কাশ্মীরে পর্যটকদের অন্যতম আকর্ষণ গুলমার্গ। শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে এই গুলমার্গ। পরিবেশ প্রতিকূলতা চিন্তা করে শ্রীনগর শহর থেকে আমাদের দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল না। দুপুরে শ্রীনগর হোটেলের বয়-বেয়ারা আর আশপাশের লোকজনের সঙ্গে আলাপের পর গুলমার্গ যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেললাম। তাদের কথা হলো, কাশ্মীর তথা শ্রীনগরে এলে গুলমার্গ না দেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। গুলমার্গ যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর—তার ওপর সরকার এটাকে সাজাতে ব্যাপক উদ্যোগ নিয়েছে।১৪ জনের ছোট মিনিবাসে আমরা সিট পেলাম একদম পেছনে। পরিবেশ প্রতিকূলতা মনকে ভারী করে রেখেছে বিধায় একা ট্যাক্সি নিয়ে যেতে সাহস হচ্ছিল না। পর্যটকেরা ওঠার পর গাড়ি ছাড়তে ছাড়তে নয়টা হয়ে যায়। যাত্রীদের মধ্যে আছেন কয়েকজন ইউরোপিয়ানও। উপত্যকায় উঁচু-নিচু পাহাড়ি শহর শ্রীনগরকে পেছনে রেখে আমাদের মিনিবাস শ্রীনগর থেকে উত্তর-পশ্চিমে যাচ্ছিল। রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার ধারে, লোকালয়ের সামনে, বাজারে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্যকে দেখতে পাচ্ছিলাম। রাস্তার পাশে চলমান কাশ্মীরিদের চেহারা খানিকটা মলিন—কাপড়-চোপড়ে গরিবানা হাল। অধিকাংশ পুরুষ কাশ্মীরির পরনে দেখলাম ওভারকোট কিংবা আরবীয় ধরনের জুব্বা। মেয়েদের সবার মাথায় কাপড়। গায়ে শীতের সোয়েটার। এ মহাসড়কের অবস্থা ততটা ভালো নয়। পথে কোথাও গাড়ি থামিয়ে নিরাপত্তাকর্মীরা তল্লাশি করেননি। পথে পথে অসংখ্য বাজার, লোকালয়। সেখানে ঘোড়ার গাড়ির যাতায়াত অত্যধিক। দেড় ঘণ্টার বেশি সময় পথ অতিক্রম করে আমরা টাংমার্গ এসে পৌঁছাই। এখানে প্রায় আধঘণ্টা যাত্রাবিরতি। আমাদের সঙ্গে কোনো ট্যুরিস্ট গাইড নেই, চালকই সবকিছু। চালক বললেন, ‘যাঁরা ইচ্ছা করেন, এখান থেকে ওভারকোট ও বুট জুতা ভাড়া নিতে পারেন।’ সঙ্গী পর্যটকেরা সবাই রাস্তার ধারে দোকানগুলোতে গিয়ে জুতা জমা রেখে হাঁটু পর্যন্ত রবার বুট পরে আসছিলেন। কারণ, বরফের ভেতর হাঁটাহাঁটি করতে গিয়ে জুতা নষ্ট হয়ে যাবে এবং যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তখন ওভারকোট দরকার। আমরা তিনজন গিয়ে ১১০ রুপি করে দিলাম। বিনিময়ে মিলল জুতা আর ওভারকোট। এ টাংমার্গ দীর্ঘ যুগ ধরে পর্যটন আকর্ষণের অন্যতম স্থান ছিল। এখানে হোটেল, রেস্টুরেন্টসহ নানা স্থাপনা রয়েছে। কাশ্মীর উপত্যকার পশ্চিম দিকে এই টাংমার্গ। এখান থেকে ১৩-১৪ কিলোমিটার পর্বতের ওপরের দিকে উঠে গেলে গুলমার্গ। সেকালে গুলমার্গে যাতায়াতের ব্যবস্থা ছিল ঘোড়ায় চড়ে, নয়তো পায়ে হেঁটে। এখন টাংমার্গ থেকে গুলমার্গ যাওয়ার জন্য পর্বতের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তা নির্মাণ করা হয়েছে। টাংমার্গে আধা ঘণ্টার মতো যাত্রাবিরতি শেষ। এর পর আমাদের ছোট মিনিবাসটি পশ্চিম হিমালয় পর্বতরাজির একটির গা বেয়ে আঁকাবাঁকা রাস্তায় ওপরের দিকে উঠতে থাকে।