গোছগাছ চারপাশ
সংবাদপত্র বা ম্যাগাজিন গুছিয়ে রাখতে ব্যবহার করতে পারেন ম্যাগাজিন হোল্ডার। নিছক বই রাখা তাকের মতো নয়, বরং কিছুটা আলাদা আকারের এই হোল্ডার দেখতেও নান্দনিক।ফ্যাশন হাউস যাত্রার ঢাকার গুলশান শাখার ম্যানেজার সুকান্ত দে বলেন, খাদি কাপড় আর বাকলসহ গাছের ডাল দিয়ে তৈরি ম্যাগাজিন কিংবা পত্রিকা রাখার হোল্ডার অনায়াসেই ব্যবহার করা যায়। দেশীয় আমেজটা যেন পাওয়া যায় এই ছোট আসবাবের মধ্যে। যেকোনো ঘরের একটা কোনা নির্বাচন করে সোফা এবং চাইলে বিছানার পাশেও রাখা যায় এই হোল্ডার। চাইলে মেঝেতে রাখা এই হোল্ডারের পাশে ল্যাম্পশেডও রাখতে পারেন। এতে ম্যাগাজিন ও পত্রিকা খুঁজে পেতে সুবিধা হয়। আর হোল্ডার পরিষ্কার রাখার উপায়ও বলে দিয়েছেন সুকান্ত দে। তিনি বলেন, কাপড়ের হোল্ডার মাঝেমধ্যে ব্রাশ দিয়ে হালকা করে ঘষে পরিষ্কার করা যেতে পারে। আর কাঠের হোল্ডার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। ফ্যাশন হাউস যাত্রা থেকে পত্রিকা আর ম্যাগাজিন রাখার বিভিন্ন আকারের হোল্ডার কিনতে পারবেন ৪৮৫ থেকে ৬৫৫ টাকার মধ্যে।এ ছাড়া পান্থপথের আসবাবের দোকান থেকে কাচ আর মেলামাইন বোর্ডের তৈরি পত্রিকা ও ম্যাগাজিন হোল্ডার কেনা যাবে। আসবাবের দোকান গৃহসজ্জার পরিচালক নূর মোহাম্মাদ বলেন, কাচের হোল্ডার গ্লাস পরিষ্কারক তরল দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। আর মেলামাইন বোর্ড নিয়মিত শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করা যায়। আর কিনতে পারবেন ১৫০-৪০০ টাকার মধ্যে।চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মাটির পণ্য বিক্রির দোকান থেকে মাটির ম্যাগাজিন হোল্ডার কিনতে পারবেন। কেনা যাবে ১০০-১৮০ টাকার মধ্যে।