
বিরোধীদলীয় নেতার সাক্ষাৎকার
রস+আলো: ক্রিকেট মাঠের দানব গেইলের ডবল সেঞ্চুরি সম্পর্কে কিছু বলুন।
বিরোধীদলীয় নেতা: ক্রিস গেইলকে ধন্যবাদ,
এই ডবল সেঞ্চুরির মাধ্যমে ২০–দলীয় জোটকে
সমর্থন করার জন্য।
র.আ.: বিস্তারিত বলুন।
বি.নে.: গেইল ১৪৭ বলে ২১৫ রান করেছেন। যেহেতু ১+৪+৭+২+১+৫=২০, সুতরাং ডবল সেঞ্চুরির মাধ্যমে ক্রিস গেইল ২০–দলীয় জোটকে সমর্থন করেছেন!
র.আ.: কীভাবে বুঝলেন এই ২০ দিয়ে গেইল বাংলাদেশের ২০–দলীয় জোটকে বুঝিয়েছেন?
বি.নে.: ১৬টি ছক্কা মেরে গেইল বাংলাদেশের ১৬ কোটি জনগণকে বুঝিয়েছেন। আর ১৬ কোটি জনগণের এই দেশে ২০–দলীয় জোট বলতে তো কেবল আমরাই!
এত সহজ সমীকরণ, তা–ও যদি না বোঝেন,
কীভাবে হবে!
সরকারদলীয় নেতার সাক্ষাৎকার
রস+আলো: ক্রিস গেইলের ধ্বংসাত্মক ইনিংস
সম্পর্কে কিছু বলুন।
সরকারদলীয় নেতা: ক্রিস গেইল যেমন ধ্বংসাত্মক ব্যাটিংয়ে বিশ্বাস করে ২০–দলীয় জোটও তেমনি ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। ধ্বংসাত্মক কোনো কিছুরই পরিণতি ভালো হয় না, এর জ্বলন্ত প্রমাণ
ক্রিস গেইল!
র.আ.: বুঝিয়ে বলুন।
স.নে.: ধ্বংসাত্মক ব্যাটিং করে গেইল যতই বোলারদের মনে ভয় সঞ্চার করুন না কেন, ইনিংসের শেষ বলে সেই বোলারদের বলেই তাঁকে আউট হতে হয়েছে। তেমনি ২০–দলীয় জোট যতই ধ্বংসাত্মক রাজনীতি করুক কিংবা আমাদের ভয় দেখাক না কেন, আমাদের হাতেই তারা রাজনীতির মাঠে আউট হবে!