গুরুত্বপূর্ণ সড়কে মুমূর্ষু সেতু
নগরের বিমানবন্দর সড়কে ৯ নম্বর জেটিঘাট এলাকায় খালের নির্মিত সেতুটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এটির স্তম্ভ ও রক্ষাদেয়ালের ইট-সুরকি খসে পড়ছে। গুরুত্বপূর্ণ সেতুটি ছয় মাস আগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও মেরামতের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।বর্তমানে এই সেতু দিয়ে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। ফলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় দক্ষিণ পতেঙ্গার ওয়ার্ড কাউন্সিলর নুরুল আবছার সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সিটি করপোরেশন এই জায়গায় নতুন সেতু নির্মাণের জন্য এক কোটি ৪৫ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যে দরপত্র আহ্বানও হয়ে গেছে। জানতে চাইলে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে সেতু সংস্কারের কাজ শুরু হবে।১০ জানুয়ারি সরেজমিনে বিমানবন্দর এলাকায় গিয়ে দেখা যায়, ৯ নম্বর পতেঙ্গা জেটিঘাট এলাকায় খালের ওপর নির্মিত সেতুর ক্ষতিগ্রস্ত অংশ ইটের দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। সেতুর দুই পাশে যানবাহন নিয়ন্ত্রণ করছেন একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কয়েকজন সদস্য। জানতে চাইলে নিরাপত্তা-কর্মী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা চারজন গত ছয় মাস ধরে এই সেতুতে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছি। কোনো ট্রাফিক পুলিশ নেই।’এ সময় সেতুর পাশের পদ্মা অয়েল কোম্পানির কর্মচারী মোহাম্মদ হানিফ জানান, এটি ভিআইপি সড়কে অবস্থিত এই সেতু ভেঙে গেছে ছয় মাস আগে। মেরামতের কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। সেতুটিতে যানবাহন উঠলে কাঁপতে থাকে।এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিমানবন্দর ও আশপাশের এলাকার ১০ হাজার মানুষ যাতায়াত করেন।স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, এই সড়ক দিয়ে মন্ত্রী-সাংসদেরা বিমানবন্দরে আসা-যাওয়া করেন। গত ছয় মাসে সেতুর এই বেহাল দশা কারও চেখে পড়েনি?