আজ দুপুরের দিকে দানবীয় আকারের এক গরু আমাদের গলিতে এসে আচমকা ঢুকেছে। গরুর গলায় একটা সরু দড়ি। ঢুকেই সে এক বাড়ির সদর দরজায় গুঁতো দিয়েছে। এই বাড়িতে এক বৃদ্ধা থাকেন। তিনি চিৎকার দিয়েছেন, ‘বাড়িতে ডাকাইত ঢুকছে, গেট ভাইঙ্গা থরে থরে সোনাদানা নিয়া যাইতাছে।’
তাঁর চিৎকারে এলাকাবাসী ছুটে এসেছে। বিস্ময়করভাবে এদের অধিকাংশের হাতে ক্যামেরা। গরুটা কার কেউ জানে না। ফলে, এখানে বিজ্ঞ মতামত দেওয়ার যথেষ্ট সুযোগ আছে। নানা রকম বিজ্ঞ মতামত আসতে লাগল।
গোঁফওয়ালা এক লোক বললেন, ‘গরুটারে কেউ পানি দেন। গরমে মাথা বিগড়ায়া আছে।’
পাটকাঠির মতো সরু এক তরুণ এগিয়ে এসে বললেন, ‘সবাই সরেন, আমি গরুটার ছবি তুইলা ফেসবুকে দিব। ছবি দেইখা যার গরু সে আইসা নিয়া যাবে।’
পাতা রঙের লুঙ্গি পরা এক লোক এসেছেন। তাঁকে ঘিরে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। তিনি দাবি করেছেন, এই গরু তাঁর। তিনি হাট থেকে বিয়াল্লিশ হাজার সাত শ টাকা দিয়ে গরুটা কিনেছেন।
কিছু লোক সেই লুঙ্গিওয়ালাকে মারধর করতে চাইছে। তাদের বক্তব্য হলো, ‘পাহাড়ের মতো গরু তুই বিয়াল্লিশ হাজারে কীভাবে কিনলি? গরুর পাড়া খাইছস জীবনে?’
সবাই মিলে গরুটাকে ঘিরে ভিড় জমিয়ে ফেলল। পরিবেশ মোটামুটি উৎসবমুখর। লোকজনের আচরণে গরুটাকে যথেষ্টই বিরক্ত মনে হলো। তার বাক্শক্তি থাকলে সে নির্ঘাত বলত, ‘তোরা মানুষ হ।’
বাগ্বিতণ্ডায় অতিবাহিত হলো প্রায় ত্রিশ মিনিট। ঘটনা মোটামুটি নাটকীয় মোড় নিয়েছে। এমন সময় গরুর আসল মালিক দৌড়াতে দৌড়াতে সেখানে এলেন। তাঁর সঙ্গে গরু বিক্রেতাও আছেন। তিনি হাসিলের কাগজ দেখালেন। গরুর দাম আশি হাজার টাকা। ভদ্রলোকের কাছে গরুটি হস্তান্তর করা হলো।
এত চমৎকার আয়োজন এভাবে শেষ হয়ে গেল দেখে এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা গেল। যিনি দাবি করেছিলেন এটি গরু নয় অন্য কিছু, তিনিও কিছুটা হতাশ হয়েছেন। একটু আগে যিনি দাবি করেছিলেন গরুটি তাঁর, সেই লোক আরও আগেই পালিয়েছেন।