
রাজধানীর বাড্ডায় এক বাড়িতে কাজ করত হালিমা আক্তার (১১)। কাজে সামান্য এদিক-সেদিক হলেই তাকে বেধড়ক পেটাতেন গৃহকর্ত্রী ও তাঁর ছেলেমেয়েরা। একদিন রুটি বানানোর বেলন দিয়ে পেটানোর সময় মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটিকে ঠিকমতো খাবারও দেওয়া হতো না। (সূত্র: প্রথম আলো)
শুধু হালিমা আক্তার নয়, গৃহকর্মীর কাজ করতে গিয়ে বহু নারী ও শিশু হত্যাসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়। বেসরকারি সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ২৬ জন গৃহকর্মী হত্যার শিকার হয়েছেন। যৌন নির্যাতনসহ অন্যান্য নির্যাতনের শিকার ৪২ জন।
১০টি জাতীয় দৈনিক সংবাদপত্র ও নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে বছরওয়ারি পরিসংখ্যান রাখে বিলস। সংগঠনটির হিসাবে দেখা যায়, গত পাঁচ বছরে ১৭০ জন নির্যাতনের শিকার গৃহকর্মী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬৫ জন। আর মোট নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় সাড়ে তিন শ।
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ প্রণয়নের এক বছর পার হলেও গৃহকর্মীদের অবস্থার আদৌ কোনো পরিবর্তন হয়নি—এমনটাই বললেন বিলসের যুগ্ম মহাসচিব মো. জাফরুল হাসান। তাঁরা এখনো আগের মতো হত্যা, নির্যাতনের শিকার হচ্ছেন। এ জন্য গৃহকর্মীদের সুরক্ষায় নীতিমালায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাঁদের জন্য পৃথক আইন দরকার বলে মনে করেন তিনি।
মানবাধিকার বিষয়ক সংস্থা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) হিসাব বলছে, ২০১৬ সালে মোট ৯০টি গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ জন গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছেন। আর কর্মস্থলে খুন হয়েছেন ১৪ জন গৃহকর্মী। সংগঠনটি ১৩টি জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবর ও নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এ তথ্য পেয়েছে।
গৃহকর্মী নির্যাতনের সংবাদগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বাড়ির কাজে মূলত শিশু ও নারীরাই যুক্ত থাকে। তাদের নির্ধারিত কোনো কর্মঘণ্টা নেই। সাপ্তাহিক ছুটি বা অবসর নেই। এমনকি ঘুমানোর কোনো নির্দিষ্ট স্থানও নেই। সামান্য কোনো ত্রুটি হলেই চড়-থাপ্পড় থেকে শুরু করে খুন্তির ছ্যাঁকা, বেলন-লাঠির পিটুনি, ছুড়ি-ব্লেডের আঁচড়, গরম পানি ঢেলে দেওয়াসহ নানাভাবে গৃহকর্মীকে নির্যাতন করা হয়। এর পাশাপাশি ঠিকমতো খাবার না দেওয়া, বেতন না দেওয়া বা কম বেতন দেওয়া, বাড়িতে যেতে না দেওয়ার অভিযোগ আছেই।
আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা বলেন, ‘শ্রম আইনে গৃহকর্মকে স্বীকৃতি দেওয়া হয়নি আবার গৃহকর্মী নীতিমালায় বিভিন্ন বিষয় দেখভালের জন্য এই মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যৌন নিপীড়নসহ অন্যান্য ক্ষেত্রে আইনি সহায়তার জন্য আবার প্রচলিত আইন অনুসরণ করতে বলা হয়েছে; এর সমাধান দরকার।
কাজ করতে গিয়ে গৃহকর্মীরা হত্যা, ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলেও বিচার পায় না। মামলা হয় কম। আবার হলেও বেশির ভাগ ক্ষেত্রে আপস হয়ে যায়।
বিশিষ্টজনেরা বলছেন, গৃহকর্মীরা কর্মস্থলে হত্যাসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়। কিন্তু শ্রম আইনে গৃহকর্মকে স্বীকৃতি না দেওয়ায় তাঁদের সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। এর সমাধান হিসেবে তাঁরা গৃহশ্রমকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য পৃথক আইন দরকার বলে জানান।