গেটিসবার্গ থেকে রেসকোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাই মাসে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গিয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবেই আমার পেনসিলভানিয়া ভ্রমণের সুযোগ এসে যায়। মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি স্কুলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রকাশকদের বই নিয়ে যে বর্ণাঢ্য ‘উত্তর আমেরিকা বইমেলা’র আয়োজন করে, তাতে অংশ নেয় নজরুল ইনস্টিটিউট। অংশ নেওয়ার কথা ছিল বাংলা একাডেমী ও জাতীয় গ্রন্থকেন্দ্রের। তাদের অবশ্য শেষ পর্যন্ত যাওয়া হয়নি।অপ্রত্যাশিতভাবে পেনসিলভানিয়া যাওয়ার পেছনে কারণটি হচ্ছে, আমার নিউইয়র্ক থেকে লন্ডন যাওয়ার কথা। লন্ডনে বাংলা একাডেমী বইমেলার আয়োজন করছে ক্রিয়েটিভ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। তারাই আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। শামসুজ্জামান খানের লন্ডন যাওয়ার কথা ঢাকা থেকে, আর আমার যাওয়ার কথা নিউইয়র্ক থেকে। জামান ভাইয়ের বিলেতের ভিসা ছিল। আমার ছিল না। ভেবেছিলাম, নিউইয়র্ক থেকেই নিতে পারব। পারিনি। কিছু দাপ্তরিক জটিলতার কারণে আমার যাওয়া হলো না। নিউইয়র্কেই কিছুদিন ঘুরেফিরে দেশে যাব, এমন সময় পেনসিলভানিয়া থেকে ভাতিজি তুহিনের মেয়ে শুভ্রার ফোন, ‘নানা, তুমি নিউইয়র্কে এসেছ, অথচ এত কাছে পেনসিলভানিয়া, না এলে তোমার ঠ্যাং ভেঙে দেব।’আমি সঙ্গে সঙ্গে রাজি এবং বলি, ‘যেতে পারি এক শর্তে, যদি তোরা আমাকে গেটিসবার্গ দেখাতে নিয়ে যাস।’‘এটা কোনো ব্যাপারই নয়। কবে নয়, কখন আসছ, বলো’, বলল শুভ্রা।আমার ভীষণ স্নেহের নাতনি শুভ্রার হুকুম পালন করার জন্য ৯ জুলাই টাইম স্কয়ার ইন্টারস্টেট বাসস্ট্যান্ডে পৌঁছে দেয় ভাগনে পাশা। পাশা প্রায় ২০ বছর আমেরিকায়।পেনসিলভানিয়ারই একটি জায়গার নাম গেটিসবার্গ, আরেকটি জায়গা ফিলাডেলফিয়া। ইতিহাসের বিচারে আমেরিকার স্বাধীনতা লাভের মূলে ফিলাডেলফিয়ার একটি অবিস্মরণীয় ভূমিকা রয়েছে, কিন্তু গেটিসবার্গের পরিচিতির মূলে কারণ অন্য। এখানেই আব্রাহাম লিংকন মানবসভ্যতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতাটি দিয়েছিলেন।পাঠককুলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিবেদন করি, আমার এ ক্ষুদ্র রচনা সম্পূর্ণতই আব্রাহাম লিংকনের গেটিসবার্গ ভাষণ-সম্পর্কিত নয়; এর সূত্রেই আমি বলব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথা। এখন পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণ পৃথিবীতে যথাযথ মর্যাদা বা স্বীকৃতি পায়নি, পেয়েছে লিংকনের ভাষণ। ১৮৬৩ সাল আমেরিকার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর লিংকন তাঁর বিখ্যাত গেটিসবার্গ বক্তৃতাটি করেন। তখন আমেরিকায় গৃহযুদ্ধ চলছে। ১৮৬৩ সালের ১৯ নভেম্বর প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সফর করেন গেটিসবার্গ। অবিশ্বাস্য হলেও সত্য, লিংকনের বক্তৃতার শব্দসংখ্যা ছিল মাত্র ২৭২। মাত্র দুই মিনিটের এই বক্তৃতাটি ইংরেজি ভাষায় এবং আমেরিকার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা।