গেমের নাম খুশির মেনু
গেম যাঁরা খেলেন কিংবা খেলার মাধ্যমে যাঁরা কিছু শিখতে চান, তাঁদের জন্য বেশ কিছু গেমস রয়েছে। এ গেমসগুলো খেলে যেমন মজা পাওয়া যায়, তেমনি শেখাও যায় কম্পিউটারের অনেক কিছু। এ ধরনের জনপ্রিয় একটি গেমস হচ্ছে পাজল গেমস। ইন্টারনেট কিংবা নানা মাধ্যম থেকে অনেকেই এ গেমস খেলে থাকেন। শিক্ষামূলক উদ্দেশ্যে মাথায় রেখে এমনই এক পাজল গেমস তৈরি করেছেন গাইবান্ধার সাইদুর রহমান সাইদ। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার প্রকৌশলের ওপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা সাইদুর ভিজুয়াল বেসিক ৬.০ দিয়ে তৈরি করেছেন এ পাজল গেমস। নাম দিয়েছেন ‘খুশির মেনু’। গেমসটি তৈরি করা হয়েছে পাঁচটি ছবি দিয়ে, যার মধ্যে রয়েছে জাতীয় সংসদ, স্মৃতিসৌধ, শহীদ মিনার, ফুল, দোয়েল, বাঘ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আর বাংলাদেশের টাকা। গেমটি হচ্ছে, এখানে থাকা ছবিগুলো নানাভাবে পরিবর্তন করে একসঙ্গে মেলানো। ইনস্টল করেই শুরু করা যাবে খেলা। বাংলাদেশের এসব স্থাপত্য, ব্যক্তিত্ব ও প্রতীক দিয়ে তৈরি করা প্রতিটির সঙ্গেই রয়েছে বিশেষ শব্দের ব্যবস্থা, যাতে গেমস খেলার সময় নানা ধরনের শব্দ পাওয়া যায়। যেকোনো একটি ছবি নির্বাচন করে শুরু করতে হয় গেমসটি। তারপর ছবির ওপর ক্লিক করলেই ছবিটি কয়েক ভাগে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে-ছিটিয়ে যায়। পরবর্তী সময়ে মাউসের সাহায্যে ছবি মেলাতে হয়। টুকরো ছবি শুধু ওপরে, নিচে, বাঁয়ে বা ডানে স্থানান্তরিত হতে পারবে। এ ক্ষেত্রে ছবি কেমন ছিল, ভুলে গেলেও সমস্যা নেই। রয়েছে প্রিভিউর ব্যবস্থা, যার সাহায্যে মূল ছবিটি কেমন, তা সহজে দেখে নেওয়া যাবে। গেমসটির পেছনের অংশ সাজানোর জন্য রয়েছে পাঁচটি ভিন্ন রং। খেলার শুরুতে কোন রঙে দেখতে চান, তা নির্বাচন করে নিলেই হবে। রয়েছে সাহায্য মেনু, যেখান থেকে পাওয়া যাবে গেমসটি খেলার নির্দেশনা।পারিবারিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও পড়াশোনার পাশাপাশিসাইদুর রহমান প্রোগ্রামিং ভাষা সি, সি++, ভিজুয়াল বেসিক ৬.০, জাভা, এইচটিএমএল, এসকিউএল শিখেছেন। যার মধ্যে একটি ভাষা ব্যবহার করে তৈরি করেছেন এই পাজল গেম। কম্পিউটার বিজ্ঞানের ওপর উচ্চশিক্ষা অর্জনের প্রবল ইচ্ছা নিয়ে বর্তমানে পলাশবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউটে কাজ করছেন খণ্ডকালীন ইনস্ট্রাক্টর হিসেবে। এর আগে কাজ করেছেন গ্রাফিক্স ডিজাইনার, হার্ডঅয়্যার ট্রাবলশুটার, কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্ক প্রকৌশলী হিসেবে। স্বপ্ন দেখেন, কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে ভালো কিছু করবেন। সে স্বপ্ন আত্মবিশ্বাসে বদলাবে—এটাই এখন প্রত্যাশা। যোগাযোগ: [email protected]।