গেজেটে নাম নেই তাই ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই’ মরমি শিল্পী হাসন রাজার এ গানটি প্রায় সময় আওড়ান মুক্তিযোদ্ধা বদিউল আলম (৬৩)। কারণ, তাঁর নিজের কোনো ভালো ঘর নেই। অন্যের ঘর মেরামত করে সংসার চালান তিনি।বর্তমানে বদিউল আলমের সম্বলের মধ্যে রয়েছে ছয় শতক জমির ওপর দুই কুঠরি, এক দরজার জরাজীর্ণ একটি মাটির ঘর। এই ঘরে স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে চলে কষ্টের সংসার। রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দ বাড়ি এলাকার বাসিন্দা বদিউল আলম ১৯৭১ সালে ২১ বছরের টগবগে যুবক। চাকরি করতেন আনসার বাহিনীতে। মার্চে চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। স্বাধীনতার পর পুনরায় চাকরির পেছনে না ঘুরে কাজ করে জীবিকা অর্জনের পথ বেছে নেন তিনি। মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম তোলার প্রয়োজনের কথা ভাবেননি তখন। তাই বার্ধক্যে এসে শারীরিক ক্ষমতা হারিয়ে মুক্তিযোদ্ধা ভাতার জন্য আবেদন করলেও গেজেটে নাম না থাকায় ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন সম্মুখসমরে অংশগ্রহণকারী এই মুক্তিযোদ্ধা। বদিউল আলম বলেন, ‘যুদ্ধের সময় প্রথম দিকে উপজেলার মোগলেরহাট উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষা বানচাল ও কমান্ডার এখতেয়ার হোসেনের নেতৃত্বে মোগলেরহাট এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিই। যুদ্ধে পাকিস্তানি বাহিনীর গুলিতে তিন মুক্তিযোদ্ধা প্রাণ হারান। এরপর কমান্ডার এখতেয়ারের নির্দেশে দেমাগ্রী এলাকায় থেকে কমান্ডার পাঁচকড়ি বড়ুয়ার নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশ নিই। যুদ্ধ শেষে এলাকায় ফেরার সময় জেনারেল এম এ জি ওসমানী আমাকে সনদপত্র দেন।’ বদিউল আলম জানান, তখন শরীরে যথেষ্ট শক্তি ছিল। যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা বহু ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। যুদ্ধের পর ঘরবাড়ি নির্মাণের কাজ ছিল যথেষ্ট। বিশেষ করে মাটির ঘর তৈরি করে ভালোই আয় হতো। জীবন-জীবিকাও চলছিল ভালো। তাই সরকারি সাহায্য লাভের চেষ্টা করেননি। বর্তমানে মাটির ঘর তৈরির কাজ নেই বললেই চলে। এ ছাড়া, এখন বয়স হয়েছে। কাজকর্ম আগের মতো করতে পারেন না। তাই সংসারের খরচ জোগাড় করা দুঃসাধ্য হয়ে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘অভাব শুরু হওয়ায় ২০০৪ সাল থেকে মুক্তিযোদ্ধা ভাতার জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তিনবার আবেদন করেছি। তারা বলছে গেজেটে আমার নাম না থাকায় ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না।’ বদিউল আলমের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর জানান, গেজেটে নাম তোলার জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে। তালিকায় নাম উঠলে ভাতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।