গেমের জন্য লজিটেক কম্বো জি১০০
প্রযুক্তির কল্যাণে কম্পিউটারে ক্রিকেট, ফুটবল, দাবা থেকে শুরু করে ড্রাইভিং রেস কিংবা থ্রিলার গেম উপভোগের সুযোগ বেড়েছে। কিন্তু উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের সাধারণ কি-বোর্ড আর মাউস দিয়ে গেম খেলতে গিয়ে অল্প দিনেই কি-বোর্ডের ‘কি’ খুলে যাওয়াসহ নানা সমস্যায় পড়তে হয়। তা ছাড়া সাধারণ কি-বোর্ডগুলোতে প্রোগ্রাম চালানোর সুবিধা না থাকায় এগুলো দিয়ে গেম খেলার সময় নানা অসুবিধার সৃষ্টি হয়। একইভাবে মাউসের ডিপিআই ও প্রতিরোধ ক্ষমতা (রেজিস্ট্যান্স পাওয়ার) কম থাকায় বছরে কয়েকবার তা সংযোজন করতে হয়। দীর্ঘদিন ধরে চলে আসা এসব বিড়ম্বনা থেকে রেহাই দিতে সম্প্রতি কম্পিউটার সোর্স বাজারে এনেছে লজিটেক গেমিং কম্বো। লজিটেক গেমিং কম্বো জি১০০ মডেলের এই কি-বোর্ড ও মাউসটিতে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তিন হাজার ৫০০ টাকা মূল্যের এই কম্বোটি দিয়ে ঘরে-বাইরে কাজ করার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা। লজিটেকের এই ইউএসবি ও পিএস-২ পোর্ট-সমর্থিত কি-বোর্ডটির ‘গেমিং কি’গুলো ভিন্ন রঙের হওয়ায় এটা দেখতে সুন্দর এবং ব্যবহারেও স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্যবহারকারীরা। একই প্যাকেজের হালকা ওজনের মাউসটিতে রয়েছে দুই হাজার ৫০০ ডিপিআই অপটিক্যাল সেন্সর। নিজস্ব প্রতিবেদক