গৃহকর্মী শান্তি হত্যা রহস্য দেড় মাসেও উদ্ঘাটন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় মাস অতিবাহিত হলেও কক্সবাজারের মহেশখালী উপজেলায় গৃহকর্মী শান্তি রাণী দে হত্যাকণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ কারণে ওই মামলার বাদী মানিক দে হতাশ হয়ে পড়েছেন। এদিকে শান্তি রাণী দের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পুলিশ সুপারের কাছে সম্প্রতি লিখিত আবেদন জানিয়েছে। নিহত শান্তি রাণী দের ছেলে মানিক দে বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমার মা উপজেলা সদরের দীঘির পূর্বপাড় ইসহাকের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। কিন্তু বছর খানেক আগেই ইসহাক তাঁর বাড়িটি সুখী বাংলা ফাউন্ডেশন নামের একটি বেসরকারী সংস্থাকে ভাড়া দিয়ে পরিবার নিয়ে কক্সবাজার চলে যান। পরে আমার মা ওই সুখী বাংলা ফাউন্ডেশনের মহেশখালীর সমন্বয়কারী আব্দুল কাইয়ুমের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ নেন। ঘটনার আগের দিন ওই বাড়িতে গিয়েছিলেন। তারপর ফিরে আসেননি। পরের দিন অর্থাৎ ১১ মে সকালে দীঘির পূর্বপাশে পল্লী জীবিকায়ণ প্রকল্প (পজিপ) অফিস ভবনের নিচে স্থানীয় লোকজন আমার মার লাশ দেখতে পান। পরে এ নিয়ে তাৎক্ষণিকভাবে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি হত্যা মামলা করলেও পুলিশ এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ একজন এনজিও কর্মীকে গ্রেপ্তার করলেও মূল ঘটনাটি উদ্ঘাটনসহ হত্যাকারীদের এখনো চিহ্নিত করতে পারেনি।’ মানিক দে অভিযোগ করে বলেন, ‘আমার মা ওই কাইয়ুমের ভাড়াবাসাতেই খুন হয়েছে। তাই সন্দেহজনকভাবে গ্রেপ্তারকৃত এনজিও কর্মী মিজান ও কাইয়ুমের স্ত্রীকে রিমান্ডে আনলে প্রকৃত ঘটনাটি উদ্ঘাটন করা সম্ভব হবে।’ মহেশখালী পৌর কাউন্সিলর প্রণব দে প্রথম আলোকে জানান, শান্তি রাণীদে হত্যাকারীদের চিহ্নিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ইতিমধ্যে পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে। ভাড়াটিয়া এনজিও কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, ‘ওই ঘটনার সঙ্গে আমার স্ত্রী বা কোনো এনজিও কর্মী জড়িত না। কিন্তু বাদীসহ কতিপয় লোক অহেতুক বিভিন্ন দপ্তরে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে।’ মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ওই হত্যাকাণ্ডের মূলরহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।