গেটিসবার্গের নয়নাভিরাম শান্ত-স্নিগ্ধ সমাধিস্থলে নিহত শত শত সেনার অনেক মনুমেন্ট রয়েছে। কোন মনুমেন্টের কাছে দাঁড়িয়ে লিংকন ভাষণটি দিয়েছিলেন, জানতে চেয়েছিলাম দায়িত্ব পালনরত একজন গার্ডের কাছে। তিনি দেখিয়ে দিলেন। আমি ঠিক সেখানে দাঁড়িয়ে লিংকনকে দেখার চেষ্টা করতেই সহসা আমার মনে ভেসে ওঠে বঙ্গবন্ধুর মুখচ্ছবি। মুহূর্তের ভগ্নাংশ চলে যায় ১৯৭১ সালের ঢাকার রমনা রেসকোর্স ময়দানে। সেই রেসকোর্স ময়দান, এখন সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন। আমরা আগেই জেনেছি, লিংকন বক্তৃতা করেছেন দুই মিনিট, আর বঙ্গবন্ধু ১৮ মিনিট। ১৬ মিনিট বেশি সময় সম্পর্কে সন্দেহবাদীরা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু মনে রাখতে হবে, লিংকন বক্তৃতা করেছেন আমেরিকার স্বাধীনতা লাভের বেশ পরে; প্রেসিডেন্ট হিসেবে। কিন্তু বঙ্গবন্ধু?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে শুধু একজন অবিসংবাদিত নেতা। সমগ্র পাকিস্তানের শাসন ক্ষমতা তাঁর হাতে নেই। বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বিশ্বে তারও কোনো স্বীকৃতি নেই। অসহযোগ আন্দোলনের কারণে পাকিস্তান ও ইয়াহিয়া সামরিক জান্তার অবস্থাও সংকটাপন্ন। যেকোনো মুহূর্তে আসতে পারে মারণ আঘাত।চমকপ্রদ সত্য হচ্ছে, বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভাষণ লিখিত ছিল না। আমার সৌভাগ্য হয়েছিল বক্তৃতামঞ্চের খুব কাছাকাছি বঙ্গবন্ধুকে বক্তৃতা দিতে দেখার। না, তাঁর সামনে মাইক্রোফোন ও লাখ লাখ মানুষ ছাড়া আর কিছু ছিল না। কিন্তু কী নির্ভুল, নিঃশঙ্ক উচ্চারণ। সাধারণ মানুষের মুখের ভাষা বেরোচ্ছে তাঁর মুখ দিয়ে। আমরা জেনেছি, ৬ মার্চ রাতে তিনি সমমনা রাজনৈতিক নেতাদের কথা শুনেছেন, ছাত্রনেতাদের বক্তব্য জেনেছেন, অর্থাৎ সব জেনে ও শুনে তিনি নিজের মতো করে বক্তৃতাটি তৈরি করেছেন। শুধু পরিস্থিতি বিবেচনা করে বলা যায়, ৭ মার্চ ১৯৭১ বাংলাদেশের বাঙালির জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের তারিখ।পরে জানা গেছে, বঙ্গবন্ধু যদি সরাসরি স্বাধীনতা ঘোষণা করতেন, তাহলে ওই রেসকোর্সে হাজার হাজার মানুষের লাশ পড়ত, পঙ্গু হতো লাখ লাখ মানুষ। গেটিসবার্গে লিংকন ও রেসকোর্সে বঙ্গবন্ধুর ভাষণের চরিত্রগত মিল-অমিল হচ্ছে বাঁচা না-বাঁচার প্রশ্নটি। লিংকন বক্তৃতা করেছেন আমেরিকার গৃহযুদ্ধের পটভূমিতে; বঙ্গবন্ধু করেছেন স্বাধীনতা লাভের অঙ্গীকারে।লিংকনের বক্তৃতার একটা লিখিত রূপ ছিল। ইউএস ডিপার্টমেন্ট অব ইন্টেরিয়র থেকে প্রকাশিত বিবরণমালায় লিংকনের বক্তৃতা সম্পর্কে বলা হয়েছে, সাধারণভাবে একটি বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত আছে, গেটিসবার্গ যাওয়ার পথে লিংকন বক্তৃতাটি খামের পেছনে লিখে নিয়েছিলেন। কিন্তু আসলে লিংকন এই বক্তৃতাটি তৈরির পেছনে যথেষ্ট সময় দিয়েছিলেন। তিনি ওয়াশিংটনে বসেই বক্তৃতাটির একটি খসড়া তৈরি করেছিলেন। পরে ডেভিড উইলের বাড়িতে বসে সেটি তিনি সংশোধন ও সম্পাদনা করেন।ইতিহাস নিশ্চিতভাবেই একদিন প্রমাণ করবে, পৃথিবীর দুই প্রান্তের দুই নেতা মানুষের মুক্তির জন্য জীবনপণ করে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। তাঁরা মানুষের ভালোবাসা পেয়েছিলেন, কিন্তু কিছু ষড়যন্ত্রী তাঁদের স্বাভাবিক মৃত্যুর স্বাদ নিতে দেয়নি। আততায়ীর গুলিতে নিহত হন লিংকন; আততায়ীর গুলি মৃত্যুর মুখে ঠেলে দেয় বঙ্গবন্ধুকে—দুই মেয়ে বাদে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে।