রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আঁধারমানিক গ্রামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সাজিনা আকতার (২২) রাউজান ইউনিয়নের খলিলাবাদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউছুপ মিয়ার মেয়ে।২৩ এপ্রিল সোমবার রাতে এ ঘটনা ঘটে। ওই দিন পুলিশ সাজিনার লাশ তাঁর ঘরের বিছানা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে তাঁর শাশুড়ি আঙ্গুরা বেগম দাবি করেছেন সাজিনা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ ২৪ এপ্রিল আঙ্গুরা বেগমকে (৫০) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।সাজিনার বাবা মোহাম্মদ ইউছুপ মিয়া অভিযোগ করেন, প্রায় চার মাস আগে সাজিনার সঙ্গে আঁধারমানিক গ্রামের মৃত মওলানা আবদুস ছালামের কুয়েতপ্রবাসী পুত্র রবিউল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। এই ঘটনায় একাধিকবার দুই পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। তবে মেয়েকে তিনি বুঝিয়ে সংসার করতে উৎসাহ দেন। ঘটনার আট দিন আগে সাজিনা বাপের বাড়িতে বেড়াতে যায়। সোমবার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার পর রাতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্বামী রবিউল হোসেন বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে। এ বিষয়ে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।তবে সাজিনার শাশুড়ি আঙ্গুরা বেগম দাবি করেন, তাঁর পুত্রবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) বাবুল আকতারসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাজিনার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাজিনার শাশুড়িকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি স্বীকার করেন।