গোপন আস্তানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি। মা অনেক বাজার নিয়ে বাড়িতে ফিরেছেন। বাবা তখন ব্যবসার কাজে বাইরে। বড় বোন টেলিভিশন দেখছিল। মা দরজায় টোকা দিতেই আমি মায়ের সঙ্গে লুকোচুরি খেলার জন্য আমাদের বাড়ির বড় টিনের বাক্সের ভেতর ঢুকে পড়ি। মা বাসায় ঢুকেই আমাকে খুঁজতে থাকেন। আমি চুপ করে বাক্সের ভেতর রাখা লেপ-কাঁথার ওপর শুয়ে পড়ি। মা আমার লুকোচুরি খেলা বুঝতে পেরে আপুকে নিয়ে সারা বাড়ি খুঁজতে থাকেন। কিন্তু আমাকে পাওয়া অত সহজ ছিল না। কারণ, ওটা ছিল আমার নতুন লুকানোর জায়গা, যা তাদের অজানা ছিল। এভাবে একসময় গরমে আমি ঘেমে একাকার হয়ে যাই। বের হওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না! মা আমার লুকিয়ে থাকার ঘরে ঢুকেই খুটখাট শব্দ শুনে ঢাকনা খুলে ধরেন। দেখেন, আমি সেখানে লুকিয়ে আছি। সেখান থেকে আমি বের হতেই তাদের সে কী রাগ! এর ভেতর কেন ঢুকেছি, জানতে চান তারা। আমি হাসিমুখে জানাই, এটা আমার নতুন লুকানোর জায়গা। তাঁরা তো শুনে অবাক। বলে, বাক্সের ঢাকনার ছিটকিনি নাকি লেগে গিয়েছিল! মজার ব্যাপার হলো, আমি তখন মনে করেছিলাম, ছিটকিনি লাগলেই বা কী? মা-বোনেরা তো তা সহজেই খুলতে পারত। কিন্তু তখন তো আর বুঝিনি, তাঁরা ভয় পেয়েছিলেন, বাক্সের ভেতর অক্সিজেন চলাচলের ব্যবস্থা না থাকায়। এরপর থেকে মা লুকোচুরি খেলার ভয়ে সব জায়গায় তালা মেরে রাখেন। ঠিক সময় তাঁরা না বুঝলে নাকি অনেক বড় বিপদ হতে পারত।কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম, লুকোচুরি আমি সুযোগ পেলেই খেলব। সেটা যে জায়গায়ই হোক না কেন—আলমারি, বাক্স, ছোটঘর, আলনা, শোকেস...।হাসান আল বান্না, খুলনা।