গোধূলির আলোয় নিঃসঙ্গ দুজন
মুক্তিযুদ্ধে সন্তান হারানোর বেদনা ও সমাজের নানা অসঙ্গতিতে মধ্যবয়সী রোকেয়া মানসিকভাবে বিপর্যস্ত। সমুদ্রতীরবর্তী এক পুরোনো শহরের মানসিক হাসপাতালে ডাক্তার হাসানের তত্ত্বাবধানে তিনি ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। সময় বয়ে যায়। রোকেয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। আর এই ফাঁকে দুইজন মধ্যবয়সী মানুষ নিজেদের ভালো লাগার ভাব বিনিময় করেন। একসময় তাঁরা পরস্পর নির্ভরশীল হয়ে ওঠেন। কিন্তু তাঁদের একাকীত্ব ও নিঃসঙ্গতা ঘোচে না। সমাজের বাস্তবতায় এ নির্ভরতা পরিপূর্ণতা পায় না।রুশ নাট্যকার আলেক্সেই আর্বুঝভের নাটক স্তারোমোদোনাইয়া কোমোদীয়া-এর ইংরেজি ভাষান্তর অ্যান ওল্ড ওয়ার্ল্ড কমেডি থেকে ড. আনিসুজ্জামান বাংলা রূপান্তর করেন এবং নাম দেনপুরোনো পালা। এ নাটক অবলম্বনে মুনির হেলাল নির্মাণ করেনগোধূলির আলো। একাডেমি অব পারফর্মিং আর্টস প্রযোজিত এ নাটক ২৬ জুলাই জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হয়। নির্দেশক মুনির হেলাল বলেন, ‘নাটকটি মঞ্চস্থ করার ইচ্ছে ছিল অনেকদিন থেকে। কিন্তু নানা কারণে হয়ে উঠেনি। মানুষে মানুষে অন্তর্মিল, জীবনের সংকট, আনন্দ-বেদনা এ নাটকে খুব ভালোভাবে আছে—যেখানে দর্শক নিজেকে মেলাতে পারেন।’ নাটকের পাত্র-পাত্রী দুইজন। ৪৫ বছর বয়সী রোগীর চরিত্রে সাবিরা সুলতানা এবং ৫০ বছর বয়সী ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন সনজীব বড়ুয়া। দুজন দুটি দলের নাট্যকর্মী হয়েও একই নাটকে কাজ করার পেছনে রহস্য কী? —এমন প্রশ্নের জবাবে সনজীব বড়ুয়া বলেন, ‘সম্মিলিতভাবে কিছু ভালো কাজ করাটাকে আমি অনেক বড় বলে মনে করি। দলের মধ্যে সীমাবদ্ধ না থেকে এ ধরনের ইতিবাচক মিলনের প্রয়োজন আছে। এতে ভালো কাজ হয়।’সাবিরা সুলতানা মঞ্চে দারুণ অভিনয় করেছেন। নাটক শেষ হলেও সেই আমেজে তিনি তখনও আবিষ্ট ছিলেন। বললেন, ‘দুজন মানুষের পথ চলতে চলতে কোথাও মিলে যাওয়া, অথচ সামাজিক পিছুটান—মানুষের এ রকম কিছু অনুভূতি আছে, যেটা চিরকাল একই রকম থেকে যায়। মানুষকে ধাবিত করে তার অন্তর্গত ইচ্ছার দিকে।’ নাটক দেখে উচ্ছ্বসিত প্রবীণ নাট্যজন মশিউর রহমান। তিনি বলেন, ‘দুজন নিঃসঙ্গ মানুষের হাহাকার এ নাটকের মূল বিষয়। জীবনের মধ্য বয়সে এসে নাটক দেখে মনে হয়েছে, এ যেন আমাদের উপলব্ধি থেকে লেখা।’প্রবীণ নাট্যজন প্রদীপ দেওয়ানজি বলেন, ‘নাটকের সব জায়গাতেই পরিমিতিবোধ ছিল। দুজনই অনেক পুরোনো অভিনেতা বলে তা সম্ভব হয়েছে। তবে শিল্পকলা একাডেমীর মিলনায়তন কক্ষ এবং জেনারেটরের ব্যবস্থা উপযুক্ত নয়। দ্বিতীয় সারিতে বসেও আমি সংলাপ ঠিকমতো শুনতে পাইনি।’ এ অভিযোগ আরও অনেক দর্শকের। নাটকের শিল্প নির্দেশনায় পিযুষ দস্তিদার, আবহ পরিবেশনায় দেবাশীষ রায় এবং আলোক পরিকল্পনায় ছিলেন মুনির হেলাল।