
ফুটবল নিয়ে সে কী উন্মাদনা! খেলা দেখার টিকিট নিয়ে কাড়াকাড়ি। দড়ি বেয়ে গ্যালারিতে ওঠা। এরপর গলা ফাটিয়ে ‘গোল গোল’ শোরগোল। এসব যেন বর্তমান প্রজন্মের কাছে স্বপ্ন। কেউ কেউ গালগপ্প বলে উড়িয়েও দিতে চান। তবে ফুটবলের সোনালি সেই অতীতের কথা উঠলেই এখনো চোখ ঝলমল করে ওঠে দুই দশক কিংবা তারও আগের ফুটবলারদের।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন সেই সোনালি সময়ের তারকা ফুটবলার। তাঁদের সময়কার ফুটবল অতীতকে ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ এই ফুটবলার অনেক হাঁকডাক দিয়েছেন। ফুটবলকে জাগাতেই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঢাকার বাইরে নিয়ে আসা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ২৪ জুলাই উদ্বোধন হওয়া বিপিএলের এই কয় দিন কি ফুটবলকে জাগানোর ইঙ্গিত দিচ্ছে! আবার গোলের শোরগোলে মাতবে স্টেডিয়াম?
প্রতিদিন চার থেকে পাঁচ হাজার দর্শক বিশাল স্টেডিয়ামের কোণও ভরাতে পারছে না। গত সোমবার রাতে স্বাগতিক দল চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনীর ম্যাচকে ঘিরে কিছুটা প্রত্যাশা ছিল আয়োজকদের। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সোমবার অনুষ্ঠিত সেই ম্যাচেও দর্শক আশানুরূপ হয়নি। ফলে হতাশা ভিড় করতেই পারে আয়োজকদের।
অথচ গত বছর অনুষ্ঠিত শেখ কামাল কাপ ফুটবলে এই দুই দলের ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল আশানুরূপ। মূলত সেই চিন্তা থেকেই বিপিএলকে চট্টগ্রাম থেকে শুরু করার সাহস দেখিয়েছেন আয়োজকেরা। তবে তাঁরা এই হতাশাকে লুকিয়েই এখনো আশাবাদী।
জানতে চাইলে বিপিএল আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি ফুটবলে দর্শক টানতে। এখনো কয়েক দিন বাকি রয়েছে চট্টগ্রাম পর্বের। আস্তে আস্তে দর্শক হবে বলে আশা করছি। ৩ আগস্ট চট্টগ্রাম পর্ব শেষ হবে।’
অথচ বিপিএল চট্টগ্রাম পর্বকে আকর্ষণীয় ও দর্শকবহুল করতে উদ্বোধনের আগে জমকালো কনসার্টও করা হয়। কিন্তু শিল্পী মমতাজ ও এলআরবির গান শুনতেও সেদিন স্টেডিয়ামে বেশি মানুষের পা পড়েনি। অনেকে এ জন্য দুষছেন প্রচারণাকে। ফুটবল না দেখুক কিন্তু ১০০ টাকার বিনিময়ে মমতাজের গান শুনতে মানুষের এত অনীহা কেন হবে?
ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গত বছরের শেখ কামাল কাপ ফুটবলের মতো দর্শকও বিপিএল এখনো পায়নি। সেবার যেভাবে প্রচারণা চালানো হয়েছিল এবার তার ছিটেফোঁটাও ছিল না। দর্শক না হওয়ার অনেকগ কারণের মধ্যে এটাও একটি।
এ ছাড়া তৃণমূলে জনপ্রিয়তা হারানো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলের অভাব, ক্রিকেটের ক্রেজ, জাতীয় ফুটবলে অপ্রাপ্তি ইত্যাদি নানামুখী কারণও ফুটবলে দর্শক না হওয়ার বড় কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসবের পাশাপাশি গুণীর কদর না করা ফুটবলের জন্য আরেকটি বড় সমস্যা বলে মনে করেন সাবেক ফুটবলাররা।
সম্প্রতি ফেসবুকে চট্টগ্রাম আবাহনীর সাবেক অধিনায়ক দেবাশীষ বড়ুয়া একটি ছবি সংযুক্ত করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্রের সঙ্গে। বর্তমানে ক্রীড়া সাংবাদিক দেবাশীষের গেটপাস ছিল। কিন্তু আশীষ ভদ্র টিকিট কেটে দুই আবাহনীর খেলা দেখেছেন। ওই ছবির নিচে দেবাশীষ বড়ুয়া লিখেছেন, ‘আশীষ ভদ্রের মতো মানুষকে যদি টিকিট কেটে ঘরোয়া ফুটবল দেখতে হয়, তাহলে ফুটবলের উন্নতি কীভাবে সম্ভব!’
বিপিএল আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের কণ্ঠেও আক্ষেপ। তিনি বলেন, ‘আগে যে রকম জনপ্রিয় খেলোয়াড় ছিল, এখন তেমন কেউ নেই। তরুণেরা কাদের দেখে মাঠে আসবে?’
অথচ একসময় আশীষ ভদ্র, শেখ আসলাম, এফ আই কামাল, পান্না, সত্যজিৎ দাস রুপুদের খেলা দেখার জন্য এম এ আজিজ স্টেডিয়ামে দর্শক কানায় কানায় ভরে উঠত। তেমন দিন কি আবার আসবে?