গেইলের রেকর্ড 'টপকানো' মালেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মালেক। ছবি: সংগৃহীত
আবদুল মালেক। ছবি: সংগৃহীত

ক্রিস গেইল কি খবরটা পেয়েছিলেন? তাঁর অপরাজিত ১৭৫ রানের রেকর্ডটা ‘ভেঙে’ দিয়েছেন আবদুল মালেক! আইপিএলে ২০১৩ সালের এপ্রিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭৫ করে অপরাজিত ছিলেন গেইল, যেটি টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রান।
একটু কি গোলমেলে লাগছে? রেকর্ডটা যদি ভাঙাই হয় সেটি এখনো টিকে থাকে কীভাবে? আর আবদুল মালেকই বা কে? এ মাসের শুরুতে ভারতে অনুষ্ঠিত দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের খোঁজখবর যাঁরা রেখেছেন, মালেকের নামটা তাঁদের অজানা নয়। ৩ ফেব্রুয়ারি বান্দ্রায় নিউজিল্যান্ডের সঙ্গে মালেকের ইনিংসটাও ভোলার কথা নয়। বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলের এই ওপেনার ৭১ বলে খেলেছিলেন ১৮০ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসটা সাজিয়েছিলেন ৩৩টি চারে। ছক্কা নেই একটিও। নির্ধারিত
২০ ওভারে বাংলাদেশ করেছিল ২ উইকেটে ৩৩০ রান।

শতরানের উল্লাস
শতরানের উল্লাস

ডিসেম্বর-জানুয়ারিতে মাশরাফি-মুশফিকরা বিধ্বস্ত হয়েছেন কিউইদের কাছে। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচটা মালেকরা জিতেছেন ৯০ রানে।
দৃষ্টিপ্রতিবন্ধীদের কীর্তিগুলো মূলধারার ক্রিকেটে অন্তর্ভুক্ত হয় না। ১৮০ করেও তাই গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙা হয়নি মালেকের। তবে যেকোনো টি-টোয়েন্টিতেই রানের এমন বন্যা বইয়ে দেওয়া তো চাট্টিখানি কথা নয়! মালেক শুধু নিউজিল্যান্ডের সঙ্গেই নয়, ধারাবাহিক ভালো খেলেছেন পুরো টুর্নামেন্টেই। ‘বি-২’ ক্যাটাগরির এই ব্যাটসম্যান ৯ ম্যাচে ৫ ফিফটি ও ১ সেঞ্চুরিতে করেছেন ৬২৪ রান।
একটু বলা দরকার, দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেটে তিন শ্রেণিতে সুযোগ পান খেলোয়াড়েরা। যাঁদের একেবারেই দৃষ্টিশক্তি নেই তাঁরা পড়েন বি-১ শ্রেণিতে। একাদশে এই ক্যাটাগরির চারজন খেলোয়াড় থাকার বাধ্যবাধ্যকতা রয়েছে। যাঁরা ৫ মিটার পর্যন্ত মোটামুটি দেখতে পান তাঁরা পড়েন বি-২ শ্রেণিতে আর যাঁরা ১৫ মিটার পর্যন্ত দেখতে পান তাঁরা বি-৩ শ্রেণির খেলোয়াড়।
বি-১ শ্রেণির ব্যাটসম্যানদের জন্য নিয়মটাও ভিন্ন। তাঁরা ১ রান নিলে সেটা হবে ২। ৪ মারলে হবে ৮ আর ছক্কা মারলে ১২। সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানো ব্যাটসম্যানদের বল করা হয় আন্ডারআর্মে। বলে থাকে সাউন্ড সিস্টেম। বল পিচ করার সময় সেটি থেকে যে শব্দ হয়, সেটি শুনেই ব্যাট চালান তাঁরা।

সেরা খেলার পুরস্কার
সেরা খেলার পুরস্কার

দৃষ্টিপ্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেটে মালেক কাটিয়ে দিয়েছেন প্রায় তিন বছর। যদিও ক্রিকেটার হওয়ার পথটা মসৃণ ছিল না তাঁর। জীবনের কঠিন সেই সময় ফিরে এল মালেকের স্মৃতিতে, ‘স্বাভাবিক দৃষ্টিশক্তি নিয়েই আমি জন্মেছিলাম। ২০০৮ সালে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে থাকি। আমার বয়স তখন ১৭ কি ১৮, উচ্চমাধ্যমিকে পড়ি। একই বছর মারা গেলেন আমার বাবা। আমার পরিবারের ওপর দিয়ে বিরাট ঝড় গেছে তখন। এই বিপর্যয়ের মধ্যে দৃষ্টিশক্তির কথা শুরুতে বলিনি পরিবারকে। মামা-ফুফাদের সহায়তায় পরে কাটিয়ে উঠেছি কঠিন সময়টা।’
স্বাভাবিক দৃষ্টিশক্তি হারানোর পর ক্রিকেট ছেড়েই দিয়েছিলেন মালেক। দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট সম্পর্কে তিনি জানতে পান ২০১০ সালে। জীবন তাতে মোড় নেয় নতুন পথে। আলোর দিশা খুঁজে পাওয়া মালেক বললেন, ‘পাড়া-মহল্লায় ক্রিকেটে হাতেখড়ি। ধীরে ধীরে দৃষ্টিপ্রতিন্ধীদের ক্রিকেটের সব শিখেছি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চট্টগ্রামে প্রায় এক মাসের একটা কন্ডিশনিং ক্যাম্প করেছিলাম আমরা। ওটা ভীষণ কাজে দিয়েছে। আমাদের কোচ সানোয়ার স্যার (সানোয়ার আহমেদ) অনেক সহায়তা করেছেন। টেকনিকে যে উন্নতিটা হয়েছে তাতে স্যারের অনেক অবদান।’
ফেনীর ছেলে মালেক এরই মধ্যে খেলেছেন ২০১৪ সালে ভারতে হওয়া ত্রিবঙ্গীয় মৈত্রী টুর্নামেন্টে, যেটিতে বাংলাদেশ হয়েছিল যুগ্ম চ্যাম্পিয়ন। ভারতেই অনুষ্ঠিত ২০১৬ এশিয়া কাপেও খেলেছেন তিনি। এই টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছিল রানার্সআপ। আর সর্বশেষ ২০১৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান পাঁচে। তবে এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলা মালেকের এখন স্বপ্ন আগামী বছর দুবাইয়ে অনুষ্ঠেয় দৃষ্টিপ্রতিবন্ধীদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছু করা।