গৃহপরিচারিকার কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় এক দম্পতিকে অজ্ঞান করে সাড়ে চার লাখ টাকার জিনিসপত্র নিয়ে গৃহপরিচারিকা পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৬ জানুয়ারি এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ২৪ জানুয়ারি ওই দম্পতির ভাগনে হাসান মো. মোর্শেদ বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলায় গৃহপরিচারিকা জেসমিন আকতারকে আসামি করা হয়।বাদীর অভিযোগ, ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আসামি ধরতে গড়িমসি করছে পুলিশ। এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক রূপন মল্লিক বলেন, ‘মামলায় জেসমিন আকতারকে আসামি করা হলেও ইউনুচ ফরাজী নামের আরেক ব্যক্তিকেও সন্দেহ করছেন বাদী। কারণ, জেসমিনকে কাজ পাইয়ে দিয়েছেন তিনি। আমরা প্রথমে তাঁকে ধরার চেষ্টা করছি।’জানা যায়, ঘটনার শিকার দম্পতি চট্টগ্রাম লায়নস চ্যারিটেবল আই হসপিটালের সাবেক চেয়ারম্যান নজমুল হক চৌধুরী (৬৯) ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক ইফফাত জাহান (৫৯)। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ঘটনার দিন সন্ধ্যায় এই দম্পতিকে চা ও স্যুপ পান করতে দেন জেসমিন। কিন্তু এই চা ও স্যুপের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় বিষাক্ত দ্রব্য। ফলে মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়েন নজমুল হক ও ইফফাত জাহান। আর এ সুযোগে বাসার আলমারিতে রাখা পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, দুটি মুঠোফোনসহ আনুমানিক সাড়ে চার লাখ টাকার জিনিসপত্র নিয়ে পালিয়ে যান জেসমিন। পরের দিন সকালে আত্মীয়স্বজনেরা এই দম্পতিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করেন। টানা চার দিন পর তাঁদের জ্ঞান ফেরে। জানা যায়, ২০১১ সালের আগস্টে এই দম্পতির বাসায় গৃহপরিচারিকা হিসেবে প্রথম যোগ দেন জেসমিন আকতার (২২)। তাঁর বাড়ি বাঁশখালীর চাম্বল এলাকায়। স্বামী জেলে আছেন, তাই চাকরি প্রয়োজন—দম্পতির কাছে এ কথা বলে জেসমিনকে কাজ পাইয়ে দেন ইউনুচ ফরাজী নামের এক ব্যক্তি। দুই মাস কাজ করার পর অন্যত্র চলে যান জেসমিন। ঘটনার এক দিন আগে ১৫ জানুয়ারি এই দম্পতির বাসায় আবার ফিরে এসে কাজে যোগ দেন তিনি।