
ব্যান্ডশিল্পী জন। ভালোবাসেন শীতকালে টুপি পরতে, খেলা দেখতে ও গেম খেলতে।
‘গোললললল’ বলে চিৎকার দিয়ে উঠলেন তিনি। বলটি ততক্ষণে তাঁর বিপক্ষ দল লিভারপুলের জালে ঢুকে গেছে। ২৫ জানুয়ারি ব্যান্ডশিল্পী জনের ধানমন্ডির বাসায় দেখা গেল এমন দৃশ্য।
খেলা দেখতে ও গেম খেলতে পছন্দ করেন জন। একটু সময় পেলেই রিমোট দুই হাতে চেপে গেম খেলায় ডুবে থাকেন তিনি। জন বলেন, ‘বেশির ভাগ সময় অনলাইনে ফুটবলের গেম খেলি। এখন আমার সঙ্গে অনলাইনে খেলছেন যুক্তরাজ্য থেকে এক বন্ধু।’
ফিফা-১৫, ডব্লিউ ডব্লিউ ২কে-১৫, দ্য লাস্ট অব আস ও ইনজাস্টিস জনের প্রিয় গেম। বাস্তবে বার্সেলোনা ও আর্জেন্টিনা ফুটবল দল পছন্দ এই সংগীতশিল্পীর।

সংগীতশিল্পী মানেই গিটারের হাতছানি তো থাকবেই। তাই সারাক্ষণ তাঁর সঙ্গী ইয়ামাহা অ্যাকুয়াস্টিক গিটারটি। বললেন, ‘চর্চা, কম্পোজিশনস, আড্ডা গান—সবকিছুর সঙ্গী এই গিটার। এ ছাড়া ফেন্ডার স্টার্ট, টেইলরও ব্যবহার করেন।
জনকে সবার থেকে আলাদা করে দিয়েছে ভিন্ন ধরনের টুপির ব্যবহার ও দুহাতে অাঁকা ট্যাটু। জন বলেন, ‘এই টুপিটির নাম বিনি টুপি। যুক্তরাজ্য থেকে দুটি টুপি এনেছিলাম। একটি হারিয়ে ফেলেছি। শীতের সময় এই টুপি সব সময় পরা হয়।’
প্রায় ছয় বছর আগে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড থেকে দুই হাতে ট্যাটুর নকশা করেছেন তিনি।
খাবারদাবারের বেলায় গ্রিল চিকেন ও গ্রিন সালাদ তাঁর পছন্দ। জন বলেন, ‘এর বাইরে শাকসবজি, মাছ ও লাল চালের ভাত খেতে পছন্দ করি।’

দেশীয় ব্র্যান্ডের পোশাক জনের পছন্দ। তাঁর কাছে খাটো প্যান্ট ও টি-শার্ট পরতে বেশি আরামদায়ক মনে হয়। তবে পরিস্থিতি বুঝে জিনস বা কর্ড কাপড়ের প্যান্টের সঙ্গে টি-শার্ট পরেন। ইয়েলো ও তানজিম ব্র্যান্ডের পোশাক বেশি পরা হয় তাঁর।
জন বলেন, ‘মঞ্চে গান গাওয়ার সময় কর্ড প্যান্টের সঙ্গে টি-শার্ট পরি।’ শীতকালে বাড়তি হিসেবে টি-শার্টের ওপর জ্যাকেট বা হুডি চাপিয়ে নেন তিনি।
সকাল সাড়ে ছয়টায় দিন শুরু হয় তাঁর। ঘুম থেকে উঠে নাশতা খেয়ে সোজা ব্যায়ামাগারে। ঘণ্টা দেড়েক শরীরচর্চা শেষে আবারও বাসায়। এরপর শুরু হয় তাঁর আসল কাজ। বেরিয়ে পড়েন স্টুডিওর পথে। গানের অনুশীলন, রেকর্ডিং অথবা কোথাও শো থাকলে অনুশীলন চলে দিনভর।

গানের শিল্পী জন, অন্যের গান না শুনলে কি হয়! তাই দেশ-বিদেশের বিভিন্ন ব্যান্ড বা একক শিল্পীর গান শোনেন তিনি।
তবে মাঝেমধ্যে নাটক, বিজ্ঞাপনেও ঢুঁ মারেন এই সংগীত তারকা। সেই সুবাদে ফরমাল পোশাকও পরতে হয়।
মন খারাপ থাকলে হাতে গিটার তুলে নেন তিনি। তখন গিটারে সুর তোলেন হার্ড রকের। তবে বেশি মন খাপার থাকলে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন জন। অবসর মানেই গেম খেলা ও সিনেমা দেখা।