গোধূলিবেলায় রিসাংয়ের পথে
যাব যাব করছি, কিন্তু বেরোতে পারছি না। লক্ষ্মীছাড়া বৃষ্টি আর মেঘ পিছু ছাড়ছে না। হাতে তেমন সময়ও নেই। কালই খাগড়াছড়ি ছাড়তে হবে। তাই আজ রিসাং না গেলে আর হয়তো দেখাই হবে না রিসাংকে। রিসাংকে না দেখে ফিরে যাওয়া মানে খাগড়াছড়ি ভ্রমণটাই অর্থহীন—এমন কথা শোনার পর আর পা গুটিয়ে বসে থাকা যায় না। কিন্তু যাব কী করে? খাগড়াছড়ি জেলার খাগড়াপুরে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিশ্রামাগার থেকে অবশেষে গা তুললাম। তখন বিকেল পাঁচটা পেরিয়ে গেছে। অভিজ্ঞজনদের কেউ কেউ বাদ সাধলেন। বললেন, এ সময় অত দূরে গিয়ে দিনের মধ্যে ফিরে আসা যাবে না। গিয়ে দেখে ফিরে আসতে দুই থেকে তিন ঘণ্টা তো লাগবেই। ঘড়ির দিকে তাকিয়ে হিসাব করে নিলাম, এক পলক রিসাংকে দেখে ফিরে আসতে আসতে বড়জোর রাত আটটা হবে। এ আর এমন কী? ঝটপট বেরিয়ে পড়লাম ওই অবেলায়, রিসাংয়ের পথে।খাগড়াছড়ি শহর মাড়িয়ে আলুটিলা পেরিয়ে গাড়ি আরও এগিয়ে চলল মাটিরাঙা উপজেলার দিকে। খানিকটা যেতেই একটা পথ বাঁ দিকে পাহাড় থেকে নিচে নেমে গেছে। ইট বাঁধানো সুন্দর রাস্তা। রাস্তার মুখেই নামফলক—রিসাং ঝরনা ওরফে তেরাং তৈ কালাই। সেই দিকনির্দেশ দেখেই গাড়ি নিয়ে দল-বলে নেমে পড়লাম রিসাংয়ের পথে। দিনের আলো তখনো একটু বাকি আছে। দ্রুত সেখানে গিয়ে রিসাংয়ের মায়াবী রূপটা দেখতে হবে। কিন্তু ওপথে তো দ্রুত যাওয়ার কোনো উপায় নেই। যেমন চড়াই-উতরাই তেমন আঁকাবাঁকা। সঙ্গে আসা খাগড়াছড়ির মারমা মেয়ে ডলিকে জিজ্ঞেস করলাম, রিসাং মানে কী? তিনি বললেন, মারমা ভাষায় রিসাং মানে পাহাড় থেকে পানি পড়া। কিন্তু তেরাং তৈ কালাই মানে তো বুঝলাম না। ডলি বললেন, ‘ওটা মারমা ভাষা না, তাই এর অর্থ আমি জানি না।’ অগত্যা ভরসা সঙ্গী সুপ্রিয় ত্রিপুরা। সে বলল, এর মানে উঁচু পাহাড় আর জল পড়া, এমন কিছু একটা হবে হয়তো। কথা বলতে বলতে মূল রাস্তা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতর চলে এসেছি। কিছু ঘরবাড়ি আর মানুষজন চোখে পড়েছিল। জানা গেল, ওখানে ওটা টিপরাপল্লি, টিপরা বা ত্রিপুরা আদিবাসীদের বাস। আমরা ওই পাড়ার শেষ বাড়িটার কাছে গিয়ে থামলাম। ওখান থেকে পথ এতটাই নিচু আর খাড়া যে ঝরনা অবধি গাড়ি নিয়ে নামার সাহস হলো না। সঙ্গী মিজান গাড়ি থেকে নেমেই হাঁক দিল, ‘রবীন্দ্র দাদা বাড়ি আছেন নাকি?’ ঝপাৎ করে ঘর থেকে যেন লাফিয়ে বেরিয়ে এলেন রবীন্দ্র দাদা। পুরো নাম রবীন্দ্র ত্রিপুরা। বললেন, ‘নির্ভয়ে ঘুরে-ফিরে দেখুন। ফিরে এসে বলবেন, কেমন লাগল।’রবীন্দ্র ত্রিপুরার বাড়ির পর আর কোনো বাড়ি নেই। এরপর শুরু পাহাড় আর জঙ্গল। চোখজুড়ানো সুন্দর। জুমের নবীন ফসলে মুড়ে আছে চারদিকের পাহাড়ের গা, পাহাড়চূড়ায় জুমঘর। গোধূলির আলোয় দূরের সেসব ছবি একটু অস্পষ্ট, ঝাপসা। কিন্তু তাতে রিসাং পথের সৌন্দর্যের কমতি হলো না। রিসাংয়ের টানে ঝরনার মতোই যেন আমরা ছয়জন নামতে শুরু করলাম। পাহাড় থেকে অবিরাম জল পতনের শব্দ কানে আসছে। তাই আর ক্লান্ত হওয়ার কোনো অবকাশ নেই। ক্লান্ত হওয়া মানেই রিসাংয়ের রুপালি ফিতেকে কালো অন্ধকারের বুকে হারিয়ে ফেলা। এত দূরে এসে রিসাংয়ের রূপ না দেখে ফিরে যাব তা তো হতে পারে না। কর্তৃপক্ষ ওর রূপ দেখার জন্য পথটা সিঁড়ি করে বাঁধিয়ে দিয়েছে। তাই খুব কাছে যেতে তেমন কষ্টই হলো না।