নগরের শোলকবহর এলাকার গৃহিণী কোহিনুর বেগম পানির অভাবে বাসায় গোসল ও কাপড় ধোয়া একপ্রকার বন্ধ করে দিয়েছেন। কলেজ ও স্কুলপড়ুয়া দুই সন্তান আর স্বামীর কাপড় নিয়ে সময়ে অসময়ে তাঁকে চলে যেতে হয় গ্রামের কোনো আত্মীয়ের বাড়িতে। স্বামী একটি বহুজাতিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা। ফলে আত্মীয়দের কাছে তাঁদের কদর ছিল বরাবরই আলাদা। কিন্তু পানির অভাবে কোহিনুর বেগম সেদিকে আর তাকাতেই পারেন না। কোহিনুর বলেন, ওয়াসা থেকে কয়েকদিন পরপর কিছু পানি পাওয়া যায়। বাড়ির মালিক তা ভাগ করে দেন ভাড়াটিয়াদের। রান্না করতেই ওই পানি শেষ হয়ে যায়। নগরের ব্যস্ত এলাকা কোতোয়ালিতে ভাড়া বাসায় থাকেন সরকারি চাকরিজীবী মো. বাসারুজ্জামান। সপ্তাহের রোববার ও বুধবার ওয়াসার পানি আসে। কিন্তু গত রোববার তা-ও আসেনি। আগামী রোববার আসবে কি না তা নিয়ে শঙ্কায় আছেন। ওয়াসার পানি নেই তাই সপ্তাহে তাঁকে ৪৫০ টাকার পানি বাইরে থেকে কিনতে হচ্ছে। কোতোয়ালি কিংবা শুলকবহরের মতো নগরের সব এলাকাতেই এখন পানির হাহাকার। কোনো এলাকায় কম, কোনো এলাকায় বেশি। ঘনবসতিপূর্ণ বস্তি এলাকাগুলোতে গরিব মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তার পাশের কলের সামনে লাইন ধরে বসে থেকেও পানি না পাওয়ার অভিযোগ রয়েছে। আগ্রাবাদ হাজিপাড়ার তরুণ ব্যবসায়ী মাসুমুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসায় পানি নেই তাই গত পাঁচ দিন গোসল করিনি। তিনি বলেন, সিডিএ আবাসিক এলাকা, হাজিপাড়া ও পানওয়ালাপাড়ায় সপ্তাহে এক দিন ১০-১৫ মিনিটের জন্য ওয়াসার পানি আসে। কিন্তু বিদ্যুৎ না থাকলে তা সংগ্রহ করা যায় না। পানি দিতে না পারায় বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার ঝগড়া লেগেই আছে। চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান একেএম ফজলুল্লাহ পরিস্থিতি অবনতির কথা স্বীকার করে বলেন, ‘আমরা জরুরিভিত্তিতে আরও এক কোটি লিটার পানি সরবরাহের উদ্যোগ নিয়েছি। এজন্য নগরের বিভিন্ন স্থানে প্রয়োজনীয়সংখ্যক নলকূপ বসানোর কাজ শিগগিরই শুরু হবে।’ তিনি বলেন, ‘গত এক বছরে ওয়াসার পানি উত্পাদন প্রায় তিন কোটি লিটার বেড়েছে। কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবসহ কিছু পারিপার্শ্বিক কারণে নগরবাসী এর সুফল পাচ্ছেন না।’ সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার অর্ধেকের মতো পানি উত্পাদন হয় মোহরা পানি শোধনাগার প্রকল্প থেকে। বাকি পানি আসে নগরের বিভিন্ন স্থানে স্থাপিত ৭৫টি গভীর নলকূপ থেকে। জানা গেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় মোহরার পানি নগরে সরবরাহ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এজন্য নগরে পানি সরবরাহ গভীর নলকূপের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় এসব নলকূপ প্রায়ই অকেজো হয়ে পড়ছে। জানা যায়, ওয়াসার পানির অপ্রতুল সরবরাহের পাশাপাশি নতুন করে পানিতে লবণাক্ততা বাড়ছে। মোহরা পানি শোধনাগার থেকে যে পানি নগরে সরবরাহ করা হয় তাতে লবণাক্ততা দেখা দিয়েছে। নগরের ঈদগাঁ বড় পুকুর এলাকার গৃহিণী ফিরোজা বেগম প্রথম আলোকে বলেন, ‘ওয়াসা থেকে যে পানি পাওয়া যায় তা দিয়ে কষ্ট করে চলতে হয়। কিন্তু এক সপ্তাহ ধরে আসছে তা নোনা পানি। ওই পানি দিয়ে রান্নাবান্না করা যায়। কিন্তু পান করা কিংবা গোসল করা যায় না।’ নোনা পানি সম্পর্কে আলকরণ এলাকার বাসিন্দা মো. ওসমান জানান, ‘এটি আমাদের পুরোনো সমস্যা। গত কয়েক বছর ধরে নোনা পানি পাচ্ছি আমরা। মুখে নিলে বমি আসে, খাওয়ার তো প্রশ্নই আসে না। গোসল করলে চুল আঠালো হয়ে যায়, সাদা কাপড় ধুইলে হলুদ দাগ পড়ে যায়। বাথরুমের কমোড, টাইলস সব কিছুতে এখন হলুদ দাগ...।’ওয়াসার কর্মকর্তারা জানান, কর্ণফুলী নদীতে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। উজান থেকে পানির প্রবাহ কমে যাওয়ায় নোনা পানি ওপরের দিকে মোহরা পানি শোধনাগার পর্যন্ত চলে এসেছে। ফলে মোহরা থেকে যে পানি তোলা হয় তাতে লবণাক্ততা পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘গরমের মৌসুম শুরু হওয়ায় গভীর নলকূপগুলোর পানির স্তরও অনেক নিচে নেমে গেছে। এতে অনেক নলকূপ থেকে প্রয়োজন অনুযায়ী পানি তোলা যাচ্ছে না। ফলে আমাদের এখন প্রকৃতির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ বিদ্যুতের যে সমস্যা সৃষ্টি হয়েছে তা শিগগিরই সমাধান হবে—এমনটি আমরা ভাবছি না।’ওয়াসা সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরে পানির চাহিদা প্রায় ৫৬ কোটি লিটার। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার সর্বোচ্চ উত্পাদনক্ষমতা ১৮-১৯ কোটি লিটার। এর মধ্যে মোহরায় হালদা নদীতে স্থাপিত পানি শোধনাগার প্রকল্প থেকে নয় কোটি লিটার পানি পাওয়া যায়। বাকি পানি তোলা হয় নগরের বিভিন্ন স্থানে অবস্থিত ৭৫টি গভীর নলকূপ থেকে। মোহরা প্রকল্পের পানি নগরের বিভিন্ন স্থানে সরবরাহ করতে ১৭-১৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন বলে ওয়াসার কর্মকর্তারা জানান। কিন্তু বর্তমানে এক-দুই ঘণ্টা পরপরই বিদ্যুতের লোডশেডিং শুরু হয়। ফলে মোহরার পানি আর আগ্রাবাদ কিংবা আরও দূরবর্তী এলাকায় সরবরাহ করা সম্ভব হয় না। এ অবস্থায় গভীর নলকূপ থেকে তোলা পানিই নগরের বেশির ভাগ এলাকায় সরবরাহ করতে হয় বলে তাঁরা জানান।