গুলি ছুড়ে পুলিশের ক্ষোভ প্রকাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান উপজেলার হলদিয়ায় পাহাড়ের পাশে আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) পুলিশের ক্যাম্প। এই ক্যাম্পটি স্থাপন করা হয় পাহাড়ে থাকা সন্ত্রাসীদের হাত থেকে স্থানীয় লোকজনকে রক্ষার জন্য। ১০ জানুয়ারি রাতে ওই ক্যাম্পে হঠাৎ গুলির শব্দ। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ—সন্ত্রাসীরা হানা দিল কিনা। কেউ কেউ এগিয়ে যায় পুলিশ ক্যাম্প পর্যন্ত। পরে জানা যায়, গুলির শব্দ কোনো সন্ত্রাসী গ্রুপের নয়। অথবা তাদের প্রতিরোধ করা নিয়েও নয়। গুলি ছোড়ার ঘটনাটি ঘটে এক পুলিশ সদস্যের ক্ষোভ থেকে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্যাম্পের ভেতর সহকর্মীদের সঙ্গে তাস খেলছিলেন এক পুলিশ সদস্য। খেলা ছেড়ে তাঁকে (মঙ্গলবার রাত আটটা) রাত্রিকালীন টহলে যাওয়ার জন্য বার বার তাগাদা দিচ্ছিলেন দ্বায়িত্বরত উপপরিদর্শক। খেলা ছেড়ে টহলে যাওয়ার ক্ষোভে ওই পুলিশ সদস্য নিজ রাইফেল থেকে পর পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। স্থানীয় বাসিন্দা হরি শংকর দত্ত বলেন, এমনিতে পাহাড়ে সংঘাত চলছে। বিভিন্ন স্থানে হচ্ছে চুরি ডাকাতি। এই পরিস্থিতিতে রাতে হঠাৎ গুলির শব্দে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরে খবর নিয়ে জানতে পারে পুলিশ ক্যাম্পেই এই গুলির শব্দ হয়েছে। এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি শুনেছি।’এই ঘটনায় ১১ জানুয়ারি ক্যাম্পে তদন্তে আসেন আরআরএফ পুলিশের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেদিনই ক্যাম্পের সব পুলিশ সদস্য প্রত্যাহার করে নেন। এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি কেন ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।