সিঁড়ির ওপর থেকেই চোখে পড়ল কালচে সবুজ গাছগাছালির ফাঁক দিয়ে উঁচু পাহাড় থেকে নেমে আসছে রূপবতী রিসাং। আহ্ কী ঠান্ডা জল! ঝরনা থেকে নেমে আসা সে জলে পা ডুবিয়ে পাথরের ওপর পা রেখে রেখে পেরিয়ে গেলাম ছড়াটা। এরপর কাদামাটির পিছল পথ। বুনো ঝোপঝাড়ের ডালপালা ধরে খাড়া উঠে গেলাম ছড়া থেকে একেবারে ঝরনার পাথুরে চাতালে। প্রায় ৪৫ ডিগ্রি কোণ করে নেমে আসা কালো শ্লেটপাথরের মসৃণ চাতালের ওপর থেকে ঝরঝরিয়ে জল পড়ছে। কী অপূর্ব দৃশ্য! ভেজা চাতাল পিচ্ছিল। পা পিছলে গেলেই আলুর দম। গড়াতে গড়াতে ঝরনার জলের সঙ্গে ওই ছড়ায় গিয়ে পড়তে হবে। অবশ্য কেউ কেউ এভাবেই অ্যাডভেঞ্চার করেন। রোমাঞ্চকর সে অভিজ্ঞতা। সঙ্গী তারিক বললেন, ‘নামবেন নাকি দাদা?’ কিন্তু দিনের আলোর শেষ রশ্মিটুকু তখন পাহাড়ের চূড়ায় লুটিয়ে পড়েছে। অতএব আঁধার হওয়ার আগেই ফিরতে হবে। দ্রুত নেমে এলাম। আবার উঠতে শুরু করলাম উঁচুতে। উঠতে উঠতে চোখ যেন আরও এক মায়াবী দৃশ্যে ডুবে গেল। মেঘমাখা আকাশে বিদ্যুতের ঝলক, সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে কালো ছায়া পাহাড়ের পেছনে। সেটিকে পেছনে ফেলে ফিরে এলাম গাড়ির কাছে। রবীন্দ্র দাদাকে বিদায় জানিয়ে গাড়ি স্টার্ট নিল। কিন্তু খাড়াপথে উঠতেই বিপত্তি। উঁচু ঢালটার মাঝামাঝি এসে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। শুধু বন্ধই হলো না, গাড়ি নিচের দিকে গড়াতে শুরু করল। অজানা বিপদে সবাই চুপ হয়ে গেলাম। এখান থেকে গাড়ি পেছনে নামা মানেই নির্ঘাত পাহাড়ি খাদে পড়ার দুর্ঘটনা। বুকটা কেঁপে উঠল। কিন্তু দেখলাম ড্রাইভার খুব সাহসী আর পাকা। সাহস দিলেন আর কষে ব্রেক চেপে গাড়িটা খাড়া ঢালে জমিয়ে ফেললেন। আবার স্টার্ট দিয়ে ওঠার চেষ্টা করতেই আমরা তাঁকে থামিয়ে নেমে পড়লাম। এরপর খালি গাড়ি স্টার্ট দিয়ে অনায়াসেই তিনি ওপরে উঠে পড়লেন। গাড়ির হেডলাইট জ্বেলে মেইন রোডে এসে সবার মুখে কথা ফুটল। সত্যিই এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেছি। কেউ বলল, মনে থাকলে জীবনেও আর সন্ধ্যাবেলা এখানে এভাবে আসব না। ডলি বললেন, ‘আমি খাগড়াছড়ির মেয়ে অথচ আমি কখনো তো এ নামের ঝরনার কথা শুনিনি।’ হায়! বলে কী মেয়ে! এ আমরা কাকে রিসাং দেখার গাইড মেনেছিলাম?রিসাংয়ে যাতায়াত ও থাকারিসাং যেতে হলে ঢাকা থেকে প্রথমে যেতে হবে খাগড়াছড়ি। যাওয়ার জন্য আছে এসি বাস স্টারলাইন, ভাড়া ৪০০ টাকা। নন-এসি চেয়ার কোচ আছে এস আলম ও শ্যামলী, ভাড়া ৩০০ টাকা। থাকার জন্য রিসাংয়ের কাছাকাছি সবচেয়ে ভালো জায়গা হলো পর্যটন মোটেল, শহরে আছে হোটেল শৈল সুবর্ণা। মোটেল বা হোটেল থেকে অটোরিকশায় করে রিসাং মোড় পর্যন্ত গিয়ে প্রায় আড়াই কিলোমিটার চড়াই-উতরাই হেঁটে রিসাং যাওয়া যায়। তবে ভালো হয় জিপ বা চান্দের গাড়ি রিজার্ভ করে গেলে। তাহলে সরাসরি রিসাং পর্যন্ত যাওয়া যায়।