গুরুদুয়ারায় সবার ঠাঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় বেলা দেড়টা। আসন গ্রহণ করলেন পূজারি। মাথায় পাগড়ি। শান্ত-সৌম্য চেহারা। উপাসনালয়ের ভেতরে চারদিকে চোখ বুলিয়ে নিলেন। জনা ত্রিশেক মহিলা-শিশুসহ প্রায় ৫০ জন নীরবে অপেক্ষা করছেন। শুরু হলো প্রার্থনা— ‘ভাই গুরুজির নামে খালসা। ভাই গুরুজির আশীর্বাদে রাম-কালি মহল্লা তির্যা। মানবের প্রতিটি মুহূর্ত ভরে থাক আনন্দে’ পাঞ্জাবি আর বাংলা ভাষায় পাঠ করা মন্ত্র তন্ময় হয়ে শুনছিলেন ভক্তরা।গত শুক্রবার নগরের চকবাজারের জয়নগরে অবস্থিত শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয় শিখ মন্দির—গুরুদুয়ারায় গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ল। শিখ ধর্মাবলম্বীদের এই মন্দিরে সব ধর্মের মানুষেরই প্রবেশাধিকার আছে। আর সে কারণেই প্রতি শুক্রবার নানা ধর্মের-বর্ণের লোকজনের মিলনমেলায় পরিণত হয় এই উপাসনালয়।জানা গেছে, বন্দর নগর চট্টগ্রামে শিখ ধর্মাবলম্বীদের দুটি উপাসনালয় রয়েছে। এর মধ্যে একটি নগরের চকবাজারে এবং অপরটি পাহাড়তলীতে অবস্থিত। উপাসনালয় দুটি কলকাতা গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। কমিটি থেকে নির্দিষ্ট সময়ের জন্য এখানে পূজারি নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রামের একমাত্র শিখ পরিবারের সদস্য গৌরাঙ্গ সিং বললেন, ‘প্রাত্যহিক প্রার্থনা ছাড়াও প্রতি শুক্রবার আমাদের সাপ্তাহিক উপাসনা হয়। উপাসনায় দেশি-বিদেশি সব ধর্মের লোকের প্রবেশাধিকার আছে।’ মন্দিরের পূজারি বাবা মিজর সিং জানালেন, নানা ধর্মের লোকজন শুক্রবার এখানে আসেন। তা ছাড়া শিখ ধর্মাবলম্বী বিদেশি লোকজনও এখানে প্রার্থনা করেন। কথা হয় দেশের বাইরে থেকে আসা অমরজিৎ সিং ও তাঁর স্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বী লুইস ইয়ংয়ের সঙ্গে। চমৎকার বাংলা বলেন এই দম্পতি। অমরজিৎ বললেন, ‘প্রায় ২০ বছর ধরে আমাদের চট্টগ্রামে যাতায়াত। এখানে আমার ব্যবসা আছে। তাই চট্টগ্রাম এলে এখানেই প্রার্থনা করতে আসি। সঙ্গে আসেন আমার স্ত্রী।’ পট্টি মাথায় পুরোদস্তুর গুরুজিভক্ত হয়ে উপাসনালয়ের একপাশে বসেছেন দেবব্রত সরকার। কথায় কথায় বললেন, ‘আমি শিখ নই, সনাতন ধর্মের মানুষ। তবে এখানে আসতে ভালো লাগে, তাই আসি।’কেবল দেবব্রত নন, তাঁর চার বন্ধুও প্রতি শুক্রবার এখানে আসেন। জানালেন ভিন্ন সংস্কৃতির প্রতি ঝোঁক থেকেই তাঁদের এখানে আসা।আগ্রাবাদ থেকে আসা আলতাফ হোসেন জানালেন বিভিন্ন ধর্মের বিষয়ে জানার আগ্রহ থেকেই তিনি এখানে এসেছেন। বললেন, ‘এখানে আসার আগে এক ফাঁকে জুমার নামাজও পড়ে এসেছি।’ অনেকেই আসেন কেবল দর্শনীয় এই মন্দিরটি দেখবেন বলে। সিঙ্গাপুর থেকে বেড়াতে আসা মা-মেয়ে নিংনিং থাপা ও লুসি থাপাও সেই দলে পড়েন। ছবি তোলায় ব্যস্ত লুসি থাপা জানালেন, ‘স্কুল বন্ধ। তাই ছুটিতে মাকে নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছি। এখানে এসে এ মন্দিরটির কথা জানলাম। তাই দেখতে এসেছি।’ স্থানীয় মহিলা ও শিশুদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছিলেন মা নিংনিং থাপা। ভাষার সমস্যা থাকলেও আন্তরিকতাই সব ব্যবধান ঘুচিয়ে দিল। নিংনিং জানালেন, ‘খুব ভালো লেগেছে বাংলাদেশ। ভালো লেগেছে চট্টগ্রামও। সময় পেলে আবার আসব।’প্রার্থনা শেষ। এদিকে শেষ হয়েছে পাশের মসজিদের জুমার নামাজও। বিদেশি দেখে কথা বলতে এগিয়ে এলেন এক মুসল্লি তাবারুল হক। তাঁকে দেখে লুসি বললেন, ‘আপনি মুসলিম, অমরজিৎ শিখ, লুইস খ্রিষ্টান আর আমি মুক্তচিন্তার মানুষ। সবার সহাবস্থানেই তো সুন্দর হয়ে উঠবে পৃথিবীটা।’ জানা গেছে, আজ থেকে ৫০৮ বছর আগে ১৫০৪ সালে চট্টগ্রামে মন্দিরটি স্থাপন করেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক। বর্তমানে এটি দেবোত্তর সম্পত্তি। চট্টগ্রামের একমাত্র শিখ পরিবারের সদস্য গৌরাঙ্গ মন্দিরের পাশে একটি চায়ের দোকান চালান। তিনি জানান, তাঁর দাদা সুন্দর দাস সিং ১৯৩৯ সালে লাহোর থেকে এখানে আসেন। তিন ছেলে দুই মেয়ে নিয়ে তাঁর সংসার। ভাই নিতাই সিং দুই মেয়ে ও এক ছেলে নিয়ে থাকেন মাদাম বিবির হাটে।