
প্রতি রোববার সিঙ্গাপুরের বিদেশি ছাত্রদের জন্য আন্তর্জাতিক স্কুল ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে গৃহকর্মীরা পড়তে আসেন। এই নারীরা নিজেদের ভাগ্যবদলের চেষ্টা করছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ যেমন ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নারীরা শিখছেন কীভাবে ক্যাফে ও খুচরা দোকান স্থাপন করতে হয়। এটি সফল হলে তাঁদের আয় বাড়বে। বর্তমান হিসাবে তা প্রায় ৪০০ মার্কিন ডলার। সিঙ্গাপুরে গৃহস্থালি কাজ করে তাঁরা এ টাকা আয় করেন।
আইধা নামের একটি প্রতিষ্ঠান এসব ক্লাস পরিচালনা করছে। সিঙ্গাপুরে এটিই একমাত্র প্রতিষ্ঠান, যাদের এ ক্ষেত্রে বিশেষত্ব আছে—গৃহকর্মীদের অর্থব্যবস্থাপনা ও ব্যবসা শুরুর বিষয়ে প্রশিক্ষণ প্রদান। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত। ‘আইধা’ একটি সংস্কৃত শব্দ, যার মানে ‘আমরা যা কামনা করি’।

সিঙ্গাপুরের দুই লাখ ১৪ হাজার ৫০০ গৃহকর্মীর জীবন দারিদ্র্যজর্জরিত। এঁদের মধ্যে অধিকাংশ নারীর বয়স ২০-এর কোটায়, তাঁরাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। সিঙ্গাপুরে যাওয়ার জন্য তাঁদের অনেক টাকা ঋণও করতে হয়েছে, কারণ রিক্রুটমেন্ট এজেন্সিগুলো জনপ্রতি তিন হাজার ২০০ মার্কিন ডলার পর্যন্ত নিয়ে থাকে। ফলে দেখা যায়, তাঁদের অনেকেরই এক বছর পর্যন্ত বেতনের টাকা ধার শোধ করতেই ব্যয় হয়ে যায়। তারপর তাঁরা বাড়িতে ভরণপোষণের জন্য টাকা পাঠাতে শুরু করেন। শেষমেশ তাঁদের হাতে খুব অল্প টাকাই থাকে।
তাঁদের দুর্দশা সামাজিক কর্মী মেলিসা কিউই ও লেখক অড্রে শিনকে দারুণভাবে নাড়া দেয়। তাঁরা ভাবতে শুরু করেন, কীভাবে এই গৃহকর্মীদের দারিদ্রে্যর চক্র থেকে বের করে আনা যায়। ২০০১ সালে তাঁরা এই গৃহকর্মীদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচি শুরু করেন। তাঁরা অলাভজনক প্রতিষ্ঠান ইউএন ওমেন সিঙ্গাপুরকে এর সঙ্গে যুক্ত করেন। কিন্তু নানা সমস্যার কারণে প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দেয়। ইউএন ওমেন সিঙ্গাপুরের কয়েকজন সদস্য ২০০৬ সালে আইধা গঠন করেন। প্রতিষ্ঠানটি মূলত দুটি কোর্স পরিচালনা করে। প্রথম কোর্সে গৃহকর্মীদের কম্পিউটার, যোগাযোগ ও অর্থব্যবস্থাপনা শেখানো হয়। দ্বিতীয় কোর্সে কীভাবে ব্যবসা শুরু ও ব্যবস্থাপনা করতে হয় তা শেখানো হয়। উভয় কোর্সের ফি ৫৫০ সিঙ্গাপুরি ডলার।
গৃহকর্মী থেকে ব্যবসায়ী
এখন তাঁর আত্মপ্রত্যয়ী চেহারা দেখে এটা বোঝা মুশকিল যে এই ৪১ বছর বয়সী ইন্দোনেশীয় গৃহকর্মী দিয়াহ্ সুপেনি ছিলেন একজন শান্তশিষ্ট ও ভিতু প্রকৃতির নারী।
কিন্তু পাঁচ বছর আগে আইধার ব্যবসা শুরুবিষয়ক কোর্সে ভর্তি হওয়ার পর সবকিছু বদলে যায়। সেখানে তিনি প্রত্যয়ের সঙ্গে কথা বলা শেখেন। বিনিয়োগের জন্য কীভাবে টাকা সঞ্চয় করতে হয়, পাশাপাশি শেখেন সেটিও। তাঁর বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুটি ছেলে রয়েছে।
তিনি প্রথমে মাসে ৫০ সিঙ্গাপুরি ডলার জমান। তারপর ক্রমান্বয়ে তা ২০০ সিঙ্গাপুরি ডলারে উন্নীত হয়।
বছর দুয়েক আগে দিয়াহ তাঁর গৃহকর্তার কাছ থেকে ধার নেওয়া এক হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার ও নিজের জমানো টাকা দিয়ে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় জাভা শহরে আসবাবের ব্যবসা শুরু করেন।
এ সময়ই তিনি আইধা থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করতে শুরু করেন। তিনি বাজার জরিপ ও ক্রেতাদের চাহিদা চিহ্নিত করেন; বোঝার চেষ্টা করেন, কোন পণ্যের বাজার ভালো। তিনি ক্রেতাদের কাছে কিস্তিতে আসবাব বিক্রি শুরু করেন মাসিক ২০ মার্কিন ডলারে। এ কৌশল তৎক্ষণাৎ কাজে দেয়, দোকান থেকে মুনাফা আসতে শুরু করে মাসে ২৫০ মার্কিন ডলার। দিয়াহ্ নিজ শহরে জলখাবারের একটি কারখানা খুলতে চান। সেখানে এখন তিনি গৃহবধূদের নিয়োগ দেবেন।
বদলে দেওয়া জীবন
সুশীলাবতী মারদিয়োনে সিঙ্গাপুরে গৃহকর্মীর কাজ করেন। ৩২ বছর বয়সী এই নারী এখন যে জীবন যাপন করছেন, কিছুদিন আগেও তিনি তা ভাবতে পারেননি। তিনি যখন ২০০৪ সালে সিঙ্গাপুরে আসেন, তখন তাঁর মাসিক আয় ৩০০ সিঙ্গাপুরি ডলার। এর বেশির ভাগই তিনি ভাইবোনদের পড়াশোনায় ব্যয় করতেন। কয়েক বছর আগে তাঁর কৃষক বাবা মারা গেলে পরিস্থিতি আরও খারাপ হয়।
২০০৯ সালে এসে তাঁর জীবনের মোড় ঘুরতে শুরু করে। সে সময় আইধায় ভর্তি হয়ে তিনি শেখেন টাকা জমানো ও ব্যবসা শুরুর কৌশল। বছর দুয়েক আগে তাঁর ব্রিটিশ গৃহকর্তার কাছ থেকে চার হাজার মার্কিন ডলার ঋণ নিয়ে তিনি সুমাত্রায় একটি তিন হেক্টরের কফি বাগান কেনেন।
গত বছর এই কফি চাষ করে সুশীলাবতী দুই হাজার ৪০০ মার্কিন ডলার মুনাফা করেছেন। এ টাকা তিনি আবার বিনিয়োগ করেন রাবার চাষে। এ বছরের মে মাসে কফি চাষ থেকে তিনি আরও পাঁচ হাজার ৬০০ মার্কিন ডলার মুনাফা করেন। এখন তাঁর লক্ষ্য হচ্ছে, নিজ দেশে গিয়ে অনাথ শিশুদের জন্য একটি এতিমখানা স্থাপন করা।