গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ব্যাংকে কাজ করার স্বপ্ন নিয়ে যাঁরা অফিসার পদে আবেদন করেছিলেন, তাঁদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ জানুয়ারি। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। প্রবেশপত্র পাওয়া যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। প্রবেশপত্র হাতে পাওয়ার পর স্বাভাবিকভাবেই মনস্তাত্ত্বিক চাপ অনুভূত হয়। হাতে রয়েছে মাত্র কটা দিন। শেষ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে মনোবল অটুট রেখে পরীক্ষায় অংশ নিলে সাফল্য ধরা দেবেই। মনে রাখতে হবে, এমসিকিউ পদ্ধতির পরীক্ষার ৬০ মিনিট সময় খুব গুরুত্বপূর্ণ। ১০০টি প্রশ্নের প্রতিটির জন্য গড়ে ৩৩ সেকেন্ড সময় পাওয়া যায়। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। সুতরাং সময় সতর্ক হয়ে যথোপযুক্ত প্রশ্ন বাছাই করে উত্তর না দিতে পারলে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও হাতছাড়া হয়ে যেতে পারে কাঙ্ক্ষিত সুযোগ।

শুরুটা হোক ভালো
বহুনির্বাচনি বা এমসিকিউ পরীক্ষা পদ্ধতিকে ক্রিকেট খেলায় ব্যাট করার সঙ্গে তুলনা করা হয়। এখানে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, সার্বক্ষণিক মনোযোগ ও মনোবল খুবই প্রয়োজন। সব বল খেলার মতো সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে সব নিজের বিপদ ডেকে আনা কিংবা মনোবল হারানো আত্মঘাতীই বটে। সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। প্রয়োজনও নেই। তাই শুরু থেকেই সতর্ক থাকুন, উত্তর দেওয়ার ক্ষেত্রে সংযমী হোন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান কিংবা প্রযুক্তি-যে অংশের ওপর আপনার দখল ভালো, শুরু করুন সেখান থেকেই। প্রতিটি প্রশ্নের মান যেহেতু সমান, তাই সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে নিজের পছন্দ ও পারদর্শিতা।

বাংলা ইংরেজি সমানে সমান
বাংলা ইংরেজি উভয় অংশ থেকেই ২০টি করে প্রশ্ন থাকে। বাংলার ক্ষেত্রে সাহিত্য অংশ থেকে অধিকাংশ প্রশ্ন এলেও ইংরেজিতে সমার্থক শব্দ, বিপরীত শব্দসহ ব্যাকরণ অংশের প্রাধান্য থাকে। বাংলায় বানান বা বাক্য শুদ্ধিকরণ, প্রবাদ প্রবচন, বাগ্ধারা, সন্ধি, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, এককথায় প্রকাশ আসে। পরীক্ষার সময় এসব প্রশ্ন জানা থাকলে দ্রুত উত্তর দিয়ে সময় সাশ্রয় করুন।

গণিতের বাড়তি সময়
আনুপাতিকভাবে গণিতে বেশি সময় লাগে। গণিত ও অ্যাপটিটিউড টেস্ট মিলে এ অংশ থেকে মোট ৩০টি প্রশ্ন থাকে। সাধারণ গণিতের পাশাপাশি গাণিতিক বিশ্লেষণী ক্ষমতা যাচাইয়ের জন্য অ্যাপটিটিউড টেস্ট অংশে গ্রাফ, ছক, টেবিল বা বর্ণনা দেওয়া থাকে, তা থেকে উত্তর দিতে হয়। কোনো অঙ্ক জটিল বা অপরিচিত মনে হলেই ছেড়ে দিন। মাথা খাটিয়ে সময় নষ্ট করা বোকামি। আপনার প্রস্তুিত যেমনই থাক গণিতে অন্তত অর্ধেক অঙ্ক পাবেন, যেগুলো সাধারণ মানের ও সহজসাধ্য। আগে থেকেই ক্যালকুলেটর ছাড়া অঙ্ক সমাধানের অনুশীলন করলে পরীক্ষার সময় বাড়তি সুবিধা পাওয়া যায়।

প্রযুক্তিতে দশে দশ
কম্পিউটার প্রযুক্তি অংশ থেকে ১০টি প্রশ্ন থাকে। অনেকেই এই অংশটি নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তাঁদের ধারণা, বিষয়ভিত্তিক একাডেমিক পড়াশোনা ছাড়া এ অংশে ভালো করা সম্ভব নয়। অথচ নির্দিষ্ট কিছু বিষয় ভালোভাবে আয়ত্ত করতে পারলে যে কেউই এ অংশে পূর্ণ নম্বর পেতে পারেন। ব্যাংক নিয়োগ পরীক্ষার আগের প্রশ্ন পড়লে ভালো কাজে দেয়। এ ছাড়া কম্পিউটার প্রযুক্তির জন্য বাজারের যেকোনো বই আদ্যোপান্ত ভালোভাবে পড়ার পাশাপাশি দৈনিক পত্রিকার টেক বা প্রযুক্তি পাতা নিয়মিত পড়লে তা ফলপ্রসূ হয়।

জানার কোনো শেষ নেই
সমসাময়িক নানা বিষয়ে সম্যক ধারণা থাকলে তা পরীক্ষায় কাজে আসে। সাধারণত সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি মিলিয়ে ১০টি প্রশ্ন থাকে। এ অংশে ভালো করতে দীর্ঘমেয়াদি প্রস্ত্ততি নিতে হয়। ভালো মানের বই ছাড়াও নিয়মিত পত্রিকা পড়া, বেতার-টেলিভিশনের সংবাদ শোনার অভ্যাস থাকলে প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়। প্রায় একই রকম চারটি উত্তর দেখে দ্বিধান্বিত হয়ে ভুল উত্তর দেওয়ার প্রবণতা বেশি দেখা যায় সাধারণ জ্ঞান অংশে। তাই বাড়তি সাবধানতা দরকার। মনে রাখতে হবে, শুধু বেশি বেশি পড়ে পাকা প্রস্ত্ততি নিয়ে এলেই ভালো পরীক্ষা হবে এমন কোনো কথা নেই বরং পরীক্ষার এক ঘণ্টা সময়েই নির্ধারিত হবে পরবর্তী ধাপের জন্য মনোনীত হবেন কি না? শুভকামনা সবার জন্য।
লেখক বাংলাদেশে ব্যাংকের সহকারী পরিচালক