গেম খেলে ইংরেজি ও ব্রেইল শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে গেম খেলেন অনেকে। কেউ কেউ নেহায়েত সময়ই কাটান। তবে এখন আর শুধু খেলার জন্য খেলা নয়, খেলার ছলেই শেখা যাবে ইংরেজি। আর এ শেখার ধরনটা হবে পরিচিত।শেখানোর পদ্ধতিতে থাকবে বাংলা সংস্কৃতির প্রভাব। একইভাবে দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়াশোনার পদ্ধতিতেও আসছে পরিবর্তন। এত দিন যেখানে ইংরেজি মাধ্যমে এসব পড়াশোনা চলত, এখন সেখানে সব নির্দেশনা দেওয়া হবে বাংলায়। এই কাজের জন্য দুটি প্রকল্প নিয়ে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সঙ্গে রয়েছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং ইয়াং পাওয়ার ফর সোশ্যাল অ্যাকশন (ইপসা)। প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে এইউডব্লিউ প্রাঙ্গনে।কাজের মেয়াদ ১০ সপ্তাহ। ২২ জুন থেকে শুরু হয়েছে। শেষ হবে আগস্টে। এর মূল উদ্যোক্তা কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের রোবোটিক ইনস্টিটিউটের গবেষণা দল টেকব্রিজওয়ার্ল্ড। এ দলের মূল লক্ষ্য উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যেকার প্রযুক্তিগত বৈষম্য (ডিজিটাল ডিভাইড) দূর করা। টেকব্রিজওয়ার্ল্ডের নির্দেশনায় গবেষণা করছেন আই-স্টেপের (ইনভেটিভ স্টুডেন্ট টেকনোলজি এক্সপেরিয়েন্স) শিক্ষানবিশেরা।আই-স্টেপ প্রথম কাজ শুরু করে ২০০৯ সালে তানজানিয়ায়। এটি তাদের দ্বিতীয় উদ্যোগ। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের শিক্ষানবিশ দলে রয়েছেন আয়েশা সিদ্দিক, অ্যান্থনি ভেলাজকিউস, জেন হরউয়িজ, ব্রায়ান ম্যানালাসটাস ও জনাথন মুলার। আয়েশা সিদ্দিক ভারতীয় বংশোদ্ভূত, বাকিরা মার্কিন নাগরিক। তাঁদের দলনেতা জেন হরউয়িজ। আর জনাথন মুলার যুক্তরাষ্ট্রের পিটসবার্গ থেকে পুরো প্রকল্পের সমন্বয় করছেন। প্রকল্পের সঙ্গে জড়িত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের (এইউডব্লিউ) ১০ জন শিক্ষানবিশ হলেন বিনি কে বাবু, ফারিয়া কবির, লুৎফুন নাহার, নিপা নন্দিতা, নুজহাত নাজমুল, সাদেকা তাসমিন, সেগুফতা তাজিন, শিভালক্ষ্মী অরুমুঘাম, সুমনা চৌধুরী ও জিসরাত হাসান। তাঁদের মধ্যে বিনি কে বাবু ও শিভালক্ষ্মী অরুমুঘাম ভারতীয়। বাকিরা বাংলাদেশি। দলনেতার দায়িত্ব পালন করছেন বিনি কে বাবু। মোবাইল গেমের মাধ্যমে ইংরেজি শেখা প্রসঙ্গে জেন হরউয়িজ বলেন, ‘আমরা মূলত এইউডব্লিউর শিক্ষার্থীদের ইংরেজি শেখার দক্ষতা বাড়ানোর জন্য একটি যন্ত্র বানাচ্ছি। এতে ক্লাসে পড়ানো হয় এমন কিছু বিষয়ের ওপর প্রশ্ন দেওয়া থাকবে। আর সেখান থেকেই শিক্ষার্থীরা খেলার ছলে প্রশ্নের উত্তর বেছে নিতে শিখবে।’ দৃষ্টিপ্রতিবন্ধীদের লেখাপড়ার বিশেষপদ্ধতি ব্রেইল লেখা ও শেখার যন্ত্র সম্পর্কে তিনি বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী এবং নিরক্ষরদের পড়াশোনার জন্য ইপসার একটি নিজস্ব কর্মসূচি চালু রয়েছে। এতে পাঠ্যবইয়ের সঙ্গে শ্রুতিপাঠের (অডিও রিডিং) সমন্বয় করে তাদের শেখানো হয়। কিন্তু এটি ইংরেজি মাধ্যমে। আমরা এর বাংলা সংস্করণের সফটওয়্যার তৈরি করছি, যাতে শিক্ষার্থীরা আরও সহজে সবকিছু আয়ত্ত করতে পারে। এ ছাড়া আমরা ইপসার সঙ্গে মিলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বৈদ্যুতিক ব্রেইল লেখা অনুশীলন যন্ত্র তৈরির কাজ করছি। এতে তারা বিভিন্ন পাঠ ও গেমের মাধ্যমে ব্রেইলে লেখার অনুশীলন করতে পারবে। তা ছাড়া বর্তমানে কম্পিউটারচালিত ব্রেইল যন্ত্রটিতেও আমরা পরিবর্তন আনছি। এর ইংরেজি নির্দেশনাকে বাংলায় রূপান্তর করা হচ্ছে।বিনি কে বাবু জানান, ‘আমরা এ প্রকল্পের প্রথম ধাপ পেরিয়েছি। ইতিমধ্যে আমরা এর উপকার পাবে এমন জনগোষ্ঠীর চাহিদাও বের করে ফেলেছি।’ কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানাতে গিয়ে এইউডব্লিউর শিক্ষার্থী সাদেকা তাসমিন বলেন, ‘পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিঃসন্দেহে আমাদের জানার জগৎ প্রসারিত হয়েছে। সামাজিক দায়িত্ব সম্পর্কেও নতুন করে কিছু উপলব্ধি তৈরি হচ্ছে।’