খুব ছোটবেলায় আমি কিশোরগঞ্জ জেলার সরারচরের সৌদামিনী সুরবালা গার্লস স্কুলে পড়তাম। স্কুলের সামনে ছিল কয়েকটি বড় আম ও কাঁঠালগাছ। মাঝেমধ্যে, হয়তো বছরে এক কি দুবার, একজন দৃষ্টিপ্রতিবন্ধী গায়ক আমাদের স্কুলে আসতেন, তাঁর সঙ্গে ছোট একটি মেয়ে, হাতে লাঠি। লাঠির একদিকে বাবা ধরতেন, অন্যদিকে মেয়ে। এভাবে তিনি হাঁটতেন। তাঁর পরনে লুঙ্গি, গায়ে শতছিন্ন শার্ট। মেয়েটির পরনেও ছেঁড়া জামা, অপুষ্টিতে আক্রান্ত মলিন মেয়েটি বাবাকে ধরে ধরে নিয়ে আসত।
তিনি এলে স্কুলের প্রধান শিক্ষক গিরীন্দ্র বাবু গাছের নিচে টুলে তাঁকে বসতে দিতেন। সব শিক্ষক তাঁর সামনে বসতেন, আমরা ছাত্রীরা পেছনে দাঁড়াতাম। দোতারা বাজিয়ে তিনি গান গাইতেন, কী অসাধারণ কণ্ঠে যে তিনি গাইতেন, মনে হতো তিনি ধ্যান করছেন। সব গানের কথা মনে নেই, একবার গেয়েছিলেন, ‘বসে আছি পথ চেয়ে/ ফাগুনের গান গেয়ে/ যত ভাবি ভুলে যাব, মন মানে না।’ সেই প্রথম হেমন্ত মুখোপাধ্যায়ের এই অসাধারণ গানটি আমি শুনি। গান শেষ হলে শিক্ষকেরা টাকা দিতেন, আমাদের হাতে কোনো টাকা থাকত না তখন, দিতেও পারতাম না।
গান গেয়ে কতইবা উপার্জন হতো, তা দিয়ে জীবনধারণ করতেন তিনি। সেই সময় মনে হতো, আহা, আমার যদি অনেক টাকা থাকত, তাহলে এই শিল্পীকে দিতে পারতাম। ছোটবেলায় এমন কত কিছু মনে হতো, কত কিছু করতে ইচ্ছে করত।
মেয়েটি একসময় বড় হয়েছে, হয়তোবা বিয়েও হয়েছে। হয়তো ছোট ভাই বা বোন, বাবাকে নিয়ে অন্য কোথাও গেছে গান গাইতে। কিছুই জানি না আমি।
কত কত বছর পার হলো, মাঝেমধ্যেই মনে পড়ে দারিদ্র্যপীড়িত সেই অসাধারণ কণ্ঠশিল্পীকে ও তাঁর করুণ, কোমল শিশু কন্যাটিকে। এখন চাইলেই তাঁকে কিছু দিতে পারতাম, কোথায় পাব তারে? যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়?
লেখক: শিশুরোগ বিশেষজ্ঞ