
জোয়ারের পানির ধাক্কায় কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতের ঝাউগাছের গোড়া থেকে বালু সরে যাচ্ছে। ফলে মরে যাচ্ছে গাছগুলো। এই সুযোগে স্থানীয় কিছু লোক গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা যায়, জোয়ারের ধাক্কায় গোড়া থেকে বালু সরে ঝাউবাগানের গাছ উপড়ে পড়ছে। এখনি ব্যবস্থা নেওয়া না হলে জোয়ারে বালুর বাঁধ ভেঙে সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপকূলীয় বন বিভাগ সূত্র জানায়, পূর্ণিমার প্রবল জোয়ারের কারণে সরে যাচ্ছে গাছের গোড়ার বালু।
দুই-তিন বছর ধরে এই অবস্থা চলছে। গোড়া থেকে বালু সরে যাওয়ায় চলতি বছরে সৈকতের পাঁচ হাজারের বেশি গাছ কেটে ফেলতে হয়েছে। সাবরাং থেকে শামলাপুরের ৫৮ কিলোমিটার প্রায় ৫৫০ হেক্টর জায়গায় ১৯৯৩-৯৪ সালে এসব ঝাউগাছ লাগানো হয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সাবরাংয়ের খুরেরমুখ, কাটাবনিয়া, কচুবনিয়া, হাদুরছড়া, হারিয়াখালি, নয়াপাড়া, টেকনাফের কচুবনিয়া, হাজমপাড়া, মহেশখালিয়াপাড়া, লম্বরী, তুলাতলি, মিঠাপানিরছড়া, রাজারছড়া, হাবিরছড়া, বাহারছড়ার কচ্ছপিয়া, মাথাভাঙ্গা, শীলখালী, জাহাজপুরা, বড়ডেইল, মারিষবনিয়া ও শামলাপুরসহ হুমকির মুখে পড়েছে ঝাউগাছ। এসব স্থানে অনেক গাছের গোড়া থেকে দুই-তিন ফুট পর্যন্ত বালু সরে গিয়ে শিকড় বেরিয়ে পড়েছে। আশপাশে উপড়ে পড়ে আছে গাছের গোড়া।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম ও বাহারছড়া ইউপির চেয়ারম্যান হাবিব উল্লাহ জানান, ঝাউগাছ বিলীন হওয়ায় হুমকির মুখে রয়েছে আশপাশের এলাকা। এসব স্থানে জিও ব্যাগ দিয়ে বাঁধ না দিলে আগামী বর্ষায় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আজারুল হক বলেন, জোয়ারে ধাক্কায় পড়ে যাওয়া গাছগুলোর কিছু অংশ সংগ্রহ করে নিলামে বিক্রয় করা হয়েছে। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।