
আপনার বাসায় একজন মানুষ আছেন, যিনি আপনার ঘরদোর সুন্দর করে গুছিয়ে রাখছেন, প্রতিদিন ঘরের সব কাজকর্ম করে আপনার সংসারকে পরিপূর্ণ করে রাখছেন, যাঁকে আমরা গৃহকর্মী বলছি তাঁর অধিকারের কথা কি কখনো ভেবে দেখেছি আমরা? আর আট-দশটা সাধারণ মানুষের মতো তাঁদেরও আছে আইনি কিছু অধিকার। সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলো তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য। গৃহকর্মীদের ওপর নির্যাতন করলে দেশের প্রচলিত আইনে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা।
একজন মানুষ হিসেবে এবং রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে গৃহকর্মীদের অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। যদিও বাংলাদেশের শ্রম আইনে এখনো তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, তবে এ বিষয়ে মানবাধিকার কর্মীরা আন্দোলন করে যাচ্ছেন। গৃহকর্মীদের অধিকার নিয়ে উচ্চ আদালত থেকেও এসেছে নির্দেশনা। ২০১০ সালে সরকার গৃহকর্মীদের অধিকার রক্ষায় একটি নীতিমালার খসড়াও করে রেখেছে।
নির্যাতন করলে শাস্তি
গৃহকর্মীকে নির্যাতন করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কঠিন শাস্তির বিধান নিশ্চিত করা হয়েছে। এ আইন অনুযায়ী কোনো গৃহকর্মী নারী বা শিশু হলে তাঁকে দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ দ্বারা মারাত্মকভাবে আহত করলে এবং এর ফলে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি নষ্ট হলে, স্তন ও যৌনাঙ্গ বিকৃত হলে দায়ী ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনসহ এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হলে ১৪ বছরের জেলসহ ৫০ হাজার টাকার অর্থদণ্ড দণ্ডিত হতে হবে। এ ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ কোনো শিশু বা নারীর ওপর নিক্ষেপ করে বা করার চেষ্টা করে, তাহলে এর ফলে সংশ্লিষ্ট শিশু বা নারীর শারীরিক, মানসিক বা অন্য কোনো ক্ষতি না হলেও, দায়ী ব্যক্তি সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এর অতিরিক্ত ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে। এ আইন অনুযায়ী কোনো গৃহকর্মী নারী এবং শিশুকে যৌন নিপীড়ন করলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া শিশু আইন ২০১৩ অনুযায়ী কোনো শিশুকে নিজের হেফাজতে থাকাকালীন অবহেলাসহ কোনো প্রকার নিষ্ঠুরতা করলে যদি এর ফলে শিশুটি শারীরিক এবং মানসিক কোনো ক্ষতির শিকার হলে দায়ী ব্যক্তির পাঁচ বছর জেল অথবা এক লাখ টাকা জরিমানা গুনতে হবে। দণ্ডবিধি আইনেও শাস্তি হতে পারে দায়ী ব্যক্তির।
হাইকোর্ট বিভাগের নির্দেশনা
গৃহকর্মীদের অধিকার রক্ষায় আইন প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সম্প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১ জুলাই বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে ২০১১ সালে মহিলা আইনজীবী সমিতি গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় এবং তাদের শ্রমকে জাতীয় শ্রম আইনে অন্তর্ভুক্তির জন্য হাইর্কোট বিভাগে একটি রিট আবেদন দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ সরকারকে দ্রুত গৃহস্থালির কাজে নিয়োজিতদের শ্রমকে জাতীয় শ্রম আইনে অন্তর্ভুক্তির নির্দেশনা দেন। এ ছাড়া এ আদেশে ১০টি নির্দেশনাও প্রদান করেন। এ নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ১২ বছর পর্যন্ত বয়সী শিশুদের গৃহশ্রমসহ সব ধরনের শ্রম থেকে মুক্ত রাখতে হবে। ১৩ থেকে ১৮ বছর বয়সী গৃহশ্রমিকদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে, গৃহশ্রমিকদের ওপর নির্যাতনসংক্রান্ত ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে, গৃহকর্মীকে স্থানীয় পৌরসভা বা সিটি করপোরেশনে নিবন্ধন করাতে হবে। গৃহশ্রমিকদের অন্তত দুই মাসে একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সরকার গৃহশ্রমিকদের কর্মঘণ্টা, বিশ্রাম, বিনোদন, বাড়ি যাওয়া, বেতন ইত্যাদি সুবিধাসংক্রান্ত আইনকানুন জোরদার করতে হবে।
লেখক: আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট