গুলি করে ঘূর্ণিঝড় ইরমাকে জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিবীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইরমা। এই ঝড়ের কবলে পড়ে এরই মধ্যে অন্তত ২২ জনের প্রাণ গেছে। সেই ঘূর্ণিঝড় ইরমাকে গুলি করে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফ্লোরিডারই একদল লোক।

ফ্লোরিডার যেসব অধিবাসীর বন্দুক রয়েছে, তাঁদের অনেকেই ইরমাকে গুলি করে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বলা হয়েছে, ‘চলুন ইরমাকে দেখিয়ে দিই, আমরাই প্রথম আঘাত করেছি।’ গতকাল পর্যন্ত ২৩ হাজারের বেশি মানুষ এই আহ্বানে সাড়া দিয়েছেন। আগ্রহ প্রকাশ করেছেন ৫০ হাজার ব্যবহারকারী। রিয়ন এডওয়ার্ডস নামের এক ব্যবহারকারী ইভেন্টটি খুলেছেন।

গতিপথ পরিবর্তন না হলে আজ রোববারই ফ্লোরিডায় আঘাত হানতে পারে ইরমা। আর রিয়নের ইভেন্টে আগ্রহ প্রকাশ করা ফ্লোরিডায় বন্দুকের মালিকেরা সিদ্ধান্তে অটল থাকলে স্থানীয় সময় সকাল থেকেই ইরমার দিকে গুলি ছুড়তে শুরু করেছেন।

শুরুতে রিয়ন নিজেও ভাবতে পারেননি, এতটা সাড়া পাবেন তিনি। ২২ বছর বয়সী এই তরুণ বিবিসি নিউজবিটকে বলেন, মানসিক চাপ আর বিষণ্নতা থেকে তিনি ইভেন্টটি খুলেছিলেন। কিন্তু এতে যে সাড়া মিলেছে, তা রীতিমতো অবাক করে দিয়েছে তাঁকে। তাঁর ভাষ্য, এই পাগলাটে পরিকল্পনা যে এতটা সাড়া ফেলবে, তা তিনি ভাবতেও পারেননি। বিষয়টা এখন একপ্রকার নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে।

কিছু মানুষের কথাবার্তায় বোঝাই যাচ্ছে, ইরমাকে গুলি করে জবাব দেওয়ার পরিকল্পনাটি তাঁরা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এক ফেসবুক ব্যবহারকারী তো বন্দুক হাতে নিজের ছবিই পোস্ট করেছেন। সঙ্গে বার্তা দিয়েছেন, ‘আমি বসে বসে অপেক্ষা করব না। সোজা চোখ লক্ষ্য করে গুলি ছুড়ব।’

আরেক ব্যবহারকারী সংশয় প্রকাশ করে লিখেছেন, এভাবে গুলি করে জবাব দিলে আবহাওয়া আরও পাগলাটে হয়ে উঠবে না তো?