লোহাগাড়া উপজেলার টংকাবতী খালের ভাঙনে গ্রামের কয়েক শ একর ফসলি জমি, বাড়িঘর, সবজিখেত, পারিবারিক শ্মশান বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে উত্তর আমিরাবাদ এমবি উচ্চবিদ্যালয় ও উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া, ভাঙনের আশঙ্কায় তিন শতাধিক পরিবার উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। টংকাবতী খালের দুই পাশে অবস্থিত তুলাতলী বাজার, মজুমদারপাড়া, বণিকপাড়া, ব্রাহ্মণপাড়া, শীলপাড়া, বৈরাগীপাড়া, মুদিপাড়া, কর্মকারপাড়া, শান্তিপুর, চৌধুরীপাড়া, ঘোনাপাড়া, পালপাড়ায় এসব পরিবারের বসবাস। খোঁজ নিয়ে জানা যায়, টংকাবতী খালের উৎপত্তি বান্দরবান জেলার পাহাড়ি অঞ্চল থেকে। এটি সাতকানিয়ার চরম্বা ও লোহাগাড়ার আমিরাবাদ হয়ে টংকাবতী ইউনিয়নের মজুমদারপাড়া ও তুলাতলীর ভেতর দিয়ে ডলু খালের সঙ্গে মিলেছে। ৮-১০ বছর ধরে এ খালের মজুমদারপাড়া থেকে তুলাতলী বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় মারাত্মক ভাঙন দেখা দেয়। স্থানীয় বাসিন্দা ননী গোপাল চক্রবর্তী (৮৫) জানান, খালের ভাঙনে তিনিসহ প্রতিবেশী সঞ্জয় ধর, মুকুন্দ ধর, হরিপদ ধর, কালিপদ ধর, সুখেন্দু ধর, কৃষ্ট মহাজন, বাসেক মজুমদার, পরমেশ ধর, অজিত চক্রবর্তী, সুনীল ধর, কৃষ্ণ মহাজনসহ শতাধিক পরিবার বসতবাড়ি, জমি ও মূল্যবান গাছপালা হারিয়েছেন। কেউ কেউ আশপাশের জায়গায় নতুন করে বাড়ি তৈরি করলেও অনেকে নিজের জায়গা না থাকায় বিভিন্ন জায়গায় চলে গেছেন। বাড়ি-ভিটেহারা মুকুন্দ ধর বলেন, ‘বাড়ি-ভিটে হারিয়ে কয়েক বছর আগে আমি গ্রাম ছেড়ে শহরে চলে আসি। একটি পোশাক তৈরির কারখানায় কাজ করে পরিবার নিয়ে কোনো রকমে সাধারণ ভাড়া ঘরে দিন কাটাচ্ছি।’ বাসেক মজুমদার, হরিপদ ধর, কৃষ্ট মহাজন, কালিপদ ধরসহ অনেকেই শহরে এসে একইভাবে দিন কাটাচ্ছেন বলে মুকুন্দ ধর জানান। তুলাতলী এলাকার বাসিন্দা আশীষ কর্মকার বলেন, ‘নিজের জায়গা ছিল বলে ইতিমধ্যে তিনবার স্থান পরিবর্তন করে বাড়ি তৈরি করেছি। জানি না এবারও শেষ রক্ষা হবে কি না।’ তিনি জানান, গত কয়েক বছরে তাঁর নিজেরসহ আশপাশের অনেকের মূল্যবান গাছের বাগান এবং স্থানীয় একটি মন্দির টংকাবতীতে তলিয়ে গেছে। এমবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, খালের ভাঙন বিদ্যালয়ের কাছাকাছি এসে পড়েছে। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া না হলে বিদ্যালয়টিও টিকিয়ে রাখা মুশকিল হবে। তিনি জানান, শুকনা মৌসুমে খালে পানি তেমন থাকে না। এ সময় আশপাশের ছেলেমেয়েরা হেঁটেই খাল পেরিয়ে বিদ্যালয়ে আসে। কিন্তু বর্ষাকালে পানির স্রোত বেড়ে যাওয়ায় খালের ওপারের শিক্ষার্থীরা আসতে পারে না। তিনি তুলাতলী বাজার এলাকায় টংকাবতীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান। আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, ‘ভাঙনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি।’ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ চট্টগ্রাম উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে। কিন্তু অর্থ বারাদ্দ না থাকায় কিছু করা যাচ্ছে না।’ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা জানান, এ ব্যাপারে এলাকার জনপ্রতিনিধিসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।