গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধু শানু আকতারকে (২৫) নির্মমভাবে পেটালেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিরাজুল ইসলাম। ৪ জুলাই রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ইউপি সদস্য সিরাজুল ইসলামকে আসামি করে শানু আকতার ৫ জুলাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে শানু আকতার জানান, ‘‘পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও হারুয়ালছড়ি গ্রামের মৃত ছালেহ আহম্মদের ছেলে সিরাজুল ইসলাম সম্প্রতি আমার স্বামী ও শাশুড়ির অনুপস্থিতিতে ঘরে এসে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হয়ে তাঁকে ঘরে না আসার জন্য বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ‘দেখে নেব’ বলে চলে যান। কিন্তু ৪ জুলাই বিকেলে কাছের পুকুরে হাঁড়িপাতিল ধোয়ার সময় হঠাৎ পেছন থেকে এসে আমাকে জুতা দিয়ে মারতে থাকেন। আমি তখন পালিয়ে প্রতিবেশী আমির হোসেনের বাড়িতে আশ্রয় নিই। সেখান থেকে বের করে তিনি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করেন।’’ স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর শানু আকতার পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার চাইলে তাঁর পরামর্শে ৫ জুলাই রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেন। এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলামের স্বভাব চরিত্র ভাল নয় । ইউপি সদস্য হওয়ার পর থেকে গ্রামের উঠতি বয়সের অনেক যুবতী ও গৃহবধূ তাঁর কুনজরে পড়ে। ২০০৮ সালে গ্রামের আবুল হোসেনের স্ত্রীর সম্ভ্রমহানির ঘটনায় বাঙালহালিয়া সেনাক্যাম্পের সদস্যরা তাঁকে নগদ টাকা জরিমানা করেন।পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সিরাজুল ইসলাম একজন ইউনিয়ন পরিষদ সদস্য। তাঁর বিরুদ্ধে এ ধরনের বহু অভিযোগ থাকায় শানু আকতারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’ এ ব্যাপারে মুঠোফোনে সিরাজুল ইসলাম বলেন, ‘শানু আকতার খারাপ মেয়ে। আমাকে নিয়ে খারাপ মন্তব্য করায় তাকে পিটিয়েছি। কুপ্রস্তাবের বিষয়টি ষড়যন্ত্র। বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত থাকায় আওয়ামী লীগের লোকজন মেয়েটিকে দিয়ে ষড়যন্ত্র করে আমাকে হেয় করার চেষ্টা করছে।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ঘটনা তদন্ত করার জন্য শিলক তদন্তকেন্দ্রের পরিদর্শক মজিবুর রহমানকে বলা হয়েছে। সত্যতা খুঁজে পাওয়া গেলে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নেওয়া হবে।’