ওঠা যেন শেষ হয় না। পর্বতের গায়ে ওঠা এ রাস্তার দুই পাশে অসংখ্য পাইনগাছ রাস্তার সৌন্দর্য বহুলাংশে বাড়িয়ে তুলেছে। রাস্তাটি খুবই মসৃণ ও সুন্দর। কয়েক কিলোমিটার যাওয়ার পরপর রাস্তার ধারে পর্বতের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছিল। আরও কিছু দূর ওঠার পর ওপরে-নিচে চতুর্দিকে বরফ আর বরফ—নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। আরও কিছু দূর ওঠার পর আমরা অনেকটা সমতল ভূমিতে চলে আসি।এখানে বিভিন্ন অফিস-আদালত, হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট, ঘরবাড়ি রয়েছে। আরও রয়েছে নিরাপত্তাকর্মীদের ক্যাম্প। এখানেও বরফ আর বরফ।দুপুর ১২টার মতো হবে। চালক বলে দিলেন, চারটার আগে যেন সবাই অবশ্যই ফিরে আসি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা অনুভূত হচ্ছিল। সোয়েটার থাকলেও ওভারকোট না নিলে শীতে যে কষ্ট পেতাম, তা অনায়াসে বোঝা গেল। আকাশ পরিষ্কার, মেঘমুক্ত। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ঘোড়ার মালিকেরা আমাদের ঘিরে ধরে। এখান থেকে এক-দেড় কিলোমিটার দূরত্বে কেব্লকার স্টেশন। ওই স্টেশন পর্যন্ত পরিষ্কার বড় রাস্তা থাকলেও সরকারি বিশেষ গাড়ি ছাড়া অন্যদের ওপরের দিকে যাওয়া নিষেধ। ফলে কেউ হেঁটে যাচ্ছে, কেউ ঘোড়ায় চড়ে যাচ্ছে। আমরা ঘোড়ায় চড়ে যাওয়াটা পরিহার করে কেব্লকার স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম।এপ্রিল মাসের প্রথম দিকেও এখানের তাপমাত্রা শূন্যের কাছাকাছি। চারদিকে বরফ জমাট বেঁধে রয়েছে। বরফের মাঝে মাঝে অফিস-আদালত, ঘরবাড়ি, দোকানপাট দাঁড়িয়ে আছে। ঘোড়াওয়ালাদের কথায় বিভ্রান্ত না হয়ে কেব্লকার স্টেশনের দিকে যেতে থাকি। কেব্লকারে প্রথম স্টেশন পর্যন্ত যেতে ৩০০ রুপি জনপ্রতি ভাড়া। দ্বিতীয় স্টেশন যেতে ৬০০ রুপি জনপ্রতি ভাড়া। কেব্লকারে আমরা আরও ওপরের দিকে উঠতে থাকি।গুলমার্গ সমতল ভূমি থেকে দুই হাজার ৬৭০ মিটার ওপরে অবস্থিত। কিছুক্ষণের মধ্যে আমরা এ স্টেশনে পৌঁছালে কেব্লকারের দরজা খুলে দেওয়া হয়। অতঃপর আমরা বরফ পাহাড়ের ওপর হাঁটতে থাকি। কেব্লকারে করে শত শত ভ্রমণকারী নর-নারী এ স্টেশনে এসে স্কি খেলছেন দেখলাম। অনেকে বরফের ওপর নানা খেলাধুলা করছেন। কিছুক্ষণ যেতে না-যেতেই মেঘ এসে আকাশ কালো হয়ে যায়। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে বৃষ্টি না ঝরে মেঘ সরে গেল।পায়ে জুতার স্থলে রাবার বুট না হলে এ বরফের মধ্যে হেঁটে আমাদের জুতা নষ্ট হয়ে যেত। অপর দিকে ওভারকোট না হলে শুধু সোয়েটার পরে বরফ জগতে অনভ্যস্ত এই বাঙালির অবস্থা কী হতো, তা বলা মুশকিল।এই স্টেশনে দীর্ঘ সময় কাটাই। অতঃপর কেব্লকারে আবারও গুলমার্গে ফিরে যাই।