গত বছরের ৯ আগস্ট। রাতে কাজী কামরুল ইসলামের মুঠোফোনে একটি ফোন আসে। অপরপ্রান্তে তাঁর বাসায় বড় হয়ে ওঠা রাজীব হোসেন। ঢাকা থেকে কিশোর রাজীব ফোনে যা জানাল তা এ রকম, ‘মামা আমি টিকে গেছি। আমাকে ম্যানচেস্টার যাওয়ার জন্য তৈরি হতে বলেছে। টিভি খুলে দেখেন আমাকে লাইভ দেখাচ্ছে।’ বলতে বলতে গলা ভারী হয়ে ওঠে রাজীবের। আর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কামরুল ইসলাম চিৎকার করে বাসার সবাইকে এই সুখবরটি দিতে ব্যস্ত হয়ে পড়েন।ইতিমধ্যে নভেম্বরে রাজীব দেশের আরও ১১ জন কিশোরের সঙ্গে এক সপ্তাহের জন্য ম্যানচেস্টার ঘুরে এসেছে। এয়ারটেল রাইজিং স্টার (যেখানে গড়ে ওঠে ফুটবল স্টার) এর অংশ হিসেবে দেশের ৬০ হাজার খুদে ফুটবলার থেকে পর্যায়ক্রমে এই ১২ জনকে মনোনীত করা হয়েছিল। রাজীব তাদেরই একজন। কিন্তু বাকিদের মতো জীবন পায়নি রাজীব। সে সুবিধাবঞ্চিত। শৈশব কেটেছে অনাহার অর্ধাহারে। পড়ালেখার সুযোগও পায়নি। ছয় ভাই তিন বোনের সংসারে সব সময় ছিল টানাটানি। উপার্জন বলতে বহদ্দারহাট বাসার সামনে ফুটপাতে বসে বাবার লুঙ্গি বিক্রির ব্যবসা। মা জুলেখা খাতুনও অন্যের বাড়িতে কাজ করেন। এত অভাব অনটনের মধ্যে সবার ছোট রাজীব হোসেন একটি স্বপ্ন বুনত মনে মনে। ফুটবলার হওয়ার স্বপ্ন। সকাল-বিকেল পাড়ার মাঠে ফুটবল নিয়ে মেতে থাকত রাজীব। এজন্য বকুনিও কম শুনতে হয়নি। টিভিতে ফুটবল খেলা মানেই রাজীবের দৌড়। কিন্তু মানুষের বাসায় কি আর সব সময় টিভি দেখা যায়! বয়স তখন আট বছর হবে। মা জুলেখার সঙ্গে রাজীবও প্রতিদিন চলে যেতেন কামরুল ইসলামের বাসায়। যেতে যেতে একসময় রাজীব ওই বাসায়ই টুকটাক বাজার কিংবা অন্যান্য কাজ করার পাশাপাশি থাকার সুযোগ পায়। তখন আর তাকে পায় কে। খাওয়া দাওয়ার কষ্টতো গেলই। পাশাপাশি টিভিতে খেলাও দেখা যাবে। কামরুল সাহেবকে মামা বলে ডাকে রাজীব। মামার কাছে মেসির টি-শার্ট খেলার বুট থেকে সব আবদার চলে। পাশাপাশি বিকেলে খেলতে যাওয়ার অনুমতিও। ফুটবল খেলা দেখতে দেখতে রাজীব একসময় স্পেনের বার্সেলোনা আর মেসির ভক্ত হয়ে পড়ল। মেসিপাগল রাজীবের কথাটা শোনা যাক কামরুল ইসলামের মুখেই, ‘রাতে খেলা দেখার জন্য সে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখত। মেসি বলতেই সে পাগল। অনেক দিন রাতে খেলা দেখে পরদিন আমাকে গল্প শোনাত। ম্যানচেস্টার যাওয়ার প্রতিযোগিতায় রাজীব পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা, বিভাগ পেরিয়ে ঢাকার টিকিট পেল। ঢাকায় ২০০ জনের সঙ্গে প্রতিযোগিতা শেষে ম্যানচেস্টারের টিকিট। কিন্তু ২০ দিনের মধ্যে পাসপোর্ট করতে হবে। অনেক টাকাও দরকার। রাজীবের সামনেই কামরুল সেই কাহিনি বললেন, ‘আমি রাজীবকে বললাম ভাগিনা কোনো চিন্তা নেই। পরে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিজানুর রহমান এবং পাসপোর্ট অফিসের উপপরিচালক কফিল সাহেবের সহায়তায় আমি ২০ দিনের মধ্যে পাসপোর্ট বের করতে পেরেছি।’ রাজীব বলে, ‘পাড়ায় আমাকে সবাই মেসি নামে ডাকে। খেলি বড়দের সঙ্গেও। কিন্তু কোনো দিন ম্যানচেস্টার যেতে পারব সেটা ভাবিনি। ম্যানচেস্টার স্টেডিয়াম, ম্যানচেস্টার মিউজিয়ামে গিয়ে মন ভরে যায়। আর ওখানকার কোচরা আমাদের যেসব টেকনিক শিখিয়েছে তা খুব ভালো ছিল।’ম্যানচেস্টার যাওয়ার প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই রাজীব মহানগর সিরাজ কিশোর ফুটবল লিগের নিয়মিত খেলোয়াড়। বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছে। ১৫ বছরের রাজীব এখন খেলে আবাহনী জুনিয়র দলে। অনুশীলন করে কোচ শামীমের অধীনে আর স্বপ্নের ডালপালা বিস্তার করে এই সেন্ট্রাল মিডফিল্ডার—‘আমি স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার, জাতীয় দলকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার।’