গৃহায়ণ কর্তৃপক্ষ দুই পদে নেবে ৫৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দুই পদে ৫৮ জনকে নিয়োগ দেবে। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় এক বিজ্ঞপ্তি থেকে এ নিয়োগের বিষয়টি জানা গেছে। এতে হিসাব সহকারী পদে ৩৬ জন এবং অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে ২২ জনকে নিয়োগ করা হবে। পদ দুটিতে আবেদন করা যাবে আগামী ৫ জুন ২০১৭ পর্যন্ত।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না

হিসাব সহকারী পদে গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, বগুড়া, রংপুর, গাইবান্ধা, খুলনা, মাগুরা ও বরিশাল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আর অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে ঢাকা, শরীয়তপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, যশোর, পিরোজপুর ও সিলেট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে এতিম ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হিসাব সহকারী পদে আবেদনের জন্য আবেদনকারীকে সরকার অনুমোদিত কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে/জিপিএ ২ (গ্রেড-সি) পেয়ে উত্তীর্ণ এবং কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্সসহ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ১৫ ও ২০ নির্ভুল শব্দে টাইপিং গতি থাকতে হবে। অন্যদিকে অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অপারেটর পদের প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে/জিপিএ ২ (গ্রেড-সি) পেয়ে উত্তীর্ণ এবং কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্সসহ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ১৫ ও ২০ নির্ভুল শব্দে টাইপিং গতি থাকতে হবে। উভয় পদের প্রার্থীদের বয়স ১১-০৬-১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ছক অনুযায়ী নাম, পিতার নাম/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, বয়স, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ-সংবলিত নিজ স্বাক্ষরযুক্ত পূরণকৃত দরখাস্ত এবং জাতীয়তার সনদ (ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত), প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, তিন কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা সত্যায়িত ছবি, শিক্ষাগত, পেশাগত বা অভিজ্ঞতার (প্রযোজ্য মতে) সব সনদের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ৩০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ঢাকার অনুকূলে আবেদনপত্রের সঙ্গে প্রদান করে নির্ধারিত তারিখের মধ্যে চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, গৃহায়ণ ভবন, ৮২ সেগুনবাগিচা, ঢাকা বরাবরে ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনপত্রের খামের ওপরের অংশে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

বেতন

চূড়ান্তভাবে নির্বাচিত একজন

হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি

অপারেটর জাতীয় বেতন

স্কেল ২০১৫ অনুযায়ী

১৬তম গ্রেডে ৯৩০০ টাকা স্কেলে বেতন পাবেন।