গৃহস্থালির কাজে পুরুষের ভূমিকা বাড়ছে
সন্তান লালন-পালনসহ গৃহস্থালির কাজে নারী-পুরুষ কার কতটা ভূমিকা? একবাক্যে বলা যায়, পুরুষের চেয়ে নারীর ভূমিকাই বেশি। তবে গত ৫০ বছরে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। নারী-পুরুষের ভূমিকা এখন এযাবৎকালের মধ্যে সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে এসেছে।নতুন একটি সমীক্ষার ফলে এ চিত্র দেখা গেছে। সমীক্ষাটি করেছে যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এতে দেখা গেছে, ১৯৬৫ সালের পর থেকে এ পর্যন্ত সময়ে ঘরের বাইরে নারীর কর্মঘণ্টা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, দাপ্তরিক কাজে পুরুষের কর্মঘণ্টা কমেছে এবং গৃহস্থালির কাজে তা বেড়েছে।১৯৬৫ সালে একজন নারী প্রতি সপ্তাহে গড়ে আট ঘণ্টা বাইরের কাজ এবং ৩২ ঘণ্টা গৃহস্থালির কাজে ব্যয় করতেন। বর্তমানে একজন নারী প্রতি সপ্তাহে গড়ে ২১ ঘণ্টা বাইরের কাজ এবং ১৮ ঘণ্টা গৃহস্থালির কাজ করেন। অন্যদিকে, একজন পুরুষ ১৯৬৫ সালে যেখানে প্রতি সপ্তাহে গড়ে ৪২ ঘণ্টা দাপ্তরিক কাজ করতেন, এখন তা কমে দাঁড়িয়েছে ৩৭ ঘণ্টায়। আর গৃহস্থালির কাজ সপ্তাহে গড়ে চার ঘণ্টা থেকে এখন বেড়ে দাঁড়িয়েছে ১০ ঘণ্টায়।গবেষণাটিতে আরও দেখা গেছে, গত পাঁচ বছরের ব্যবধানে নারীর পূর্ণকালীন কাজ করতে চাওয়ার প্রবণতা নাটকীয়ভাবে বেড়ে গেছে। বর্তমানে ১৮ বছরের কম বয়সী সন্তানের মায়েদের মধ্যে ৩০ শতাংশই পূর্ণকালীন কাজ করতে পছন্দ করেন, যেখানে ২০০৭ সালে এটা ছিল মাত্র ২০ শতাংশ।সমীক্ষাটির লেখক কিম পার্কার ও ওয়েন্ডি ওয়াং বলেন, বর্তমানের কঠিন অর্থনৈতিক অবস্থার কারণেই হয়তো মানসিকতায় এই পরিবর্তন এসেছে।গবেষণায় দেখা গেছে, যে পরিবারের মা-বাবা দুজনই অর্থ উপার্জন করে থাকেন, একজন অর্থ উপার্জনকারী পরিবারের চেয়ে সেখানে কাজ ভাগাভাগি করে নেওয়ার প্রবণতা থাকে।৩৩ শতাংশ মা-বাবা মনে করেন, তাঁরা তাঁদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারছেন না। আর ৫৩ শতাংশ বলেছেন, চাকরি ও পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে চলা কঠিন। লাইভসায়েন্স।