
সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে দেড় বছর আগে সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেতুটি। এরপর এলাকাবাসীর উদ্যোগে পাকা সেতুর সঙ্গে জুড়ে দেওয়া হয় বাঁশের সাঁকো। এভাবেই কোনো রকমে যোগাযোগব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। কিন্তু সামনের বর্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। কারণ, তখন পানি বেড়ে নড়বড়ে বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। এই হাল কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজুখালের বড়ুয়াপাড়া অংশে সেতুটির। এটি আট গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম।
সরেজমিনে দেখা গেছে, সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন থাকায় সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ। হেঁটে সেতু পার হচ্ছে স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, সেতুটি সড়ক থেকে বিচ্ছিন্ন থাকায় পিনজিরকূল, ঘোনারপাড়া, উত্তরকূল, পূর্ব পাইন্যাশিয়া, বড়ুয়াপাড়া, পশ্চিম পাইন্যাশিয়া, দক্ষিণ পাইন্যাশিয়া ও তুতুরবিল গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের চরম দুর্ভোগ যাচ্ছে। বর্ষায় বাঁশের সাঁকো ভেঙে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের স্থানীয় নেতা উদয় বড়ুয়া জানান, দেড় বছর আগে স্থানীয় লোকজন বাঁশ ও কাঠ দিয়ে সাঁকোটি তৈরি করে সেতুর সঙ্গে সংযোগ স্থাপন করেন।
সেতু নির্মাণের ঠিকাদার মিলন বড়ুয়া জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে ৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি তৈরি করা হয়। এটির নির্মাণকাজ শেষ হয় ২০০৪ সালের জুন মাসে। একই সময় সেতুর দুই পাশে তৈরি করা হয় সংযোগ সড়ক। কিন্তু সংযোগ সড়ক ধরে রাখার গাইড ওয়াল তৈরির বরাদ্দ ছিল না। ফলে বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সংযোগ সড়কের প্রায় ২০ মিটার বিলীন হয়ে যায়। এ প্রসঙ্গে এলজিইডির উপসহকারী প্রকৌশলী সোহরাব হোসেন জানান, সংযোগ সড়কটি মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বর্ষার আগে সেতুর সমস্যা দূর করা হবে।