করেন খেয়াল। বন্দিশ ছিল ‘কাটে না বৈরনিয়া’। জয়ন্তি লালার পর দুর্গা রাগে খেয়াল পরিবেশন করেন শিমু বিশ্বাস। বন্দিশ ছিল ‘লগন তোসে লাগি’। সব শেষে বাঁশি। মালকোষ রাগে ধুন বাজিয়ে শোনান রণজিৎ দাশ। সামগ্রিক পরিবেশনার মধ্যে ভালো লেগেছে দিবাকরের গান। এমন মন্তব্য সংগীতসন্ধ্যায় আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিকুল ইসলামের। এর আগে আসরের শুরুতে স্বাগত বক্তব্যে মিহির লালা জানান, হেরিটেজ রিভাইব এই সংগীতসন্ধ্যার মাধ্যমে আত্মপ্রকাশ করল। ভারতীয় উপমহাদেশে ধ্রুপদ সংগীতের যে ঐতিহ্য সে ঐতিহ্যের কাছেই ফিরে যাওয়ার বাসনা থেকেই এই সংগঠনের জন্ম। মূলত মিহির লালা এবং তাঁর কয়েকজন শিষ্য এই সংগঠনের সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৌতবিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।